প্রসঙ্গত অঞ্জলি জানিয়েছেন, ‘তথ্য অধিকার আন্দোলনের একটি প্রধান উদ্দেশ্য হল, তথ্য যেন মানুষের কাছে এমন একটি মাধ্যমে ও তাদের ভাষায় পৌঁছায়, যা তাদের নাগালের মধ্যে। আপনি যদি ইন্টারনেটে ইংরেজিতে প্রচুর তথ্য দেন, তাহলে যারা ইংরেজি বোঝেন না, ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তারা সেই তথ্য থেকে বঞ্চিত হবেন। আপনি যদি কোনও আদিবাসী সম্প্রদায়ের কাছে তথ্য দিতে যান, তাহলে আপনাকে হয়তো ঢোল বাজাতে হবে, লোক জড়ো করতে হবে এবং তাদের ভাষায় কথা বলতে হবে।’

লোকপাল আইন

অঞ্জলি জানিয়েছেন, “লোকপাল আইনটি খুবই ভালো। কিন্তু সরকার তাদের দুর্নীতি দমন করতে চায় না। এত দীর্ঘ ও ব্যাপক সংগ্রামের পর ২০১৪ সালে আইনটি কার্যকর হয়, অথচ ২০১৯ সাল পর্যন্ত একজনও লোকপাল নিযুক্ত হননি। লোকপালের পদটি পাঁচ বছর খালি রাখা হয়েছিল এবং অবশেষে যখন লোকপাল নিযুক্ত হলেন, তখন তা এমন ভাবে করা হয়েছিল যে, বেশিরভাগ নিয়োগ সরকার নিজেই করেছে। এতে মানুষের মধ্যে এই ভয় তৈরি হয় যে, তারা হয়তো সরকারের চাপে কাজ করতে বাধ্য হবেন। ফলে, এই আইনটির বাস্তবায়ন সঠিক ভাবে হয়নি।”

আরটিআই এবং ক্ষমতায়ন

অঞ্জলির মতে, ‘আমাদের দেশে প্রশ্ন করা সহজ নয়, আর মহিলাদের জন্য তো এটা আরও কঠিন। কারণ, আপনি একজন মহিলা হয়ে জবাব চাইলে লোকে ধরে নেয়, এটা আপনার কাজ নয়। আমাদের সংগঠনে অনেক মহিলা যুক্ত আছেন। একটা উদাহরণ দিই। এখানে বেগমপুর বস্তিতে জল সরবরাহ ছিল না। এটা একটা বিরাট সমস্যা ছিল। রাত বারোটায় মাত্র এক ঘণ্টার জন্য জল আসত। মানুষ খুব দুর্দশাগ্রস্ত ছিল।

মহিলারা বারবার এমএলএ-র কাছে গিয়ে উপযুক্ত জল সরবরাহ ব্যবস্থা চালু করতে পাইপ বসানোর জন্য অনুরোধ করেন। এমএলএ জানিয়েছিলেন যে, তাঁর কাছে টাকা নেই। মহিলারা তাঁর কাছে কোনও তহবিল আছে কিনা তা জানতে চেয়ে একটি আরটিআই আবেদন করেন। তাঁরা জানতে পারেন যে, প্রত্যেক এমএলএ বছরে ৫ কোটি টাকা পান।’

‘এরপর একজন মহিলা একটি আরটিআই আবেদন দাখিল করে জানতে চান যে, বিধায়ক তাঁর স্থানীয় এলাকা উন্নয়ন তহবিলের টাকা (এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড) কীভাবে খরচ করেন। তাঁকে কোনও তথ্য দেওয়া হয়নি এবং বিভাগটি তাঁকে বিশেষ ভাবে একটি চিঠি দিয়ে জিজ্ঞাসা করে, ‘আপনি এই প্রশ্নগুলো কেন করছেন? আপনার কাজ হওয়া উচিত বাড়িতে থেকে পরিবারের সেবা করা।’

“আপনারা বিধায়ককে প্রশ্ন করছেন কেন? টাকা কীভাবে খরচ হচ্ছে তা জেনে আপনারা কী করবেন?” মহিলাটি উত্তর দেন, “এটা আমাদের টাকা। আপনারা যদি আমাদের তথ্য না দেন, তবে তা আমাদের কোনও কাজেই ব্যবহার করা হবে না।”

এরপর টাকাটার কী হয়েছে তা জানতে চেয়ে একটি আরটিআই আবেদন দাখিল করেন মহিলারা। তারা জানতে পারেন যে, টাকার ৭০ শতাংশ অন্য কাজে খরচ করা হয়েছে। দেখা যায় যে, ঠিকাদারদের সঙ্গে এমএলএ যোগসাজশে ছিল। তারা একই কাজ বারবার করে টাকা লুঠত। মহিলারা যখন এইসব জানতে পারেন, তখন তারা সমস্ত তথ্য বিধায়কের কাছে নিয়ে যান এবং বলেন যে, ‘আপনি আমাদের সত্যি কথা জানাননি। কিন্তু এখন আমাদের কাছে তথ্য আছে। আমরা আপনাকে ভোট দেব না।’

বিধায়ক সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি নারকেল ফাটালেন এবং সম্পূর্ণ পাইপলাইন বসানোর প্রতিশ্রুতি দিয়ে প্রকল্পটির উদবোধন করলেন। এখন গিয়ে দেখুন, বেগমপুরে পাইপ বসানো হয়েছে, মানুষের ঘরে ঘরে কল পৌঁছেছে এবং মহিলারাও তা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই আইনটি মহিলাদের ব্যাপক ভাবে ক্ষমতায়ন করেছে। তারা এখন আরটিআই আইনের সুবিধে নিয়ে সরকারের কাছে জবাব চাইতে পারেন।’

(ক্রমশ…)

আরো গল্প পড়তে ক্লিক করুন...