অভিভাবকত্বে ‘৭-৭-৭’ কৌশল দৈনন্দিন জীবনে মনে রাখতে এবং প্রয়োগ করতে সুবিধেজনক। আসলে, ‘৭-৭-৭ নিয়ম” কোনও একটি নির্দিষ্ট সূত্র নয়, বরং এটি এমন একটি কাঠামো, যার একাধিক ব্যাখ্যা রয়েছে। এর একটি সংস্করণ সন্তানের জীবনের প্রথম একুশ বছরকে সাত বছর করে তিনটি বিকাশমূলক পর্যায়ে বিভক্ত করে।

প্রথম পর্যায়: সন্তানের জন্ম থেকে সাত বছর বয়স পর্যন্ত— খেলাধুলা, নিঃশর্ত স্নেহ এবং নিরাপত্তার বৈশিষ্ট্যযুক্ত।

দ্বিতীয় পর্যায়: সন্তানের সাত থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত কাঠামোগত শিক্ষাদান, মূল্যবোধের সঞ্চার এবং একটি নৈতিক কাঠামোর ক্রমান্বয়িক বিকাশের উপর জোর দেয়।

তৃতীয় পর্যায়: সন্তানের চোদ্দ থেকে একুশ বছর বয়স পর্যন্ত— পিতামাতার ভূমিকায় কর্তৃত্ব থেকে পরামর্শদানে মৌলিক পরিবর্তন নিশ্চিত করে।

‘৭-৭-৭ কাঠামো’-র অন্য একটি ব্যাখ্যা আরও বেশি বাস্তবসম্মত। এটি প্রতিদিনের কাঠামো। অর্থাৎ, প্রতিদিন মোট একুশ মিনিটের অভিভাবকীয় মনোযোগের এমন এক বিষয়, যা তিনটি সাত মিনিটের সময়কালে বিভক্ত— স্কুলে যাওয়ার আগে সাত মিনিট, স্কুল থেকে ফেরার পরে সাত মিনিট এবং ঘুমানোর আগে সাত মিনিট। তিনটি ভাগে বিভক্ত সাত মিনিটের এই মুহূর্তগুলো আবেগগত ভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এই সময়গুলোতে শিশুরা মা-বাবার থেকে আন্তরিক সান্নিধ্য চায়। এই ধরনের পরিবর্তনকালীন সময়ে শিশুর মানসিক অবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে।

পারিবারিক কাঠামোর পরিবর্তনের ফলে যৌথ পরিবারগুলো একক (নিউক্লিয়ার ফ্যামিলি) পরিবারে পরিণত হওয়ায় শিশুদের বিকাশ বেশ কঠিন হয়ে পড়েছে। একসময় শিশুদের বিকাশে পারিবারিক আবেগ যুক্ত থাকত। অর্থাৎ, দাদু-ঠাকুমা এবং পরিবারের অন্য সদস্যরা আদর, ভালোবাসায় এবং যত্নে আগলে রাখতেন ছোটোদের। যা শিশুর সামাজিক উপলব্ধি, ভাষার বিকাশ এবং আবেগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভাবে উপকারী ছিল। আর বর্তমানের একক পরিবারিক কাঠামোতে, যেখানে বাবা-মা দু’জনেই কর্মরত, সেক্ষেত্রে সন্তানদের সঙ্গে সংযোগ স্থাপনের মানসিক ভার সম্পূর্ণ ভাবে বাবা-মায়ের উপরেই এসে পড়ে। কিন্তু কাজের শেষে তারা প্রায়ই ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন এমন সন্তানদের কাছে, যারা সারাদিন স্ক্রিনের সামনে, নির্ধারিত টিউশনে কিংবা ডে-কেয়ার সেন্টার-এ কাটিয়েছে। এই প্রেক্ষাপটে, এমনই ‘৭-৭-৭ কাঠামো’-র প্রযোজন, যা মনোযোগের ন্যূনতম কিন্তু অলঙ্ঘনীয় ক্ষেত্র তৈরি করে এবং এই সমস্যার সমাধান করতে পারে।

আজকের দিনে বেড়ে ওঠা শিশুরা, বিশেষকরে জেনারেশন আলফা এবং জেনারেশন জেড-এর ছেলে-মেয়েরা, ডিজিটাল উদ্দীপনা এবং মনোযোগ আকর্ষণের জন্য নিরন্তর প্রতিযোগিতায় পরিপূর্ণ এক জগতে বিকশিত হচ্ছে। অনেক শিশু একঘেয়েমি, মানসিক চাপ, একাকীত্ব কিংবা আবেগগত অস্বস্তি সামলাতে ক্রমশ‍ই স্ক্রিন ও সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকছে। এমন অনেক শিশুকে দেখা গেছে, যারা বুদ্ধিমান ও সক্ষম, কিন্তু হতাশা সামলাতে, অস্বস্তি সহ্য করতে কিংবা নিজেদের অনুভূতি স্পষ্ট ভাবে প্রকাশ করতে হিমশিম খায়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, তাদের জ্ঞানীয়, আবেগীয় এবং সামাজিক বিকাশের একটি বড়ো অংশই অমানবিক ভাবে ডিজিটাল পরিবেশের মাধ্যমে পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রকৃত মানবিক সম্পর্ক যে মানসিক নিরাপত্তা, সহানুভূতি এবং সংবেদনশীলতা প্রদান করে, তা বর্তমানে কমেছে। এখন শিশুদের অতিরিক্ত উদ্দীপনা, আসক্তিমূলক সংযোগ এবং কখনও আবার ক্ষতিকর বা বয়স-অনুপযুক্ত বিষয়বস্তুর সম্মুখীন করে। এখানেই ‘৭-৭-৭ কাঠামো’ অর্থবহ হয়ে ওঠে। তবে, এটিকে সাত মিনিটের কোনও কঠোর নিয়ম কিংবা চেকলিস্ট হিসেবে অনুসরণ করা উচিত নয়। লক্ষ্য শুধু সাত মিনিটের কাজ সম্পন্ন করা নয়, বরং প্রকৃত মানবিক সংযোগ স্থাপন করা। যখন একজন অভিভাবক তার ফোন সরিয়ে রাখেন, চোখে চোখ রাখেন, মনোযোগ দিয়ে শোনেন এবং সন্তানের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হন, তখন মাত্র সাত মিনিটেই শিশুটি একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বার্তা পায়— “তুমি গুরুত্বপূর্ণ। তোমার অভিজ্ঞতাগুলো গুরুত্বপূর্ণ।’

শিশুর বিকাশ ততটা অনুমানযোগ্য নয়, যতটা প্রচলিত কাঠামোতে বলা হয়ে থাকে। শিশুরা কোনও নির্দিষ্ট বয়সে সুশৃঙ্খল ভাবে পরিবর্তিতও হয় না। ব্যক্তিত্ব, পারিবারিক সম্পর্ক, সংস্কৃতি, মানসিক চাপ, আঘাত এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দ্বারা এই বিকাশ প্রভাবিত হয়। অভিভাবকত্বের ভূমিকাগুলোও স্বাভাবিকভাবেই একে অপরের সঙ্গে মিলে যায়। বাবা-মায়েরা খেলার ছলে শেখান, সান্ত্বনা দেওয়ার মাধ্যমে পথ দেখান এবং এমনকী সাধারণ দৈনন্দিন কাজের মধ্যেও মানসিক সংযোগ স্থাপন করেন।

‘৭-৭-৭ কাঠামো’-টিকে অতিরিক্ত যান্ত্রিক ভাবে দেখা ঠিক নয়। সন্তানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মা-বাবা পারস্পরিক কথোপকথনের মানের পরিবর্তে ‘সাত মিনিট’-এর আন্তরিক সান্নিধ্যের উপর বেশি মনোযোগ দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনও কাঠামোই প্রকৃত মানসিক উপস্থিতি তৈরি করতে পারে না। দীর্ঘ সময় ধরে অমনোযোগী কথোপকথনের চেয়ে কয়েক মিনিটের উষ্ণ ও মনোযোগী সংযোগ অনেক বেশি মূল্যবান। গবেষণা ধারাবাহিক ভাবে দেখিয়েছে যে, শিশুরা কেবল একসঙ্গে কাটানো সময়ের পরিমাণ থেকে নয়, বরং বাবা-মায়ের মনোযোগের গুণমান থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়।

শিশুরা আদেশ-নির্দেশের থেকে বেশি শেখে পর্যবেক্ষণের মাধ্যমে। সামাজিক শিক্ষা পরিবারের মধ্যেই শুরু হয়, যা অনুকরণ এবং প্রাপ্তবয়স্কদের আচরণের সঙ্গে বারবার পরিচিতির মাধ্যমে ঘটে। যদি বাবা-মা বাড়ি ফিরে সঙ্গে সঙ্গেই স্ক্রোলিং, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল বিনোদনে মগ্ন হয়ে যান, তবে শিশুরা স্বাভাবিক ভাবেই এটিকে আবেগ সামলানোর একটি স্বাভাবিক আচরণ হিসেবে দেখতে শুরু করে। এরপর একসময় তারা নিজেরাও এর অনুকরণ করে।

অন্যদিকে, যখন শিশুরা বাবা-মাকে কথোপকথন, বই পড়া, রান্না করা, ব্যায়াম করা, শখের চর্চা করা বা কেবল আবেগগত ভাবে পাশে থাকার মতো অর্থপূর্ণ কাজে নিযুক্ত থাকতে দেখে, তখন তারা শেখে যে, মনোযোগ, উদ্দেশ্য এবং মানবিক সংযোগের মাধ্যমে জীবনযাপন করা সম্ভব। অনেক দিক থেকেই, বাবা-মায়ের দৈনন্দিন আচরণই শিশুর জন্য মানসিক চাপ সামলানো, অবসর সময় কাটানো এবং অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপনের আদর্শ হয়ে ওঠে।

তাই, ‘৭-৭-৭ নিয়ম’-এর মতো সুসংগঠিত কাঠামো সত্যিই কার্যকর হতে পারে। এই কাঠামো সন্তানপালনের মূল নীতিগুলোকে সহজ করে তোলে এবং দিশেহারা পরিবারগুলোকে উদ্দেশ্যমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য একটি সহজবোধ্য সূচনা বিন্দু প্রদান করে। কিন্তু সম্পর্ক শুধু নির্ধারিত সময়েই তৈরি হয় না। মনোযোগ ও উপস্থিতির সাধারণ কাজের মাধ্যমেই তা বিকশিত হয়। কোনও অভিভাবক যখন লক্ষ্য করেন যে, তার সন্তান স্বাভাবিকের চেয়ে বেশি চুপচাপ কিংবা বেশি সময় ঘুমোচ্ছে, তখন তারা চিন্তায় পড়ে যান।

‘৭-৭-৭ কাঠামো’-র আসল গুরুত্ব হল, এটি বাবা-মায়েদের ব্যস্ত জীবনের মাঝেও একটু থেমে, আরও সচেতন ভাবে সন্তানদের দিকে মনোযোগ দিতে উৎসাহিত করে। আধুনিক শহুরে জীবনে, অর্থপূর্ণ সংযোগ খুব কমই স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে। আমরা বুঝি যে, আজকের বাবা-মায়েরা কী ধরনের কাঠামোগত চাপের সম্মুখীন হন এবং কাজ, আর্থিক স্থিতিশীলতা ও সন্তানপালনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে অনেকেই কী পরিমাণ ক্লান্তি বহন করেন। তবুও এই বাস্তবতার মধ্যেও, আমরা প্রতিদিন যে সিদ্ধান্তগুলো নিই, সেই বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। মনোযোগ বিচ্যুতির পরিবর্তে, আন্তরিক সংযোগকে বেছে নেওয়া সবসময় সহজ নাও হতে পারে। কিন্তু এটি আমাদের নিজেদের সুস্থতা এবং পরবর্তী প্রজন্মের মানসিক সুস্থ-স্বাভাবিক ভবিষ্যতের জন্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি।

আরো গল্প পড়তে ক্লিক করুন...