ছুটির দিনের আড্ডায় মেতে উঠুন আত্মীয়-বন্ধুদের সঙ্গে আর ভাত কিংবা রুটির সঙ্গে খান সুস্বাদু ছোলার ডাল-কড়ি এবং ডাল-পনির। রইল রেসিপিজ।

ছোলার ডাল-কড়ি

উপকরণ: ১ কাপ ছোলার ডাল, ১ কাপ টক দই, আধা কাপ বেসন, ১ চামচ আদার টুকরো, ২ চামচ কাঁচালংকার টুকরো, ১ চামচ মেথিদানা, ধনেপাতাকুচি সামান্য পরিমাণে, এক চিমটে হিং, আধা চামচ হলুদগুঁড়ো, আধা চামচ জিরেগুঁড়ো, আধা চামচ লাল লংকার গুঁড়ো, ২ চামচ তেল এবং নুন স্বাদমতো।

পদ্ধতি: দই, বেসন, হলুদ এবং নুন মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। উপযুক্ত পরিমাণ জল দিয়ে ঘোল মতো তৈরি করুন। প্রেশারকুকার আঁচে বসিয়ে তেল ঢালুন। তেল গরম হলে তার মধ্যে মেথিদানা, হিং এবং আদার টুকরো দিয়ে ভাজুন। লাল লাল ভাজা হয়ে গেলে দই-বেসনের ঘোল মেশান এবং ওর মধ্যে ভেজানো ছোলার ডাল আর কাঁচালংকার টুকরো মিশিয়ে হালকা আঁচে ফোটাতে থাকুন। ছোলার ডাল গলে ভালোমতো গাঢ় হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন। এর উপর যে-কোনও বড়ি ভেজে মিশিয়ে দিন। এবার আলাদা একটা পাত্রে সামান্য তেল গরম করে, ওর মধ্যে জিরেগুঁড়ো আর সামান্য লাল লংকার গুঁড়ো গরম করে তৈরি হওয়া ছোলার ডাল-কড়িতে ঢেলে দিন। সবশেষে ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে গরমগরম পরিবেশন করুন।

ডাল-পনির

উপকরণ: ১ কাপ ছোলার ডাল, ১০০ গ্রাম পনির, ১ চামচ আদাকুচি, ১ চামচ কাঁচালংকার কুচি, ২ চামচ টম্যাটো পেস্ট, ২ চামচ পেঁয়াজবাটা, ১ চামচ লেবুর রস, ১ চামচ গোটা জিরে, ১ চামচ ধনেগুঁড়ো, সামান্য কালোজিরে, ৩-৪টি লবঙ্গ, আধা চামচ হলুদগুঁড়ো, আধা চামচ লাল লংকার গুঁড়ো, আধা চামচ পাঁচফোড়ন, আধা চামচ আমচুর, আধা চামচ গরমমশলা, ১ চামচ ঘি এবং নুন স্বাদমতো।

পদ্ধতি: প্রথমে ছোলার ডাল ভিজিয়ে রাখুন ৩-৪ ঘন্টা। পনির ছোটো ছোটো টুকরো করে কেটে এবং ভেজে রাখুন। ভেজানো ডাল প্রেসারকুকার-এ ভালো ভাবে সেদ্ধ করে নিন নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে। এরপর কড়াইতে তেল গরম করে, ওর মধ্যে জিরে, কালোজিরে, পাঁচফোড়ন এবং কাঁচা লংকার কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। ওর মধ্যে পেঁয়াজের পেস্ট মিশিয়ে ভাজুন। এরপর ধনেগুঁড়ো, লাল লংকার গুঁড়ো, টম্যাটো এবং আমচুর মিশিয়ে ভাজতে থাকুন লাল না হওয়া পর্যন্ত। এবার সেদ্ধ করা ডাল ঢেলে হালকা আঁচে কিছুক্ষণ রাঁধুন। মাখোমাখো হয়ে এলে ভাজা পনিরের টুকরো মিশিয়ে নিন এবং সবশেষে লেবুর রস এবং গরমমশলা ছড়িয়ে পরিবেশন করুন রুটি কিংবা ভাতের সঙ্গে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...