উফ, ও না জানলেও সৌমীকে তো জানতেই হবে। গাড়ির দরজা খুলে রাস্তায় বেরিয়ে আসে ও। আঁধার মাখা আকাশ এখন টকটকে লাল। এক্ষুণি মনে হয় সেই লাল মেঘের আড়াল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এতক্ষণ ধরে ট্যাক্সির মধ্যে বসে থেকে থেকে ঘেমে গিয়েছিল। সৌমী, এই বোধহয় জীবনে প্রথম ট্যাক্সি চড়া। অন্য সময় হলে, তার আরামদায়ক গাড়ির সঙ্গে এই ট্যাক্সির একটা তুলনা তার মাথায় আসত। কিন্তু আজ সব কিছুই আলাদা। আজ ওকে এয়ারপোর্টে পৌঁছাতেই হবে। কিন্তু আজ এত ট্রাফিক জ্যাম কেন? এদিকে ওদিকে তাকিয়ে কারণটা খুঁজতে থাকে সে। আর তখনই চোখ পড়ে যায় পুলিশ কিয়স্কের দিকে। কে ওখানে বাইকের উপরে বসে আছে? ওর ওই হাঁদা প্রাইভেট টিচার বরুণ না? একটু এগিয়ে দেখবে নাকি?
ট্যাক্সির ড্রাইভারকে বসতে বলে পায়ে পায়ে কিয়স্কের দিকে এগিয়ে যায় সৌমী। হ্যাঁ ওই তো, বরুণ দাঁড়িয়ে আছে। না না, বাইকের উপরে বসে আছে। সাদা পুলিশের পোশাক। কাঁধে, বুকে স্টার, আর ব্যাচ। তার সঙ্গে মাথায় টুপি পরা বরুণ মাস্টারকে দেখে মনে হচ্ছিল, বুঝি কোনও ইংরেজি সিনেমা থেকে উঠে এসেছে। ব্যায়াম করেই সৌমীকে পড়াতে আসত সে। তার সেই ঘাম চিটচিটে, আনস্মার্ট চেহারা কেমন একটা বিজবিজে বিরক্তি ছড়িয়ে দিত সৌমীর মনের মধ্যে। তারপরে ওকে নিয়ে ওই মহিলার আদিখ্যেতা! শরীর জ্বলিয়ে দিত ওর। কিন্তু আজ বরুণকে দেখেই চমকে গেল সৌমী। আজ সেই চেহারাটাকে দেখে মনে হচ্ছে, যেন কোনও পাথর কুঁদে বানানো গ্রিক ভাস্কর্য। ভাবলেশহীন মুখে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। না! শুধু তাকিয়েই নেই, মাঝে মাঝে, বাইকে চালিয়ে এগিয়ে, পিছিয়ে গাড়ির ভিতরের ড্রাইভারদের প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছে সে। সৌমী কি এগিয়ে গিয়ে, কথা বলবে ওর সঙ্গে? কিন্তু যে অপমানটা অকারণেই ও শেষের দিন করেছিল, তারপর আর কথা বলাটা কি ঠিক?
কলেজে ওঠার পরেই মডেলিং করার ইচ্ছে হয়েছে ওর। কলেজে বিউটি কনটেস্ট জেতার পরে সেই ইচ্ছেটাই আরও বেড়ে গিয়েছে ওর। সে এখন মডেলিংকেই পেশা করতে চায়। কিন্তু বাধ সেধেছে ওই মহিলা, যাকে সৌমী ছোটোমা বলে ডাকতে বাধ্য হয়। তার এক কথা, “আগে পড়াশোনা শেষ করো। তারপর যা তোমার মন চায়, তাকেই পেশা করো।’ কিন্তু মডেলিং করতে গেলে পড়াশোনার ক্ষতি হবে। বিশেষকরে পরীক্ষার আগে তো নয়ই। এমনকী সৌমীর নাছোড়বান্দা মনোভাব দেখে, উনি ওই বরুণকেও উসকান। সেও বোকার মতোন এসে সৌমীকে পরীক্ষার পড়া বোঝানোর চেষ্টা করত।
সৌমীর সেদিন ভীষণ মন খারাপ। তার মধ্যেই বরুণের উপদেশ সহ্য হয়নি সৌমীর। সোজা বলে দিয়েছিল, ‘তোমার আমাকে পড়ানোর কাজ, পড়াও। আমার ব্যক্তিগত ব্যাপারে, একদম নাক গলাবে না।’ তারপর হিসহিসিয়ে বলেছিল, ‘তুমি কি আমার প্রেমে পড়েছ নাকি?” একটা বিদ্রুপের হাসি উপহার দিয়ে বলেছিল, ‘আমি এই শহরের সব থেকে বড়োলোকের মেয়ে। আর তুমি! নিজের অবস্থানটা দেখো একবার!’
অপমানে সেদিন নীল হয়ে গিয়েছিল বরুণ। তারপর থেকে আর ওদের বাড়ি আসেনি সে। পরে শুনেছিল সে নাকি পুলিশে চাকরি পেয়েছে। কানের কাছে একটা কর্কশ হর্ন-এর আওয়াজে হঠাৎ করেই বাস্তবে ফিরে আসে সৌমী। সামনের গাড়িগুলোর দিকে তাকিয়ে দেখল, সেগুলো যেন একটু নড়ে উঠল। তারপরে আবার হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল সব। পর পর দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে দেখে মনে হচ্ছে, বিরাট এক অজগর সাপ রাস্তায় এলিয়ে পড়ে আছে। খুব চেষ্টা করছে ট্রাফিক জ্যাম কেটে বের হওয়ার। কিন্তু যতই চেষ্টা করছে, ততই যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে যাচ্ছে।
—তুমি কোথায় যাচ্ছ?
হঠাৎ করেই কানের কাছে প্রশ্নটা শুনে চমকে ওঠে সৌমী। মুহূর্তে থতমত খেয়ে যায় ও। কী বলবে বরুণকে? ও যে ওর ছোটোমাকে বিষ খাইয়ে অচেতন করে, বাড়ির সব টাকাপয়সা নিয়ে মুম্বই পাড়ি দিচ্ছে। সেটা যদি জেনে যায়, তবে তো ওকে ঠিক জেলে পাঠাবে বরুণ। তার থেকে বরং অন্য কিছু বলবে? নাকি… কিন্তু আর বেশি ভাবতে হল না ওকে।
সৌমীর থেকে উত্তর না পেয়ে, পায়ে পায়ে এগিয়ে এল বরুণ। প্রসঙ্গ এড়ানোর জন্য এবার সৌমী কিছুটা ইতস্তত করে বলল, ‘কত্তো ট্রাফিক জ্যাম। কীভাবে এই জ্যাম কাটিয়ে যাব গো ।’
বরুণ ঘাড় নেড়ে বলল, ‘আসলে সামনে একটা অ্যাকসিডেন্ট হয়েছে, তাই রাস্তা বন্ধ। এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তাই…।’ আরও কিছু বলতে যাচ্ছিল বরুণ, কিন্তু তার আগেই একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়িগুলোর পিছনে। অ্যাম্বুলেন্সটা পরিত্রাহি রবে হুটার বাজাচ্ছে।
বরুণ কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। সে দৌড়ে চলে গেল অ্যাম্বুলেন্সের দিকে। অন্য গাড়িগুলোকে সাইড করিয়ে, এগিয়ে পিছিয়ে অ্যাম্বুলেন্সটাকে জ্যাম কেটে বের হয়ে যাওয়ার রাস্তা করতে থাকল সে। সেটা দেখেই ট্যাক্সি ড্রাইভার জানলা দিয়ে চিৎকার করে বলে উঠল, “জলদি, জলদি উঠে পড়ুন ম্যাডাম।” সৌমীও ট্যাক্সিতে উঠে হাফ ছেড়ে বাঁচল। যাক, বাঁচা গেল তাহলে। অ্যাম্বুলেন্সটা না এলে যেভাবে জেরা করছিল বরুণ, আর একটু হলেই সব বলে দিত ও।
(ক্রমশ…)





