আত্মীয়-বন্ধুদের সঙ্গে মেতে উঠুন রং-এর খেলায় আর জমিয়ে পান করুন দই-বাদামের শরবত এবং স্টবেরি স্মুদি। রইল রেসিপিজ।
শুধু রং খেললেই তো আর রং-এর উৎসব সম্পূর্ণ হয় না, সঙ্গে চাই ভালো পানীয়। রং-এর উৎসব উপলক্ষ্যে রইল তেমনই কিছু রেসিপি।
দই-বাদামের শরবত
উপকরণ: ১ বড়ো চামচ ঘি, ১ কাপ দই, ২ চামচ মিল্ক পাউডার, ২ চামচ বাদাম পাউডার, বড়ো এলাচের দানা, পেস্তার টুকরো ২ চামচ, ১ চামচ গুড়, দেড় কাপ জল এবং এক চিমটে নুন।
পদ্ধতি: একটা গভীর তলযুক্ত পাত্রে ঘি গরম করুন। ঘি গরম হলে ওর মধ্যে দই দিয়ে হালকা আঁচে ১ মিনিট ফোটান। এরপর বাদাম পাউডারের গুঁড়ো মিশিয়ে জল ঢালুন। জল ঢালা হয়ে গেলে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে সামান্য সময় ফোটাতে থাকুন। এরপর মিল্ক পাউডার মিশিয়ে নিন এবং বড়ো এলাচের দানা নিন। এবার এক চিমটে নুন এবং গুড় মিশিয়ে নামিয়ে রাখুন আঁচ থেকে। ঠান্ডা হলে মিক্সিতে ফেটিয়ে নিন এবং সুন্দর কাচের গেলাসে ঢেলে, উপরে পেস্তা বাদামের টুকরো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি স্মুদি
মূল উপকরণ: এক কাপ স্ট্রবেরির টুকরো, ২ কাপ ফেটানো দই, ১ কাপ দুধ, ৬-৭টি পেস্তার টুকরো এবং ২ চামচ মধু। লেয়ারিং-এর উপকরণ: আধা কাপ খোসা ছাড়ানো তিল ভিজিয়ে রাখুন এবং ভাজা ভুট্টার গুঁড়ো।
গার্নিশিং-এর উপকরণ: ২ চামচ পেস্তা বাদামের টুকরো এবং সামান্য পুদিনাপাতা৷
স্মুদি তৈরির পদ্ধতি: স্ট্রবেরি, দুধ এবং দই ভালো ভাবে ফেটিয়ে নিন মিক্সারে। এরপর দুটো কাচের গেলাস নিন। লেয়ারিং-এর পদ্ধতি: প্রথমে ভাজা ভুট্টার গুঁড়ো ঢালুন গেলাসে। এরপর স্ট্রবেরি, দুধ, দইয়ের মিক্সচার ঢালুন সামান্য পরিমাণে। এবার দিন ভেজানো তিল। এর উপর আবার ঢালুন দুধ, দই এবং স্ট্রবেরির মিশ্রণ। এবার উপরে ছড়িয়ে দিন পেস্তা বাদামের টুকরো এবং পুদিনাপাতা। ব্যস স্মুদি তৈরি, এবার ট্রে-তে সাজিয়ে পরিবেশন করুন।





