নানারকম কারণে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ব্যাধি ক্রমশ বাড়ছে। তাই, এই বিষয়ে কলকাতা-র এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিলেন বিশিষ্ট নিউরোসার্জন এবং স্পাইন বিশেষজ্ঞ ডা. অনিন্দ্য বসু এবং ডা. মিলিন্দ দেওগাঁওকর। আধুনিক উপায়ে অস্ত্রোপচারের মাধ্যমে কীভাবে দ্রুত রোগীদের সুস্থতায় অগ্রগতি ও ফলাফলে আমূল পরিবর্তন আনে, সেই বিষয়ে জানালেন এই দুই চিকিৎসক।
এই আলোচনাটি মূলত প্রাথমিক উপসর্গ শনাক্তকরণ, চিকিৎসার বিকল্প এবং প্রচলিত ওপেন সার্জারি থেকে মিনিমালি ইনভেসিভ সার্জারি এবং প্রযুক্তি-চালিত পদ্ধতির পরিবর্তনের গুরুত্বের ওপর আলোকপাত করে।
মস্তিষ্ক ও মেরুদণ্ডের অবস্থার প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ যেমন টানা পিঠের ব্যথা, দুর্বলতা, অসাড়তা, ভারসাম্যের অভাব, দীর্ঘস্থায়ী মাথাব্যথা এবং কথা বলা বা দৃষ্টিশক্তিতে পরিবর্তনের বিষয়ে বিস্তারিত তথ্য পরিবেশন করেন ডা. অনিন্দ্য বসু এবং ডা. মিলিন্দ দেওগাঁওকর। তাঁদের মতে, সময়মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে জীবনের মান উল্লেখযোগ্য ভাবে উন্নত করতে পারে।

ডা. অনিন্দ্য বসু এবং ডা. মিলিন্দ দেওগাঁওকরের বক্তব্য থেকে জানা যায়, বর্তমানে মেরুদণ্ডের মিনিমালি ইনভেসিভ সার্জারি এবং মস্তিষ্কের অস্ত্রোপচারের কৌশল উন্নত হয়েছে। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, চিকিৎসার সিদ্ধান্তগুলি অত্যন্ত ব্যক্তিনির্ভর এবং তা রোগীর অবস্থা, সামগ্রিক স্বাস্থ্য এবং রোগের তীব্রতার ওপর নির্ভর করে।
মেরুদণ্ডের অস্ত্রোপচারের বিবর্তন সম্পর্কে বলতে গিয়ে বিশেষজ্ঞরা প্রচলিত ওপেন সার্জারি থেকে মিনিমালি ইনভেসিভ সার্জারি-র দিকে একটি স্পষ্ট পরিবর্তনের কথা উল্লেখ করেছেন, যা টিস্যুর ক্ষতি, রক্তক্ষরণ, হাসপাতালে থাকার সময়কাল এবং সুস্থ হয়ে ওঠার সময় কমিয়ে দেয়। উন্নত ইমেজিং এবং নেভিগেশন প্রযুক্তির সংযোজন অস্ত্রোপচারের নির্ভুলতা এবং নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলেছে।
মস্তিষ্কের অস্ত্রোপচারের অগ্রগতির বিষয়ে বক্তারা তুলে ধরেন যে, নেভিগেশন প্রযুক্তির সংযোজন অস্ত্রোপচারের নির্ভুলতা এবং নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলেছে এবং ঝুঁকি কমিয়ে আরও নির্ভুল ভাবে অস্ত্রোপচার করতে সাহায্য করে। এই উদ্ভাবনগুলি উন্নত ফলাফল, দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধার এবং সামগ্রিক ভাবে রোগীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে অবদান রাখে। তবে তাঁরা এও জানিয়েছেন যে, মেরুদণ্ড এবং মস্তিষ্কের সমস্যার ক্ষেত্রে, প্রতিটি রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয় না কিন্তু এরজন্য বিশেষজ্ঞের মূল্যায়ন অপরিহার্য। তাই, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্বাস্থ্য সম্পর্কে আরও জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।





