গার্লিক রাইস
উপকরণ: ১ কাপ চাল, ৫-৬ কোয়া রসুন, ১/২ চা চামচ আদা, সামান্য পেঁয়াজ, ১ চা চামচ সয়া সস, ৪ ফোঁটা ভিনেগার, ২টি স্প্রিং অনিয়ন (লম্বা করে চিরে নেওয়া), ১/২ চা চামচ আজিনামোটো, ২ চা চামচ টমেটো সস, ১ চা চামচ চিলি সস, ১ চা চামচ লাল লংকার গুঁড়ো, ১ চামচ তেল, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ।
প্রণালী: চাল আধা ঘণ্টার জন্য জলে ভিজিয়ে রাখুন। তারপর, একটি পাত্রে ৫ কাপ জল নিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে চাল দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। জল ঝরিয়ে চাল আলাদা করে নিন। একটি প্যানে তেল গরম করে আদা ও রসুনের পেস্ট ভেজে নিন। আদা- রসুন পেস্টটি হালকা সোনালি হয়ে এলেই সঙ্গে সঙ্গে সামান্য জল দিয়ে দিন। ফুটে উঠলেই সয়া সস, ভিনেগার, আজিনামোটো, টমেটো সস, চিলি সস এবং নুন দিয়ে দিন। জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অল্প অল্প করে মেশাতে থাকুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে দলা না বাঁধে। সসটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। ভাতের উপর সসটি ঢেলে, পেঁয়াজপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডেজার্ট হিসেবে ট্রাইফেল পুডিং অসাধারণ
ট্রাইফেল পুডিং
উপকরণ: সামান্য স্পঞ্জ কেক, হুইপিং ক্রিম, ফলের মিশ্রণ ১ কাপ (কলা, ডালিম, সফেদা, আপেল, আঙুর), সামান্য ভ্যানিলা কাস্টার্ড পাউডার, সামান্য হলুদ কিংবা লাল ফুড কালার, ১ গেলাস দুধ এবং স্বাদমতো চিনি কিংবা মধু।
প্রণালী: একটি বাটিতে ৩-৪ চা চামচ দুধ তুলে রাখুন এবং বাকি দুধ একটি কড়াইতে ঢেলে ফুটিয়ে নিন। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। দুধে কাস্টার্ড পাউডার গুলে নিয়ে নাড়ুন। ৫ মিনিট রান্না করে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। হুইপিং ক্রিম যোগ করুন। বিভিন্ন ফলের লেয়ার তৈরি করুন। স্পঞ্জ কেকের টুকরোগুলো ছড়িয়ে দিন। উপরে কাস্টার্ডের মিশ্রণ যোগ করুন এবং বিভিন্ন রঙের ক্রিম দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং ইচ্ছেমতো পরিবেশন করুন।

উপভোগ করুন ‘বেসন বাটি’ নামের অভিনব এই খাবারটির স্বাদ বেসন-বাটি
বেসন-বাটি
উপকরণ: ১ কাপ অড়হর ডাল, ২৫০ গ্রাম বিউলির ডাল, কুচি করে কাটা এক কাপ পালং শাক, মিহি করে কাটা টমেটো ২ চামচ, ১/৪ চা চামচ আদা কুচি, ১ চা চামচ হলুদগুঁড়ো, ১/৪ চা চামচ জিরেগুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো, ১ টেবিল চামচ ঘি, স্বাদমতো লবণ।
প্রণালী: একটি প্রেশার কুকারে ৩ কাপ জল দিয়ে সবরকম ডাল সেদ্ধ করে একটি বাটিতে ঢেলে নিন। প্রেশার কুকারটি গরম করে তাতে আদা কুচি, টমেটো কুচি, হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ এবং পালং শাক দিন। সবকিছু ভালো ভাবে মিশিয়ে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। এরপর, সেদ্ধ ডালের মিশ্রণটি যোগ করুন। কয়েক মিনিটের জন্য অল্প আঁচে রান্না হতে দিন, তারপর একটি কাচের কিংবা চিনামাটির পাত্রে ঢেলে, ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

শুকনো ফলের এই পদটি আপনার মন ভালো করে দেবেই
ড্রাইফ্রুট ডিলাইট
উপকরণ: ১৫টি মাখানা (ভাজা মাখানার মতো), চালমগঞ্জ বা চারমগজ (তরমুজ, মিষ্টি কুমড়ো প্রভৃতির বীজের শাঁস) এক কাপ, ৫০ গ্রাম কাজুবাদাম, ১/৪ চা চামচ আদাকুচি, স্বাদমতো ২ টেবিল চামচ গুড় এবং ১ গেলাস জল।
প্রণালী: মাখানা, গুড়, চালমগজ এবং কাজুবাদাম ভালো ভাবে ভেজে নিন। একটি প্যানে ঘি গরম করুন। ১ গেলাস জলে গুড় দিয়ে গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। সমস্ত উপকরণ যোগ করে কম আঁচে ২০ মিনিট রান্না করুন এবং শেষে আদাকুচি মেশান। এক মিনিট পর আঁচ থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।





