২০২৬-এর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার আগে ১ নভেম্বর ররিবার সন্ধ্যায় নন্দন টু প্রেক্ষাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লঞ্চ করা হল KIFF-এর নতুন লোগো। বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়-এর সুপুত্র এবং চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায় সৃষ্টি করেছেন নতুন এই লোগোটি। আর ৩২তম KIFF-এর নতুন এই লোগোটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরামর্শদাতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী।

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি ড. সৌমিত্র মোহন, অভিনেতা এবং KIFF-এর চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা জিৎ, হিরণ, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী প্রমুখ।
লোগো প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়েছে, ৩২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৬ ডিসেম্বর এবং শেষ হবে ২৩ ডিসেম্বর। উদবোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে কলকাতা-র ভিক্টোরিয়া মেমোরিয়াল-এ। উদবোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং প্রভাস। থাকবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু প্রমুখ। বিদেশী চলচ্চিত্র ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

২০২৬-এর KIFF-এর ফোকাস কান্ট্রি হবে আয়ারল্যান্ড। আগামী ৫ নভেম্বর থেকে KIFF-এর অনলাইন সাইট-এ ডেলিগেট এবং অন্যান্য কার্ডের জন্য আবেদন করা যাবে। KIFF-এর এই অনলাইন সাইট-এ পাওয়া যাবে আবেদনের নিয়ম-নীতি এবং অন্যান্য তথ্য।
৩২তম KIFF-এর থিম সং-ও বদলে যাবে বলে জানানো হয়েছে লোগো লঞ্চ অনুষ্ঠানে। এবারের থিম সং-টি তৈরি করছেন রাতুল শংকর। প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়বে ফিলম বাজার। উৎসব সামলাবেন রুদ্রনীল ঘোষ, জিৎ, হিরণ চট্টোপাধায় এবং পাপিয়া অধিকারী। সহযোগিতায় থাকবেন অভিনেত্রী-পরিচালক সুদেষ্ণা রায়, পরিচালক হরনাথ চক্রবর্তী প্রমুখ।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট কত সিনেমা দেখানো হবে, কোন-কোন প্রেক্ষাগৃহে দেখানো হবে, কী-কী বিভাগে কত সিনেমা থাকবে এবং কোথায়-কোথায় বিনোদনমূলক অনুষ্ঠান হবে, কোথায় সিনেমা বিষয়ক প্রদর্শনী কিংবা আলোচনা সভার আয়োজন করা হবে, এইসব তথ্য কিছুদিনের মধ্যে আবারও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিবেশন করা হবে বলে জানানো হয়েছে লোগো প্রকাশ অনুষ্ঠানে। মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সামগ্রিক ভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হবে।





