মৌসুমি ফল ব্যবহার করে বাড়িতে কুলফি ও আইসক্রিম তৈরির চেষ্টা করে দেখতে পারেন একবার
চকোলেট ম্যাংগো আইসক্রিম
উপকরণ: ১ লিটার দুধ, ১টি পাকা আম, ১ কাপ ফ্রেশ ক্রিম, আধা কাপ চিনি, ১ টেবিল চামচ গুঁড়ো করা পেস্তা বাদাম, ১ টেবিল চামচ গ্রেট করা চকোলেট, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
প্রণালী: প্রথমে দুধ ফুটিয়ে নিন। সামান্য ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ার গুলে নিন এবং ফুটন্ত দুধে অনবরত নাড়তে নাড়তে এই মিশ্রণটি ঢেলে দিন। দুধ ঘন হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর আমগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। একটি মিক্সারে আম, চিনি ও চকোলেট পাউডার একসঙ্গে ব্লেন্ড করে নিন। আমের মিশ্রণটি মসৃণ হয়ে গেলে তাতে আগে তৈরি করে রাখা দুধটুকু মিশিয়ে আবারও ব্লেন্ড করুন। মিশ্রণটি একটি আইসক্রিম ট্রে-তে ঢেলে ফ্রিজারে রেখে দিন। মিশ্রণটি অর্ধেক জমে এলে ট্রে থেকে বের করে তাতে ক্রিম যোগ করুন এবং মিক্সারে ব্লেন্ড করে নিন। এরপর পুরোপুরি জমার জন্য আবার ফ্রিজারে রেখে দিন। ভালো ভাবে জমে গেলে উপর থেকে গুঁড়ো করা পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

ম্যাংগো ব্রেড কুলফি
উপকরণ: ১ কাপ আমের পাল্প, ২ স্লাইস পাউরুটি, ২৫০ মিলি ফুল ক্রিম দুধ, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ চিনির গুঁড়ো, ১ চা চামচ কুচি করা পেস্তা বাদাম।
প্রণালী: একটি মিক্সারে অর্ধেক পরিমাণ দুধ, অর্ধেক গুঁড়ো দুধ, ৩ টেবিল-চামচ চিনি এবং পাউরুটির টুকরোগুলো নিয়ে ব্লেন্ড করে একটি মিশ্রণ বা পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণটি কুলফি মোল্ডে (ছাঁচে ঢালুন এবং এক ঘণ্টার জন্য ফ্রিজারে রেখে দিন। এরপর, বাকি দুধ, চিনি, গুঁড়ো দুধ এবং আমের পাল্প একসঙ্গে ব্লেন্ড করে আরেকটি মিশ্রণ তৈরি করুন এবং চওড়া মুখের কুলফি মোল্ডগুলো এই মিশ্রণ দিয়ে অর্ধেকটা পূর্ণ করুন। আগের কুলফিগুলো জমে গেলে মোল্ড থেকে বের করে নিন এবং আমের মিশ্রণভরা মোল্ডগুলোর ঠিক মাঝখানে বসিয়ে দিন। এরপর এগুলোকে আরও এক ঘণ্টার জন্য ফ্রিজারে রেখে দিন। ভালো ভাবে জমে যাওয়ার পর কুলফিগুলো মোল্ড থেকে বের করে টুকরো করে কেটে নিন এবং উপরে কুচি করা পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।





