মেইন গেটটা খুলে শেষবারের মতো বাড়ি থেকে বাইরে এল সৌমী। আজন্মকাল এই বাড়িতেই কাটিয়ে দিল, কিন্তু বাড়ির গেটটা যে এত ভারী, সেই ধারণাই ছিল না ওর। আসলে আজকের আগে কোনওদিনও গেট খুলে ঢোকা, বেরোনো কোনওটাই করেনি সে। তবে আজকের দিনটা অন্যদিনের থেকে একদম আলাদা। আজকে সবাই ব্যস্ত ওর সৎ মাকে নিয়ে। কিছুক্ষণ আগেই সন্ধে হয়ে গেছে। আকাশে এখন অষ্টমীর আধখাওয়া চাঁদ ঝকমক করছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ঠিক যেন শাণিত তলোয়ার। এক্ষুণি কোনও বীর যোদ্ধার হাতে উঠবে।

সারাদিন ঘ্যানঘ্যানে বৃষ্টির শেষে, মেঘমুক্ত নির্মল আকাশে তারা জ্বলজ্বল করছে। ঠিক যেন, কালো কার্পেটের উপরে নকশিকাঁথার ফুল। কোনও কোনও তারার উপরে আবার অভিমানী মেঘেরা এসে জটলা পাকাচ্ছে। শেষবারের মতো বাড়ির দিকে তাকিয়ে রাস্তায় পা রাখল সৌমী। ছমছমে অন্ধকার মেখে, বিষণ্ন বাড়িটা একাকী দাঁড়িয়ে আছে। অন্যান্য দিনগুলোতে সন্ধে হলেই বাড়ির আনাচে-কানাচে জ্বলে ওঠে হরেকরকমের আলো। কিন্তু আজ বিকেলবেলাতেই যে অঘটনটা ঘটল, তারপরে আর আলো জ্বালানোর কথা কারওর মাথায় নেই। মুখে একটা ক্রূর হাসি ফুটিয়ে তুলে রাস্তায় এসে দাঁড়াল সৌমী। ল্যাম্প পোস্টের নীচে এসে কাঁধের ব্যাগটাকে ফাঁক করে একবার ভিতরে চোখ রাখে সে।

ল্যাম্প পোস্টের মরা আলোয়ও ব্যাগের ভিতরটা ঝকমক করে উঠল। তৃপ্তি নিয়ে ব্যাগের চেনটা বন্ধ করে বড়ো রাস্তার দিকে পা বাড়াল। এই পথটুকু বেশ ছায়া, ছায়া। ল্যাম্প পোস্টের আলো পথের উপরে পড়ে একটা আবছা আলোর রেখা সৃষ্টি করেছে ঠিকই, তবে সেই আলোয় রাস্তার অন্ধকার কাটে না। অন্যান্য দিন গাড়ি করে সটান বাড়ির ভিতরে ঢুকে যায় সে। তাই অন্ধকারটা বুঝতে পারে না। কিন্তু আজ যখন সেই অন্ধকার প্যাচপ্যাচে ভেজা রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, তখন ভীষণই বিরক্ত হয় সৌমী। বাবা যে কেন মেইন রোড ছেড়ে এই গলির ভিতরে বাড়ি করল!

বাবার সব কিছুই কেমন যেন অদ্ভূত। তা না হলে বিপত্নীক জানা সত্ত্বেও শহরের প্রথম সারির বিজনেসম্যানকে যখন বিয়ে করার জন্য স্মার্ট, সুন্দরী, মহিলারা সব লাইন দিয়েছিল, সেই সময় বাবা বিয়ে করে আনল কোথাকার এক গাঁইয়া, হাঘরের মহিলাকে। সে নাকি বাবার পুরোনো মাস্টারমশাইয়ের মেয়ে, সে সৌমীকে মায়ের মতো দেখাশোনা করবে! কত্তো যে দেখাশোনা করেছে, সে তো সৌমী বুঝতেই পারছে। নাহলে কি এই বয়সে এসে… উফফ্ কী জোর ব্যথাটা যে পেল সে। একটা হোঁচট খেয়ে বড়ো রাস্তার মুখে এসে হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলিয়ে নিল সৌমী।

এখানেই কি কোনও ট্যাক্সির দেখা পাবে সে? ক্যাব বুক করে অপেক্ষা করার মতো সময় তার হাতে নেই। কেউ যদি দেখে ফেলে তো সর্বনাশ। ইতস্তত করে এদিকে ওদিকে তাকায় সৌমী। নখের কাছে চ্যাটচ্যাটে কী একটা তরল জানি গড়িয়ে পড়ছে, তার সঙ্গে ব্যথার অনুভূতি। ইশ কেন যে আগের থেকে কোনও গাড়ি বুক করল না ও। তখনই রাস্তার উলটোদিকে একটা ট্যাক্সি দেখে হাত দেখিয়ে দাঁড় করাল। রাস্তায় এখন থকথকে কাদা। কোনওরকমে জলকাদা বাঁচিয়ে ট্যাক্সিতে উঠে বসল সৌমী। হাতের মণিবন্ধের দিকে তাকিয়ে হতাশ হল। ইশ ঘড়িটাই পরতে ভুলে গেছে। সত্যি আজ বিকেল থেকে যা হচ্ছে, তারপরে আর এসব ছোটোখাটো ব্যাপারগুলো মনে রাখা মুশকিল।

আসলে যখনই ও কোথাও বের হতো, তখনই ওই মহিলা, যাকে বাবার নির্দেশে ছোটো মা বলে ডাকতে হতো, সে-ই ওর হাতের কাছে সবকিছু গুছিয়ে দিত। একটু যেন মনটা খারাপই হয়ে যায় ওর। কিন্তু তার আগেই ফোনটা বেজে উঠল সৌমীর। ফোনটা হাতে তুলে নিয়েই দেখল আকাশের ফোন। ফোনটা ধরতেই, আকাশ উত্তেজিত গলায়, বলল, ‘কী গো, এত দেরি কেন? আর কত ক্যাশ নিয়েছ?’ সৌমী রেয়ারভিউ মিরর দিয়ে অপাঙ্গে একবার ড্রাইভারের দিকে তাকিয়ে নেয়। না! তার নজর রাস্তার দিকেই।

গলাটাকে খাদে নামিয়ে নিয়ে সে বলে, ‘ওই ঘরে যা ছিল… লাখ সাতেক মতো হবে।’ আকাশের গলায় রাজ্যের বিরক্তি ঝরে পড়ে, ‘মাত্র সাত লাখ! মুম্বইতে গিয়ে থাকা খাওয়ার খরচ জানো?” কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না সৌমী। ঢোঁক গিলে বলে, ‘এর বেশি ঘরে ছিল না তো।

আকাশ অসহিষ্ণু স্বরে বলে, ‘আর গয়নাগাঁটি?’ সৌমী বলে, ‘শুধু ওই মহিলার গায়ের গয়নাটা খুলতে পারিনি। এছাড়া মোটামুটি সব-ই এনেছি।’

আকাশ তেতো গলায় বলে, ‘ঠিক আছে। তাড়াতাড়ি এসো।’ গলায় আরও দু-চামচ বিরক্তি ঢেলে নিয়ে বলে, “তোমার মাসি ঠিকই বলে, ওই মহিলা মারাত্মক ঘাঘু। তোমার বাবার সব টাকা-পয়সাই নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।’ কথাটা শুনে সৌমীর বুকের কাছটায় আরও একবার জ্বলন শুরু হল। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে এবার মোবাইলের ঘড়ির দিকে তাকাল সে। ‘এ বাবা! কত্তো দেরি হয়ে গেল। রাত ন’টায় ফ্লাইট, আর এখন সাতটা বেজে গেছে। বেহালা থেকে এয়ারপোর্ট তো বহু দূরের পথ। কিন্তু ট্যাক্সিটা এভাবে দাঁড়িয়ে পড়ল কেন?’

গাড়ির জানলা দিয়ে বাইরে দৃষ্টিকে প্রসারিত করে দেয় সৌমী। ‘এ কী হল! এত ট্রাফিক জ্যাম কেন? এ তো পুরো গাড়ির সমুদ্র! এর ফাঁক গলে গাড়ি কেন, মাছি গলারও জায়গা নেই!’ কী করবে ও? এত কষ্ট করে মডেলিং-এর সুযোগটা ও পেল, তা এভাবে বৃথা হয়ে যাবে? অসহিষ্ণু হয়ে ড্রাইভারকে বলল, ‘এত জ্যাম কেন?’ ড্রাইভার ঘাড় নাড়িয়ে বলল, ‘পাতা নেহি।’

(ক্রমশ…)

আরো গল্প পড়তে ক্লিক করুন...