দুপুরে কিংবা রাতে যে-কোনও সময় উপভোগ করতে পারেন ঝাল-মিষ্টি স্বাদে ভরা এই খাবারগুলো—–

স্পাইসি দম-আলু

উপকরণ: ১২টি সেদ্ধ আলু, দেড় কাপ দই, শুকনো কাশ্মীরি লাল লংকাগুঁড়ো (বীজ ফেলে গুঁড়ো করা), ১ চা চামচ কুচি করা আদা, ১ চা চামচ থেঁতো করা রসুন, ১ চা চামচ ‘সুমন’ ব্র্যান্ড-এর ধনেগুঁড়ো, ১ চা চামচ মৌরিগুঁড়ো, ১ চা চামচ কাজু বাদাম, আধা চা চামচ এলাচগুঁড়ো, ১ চা চামচ গোটা জিরে, আধা চা চামচ গরম মশলাগুঁড়ো, ১ চিমটি হিং, সিকি চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ কুচানো তাজা ধনেপাতা, ৪ টেবিল চামচ তেল, এক-তৃতীয়াংশ কাপ জল, স্বাদমতো নুন।

প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে কাঁটাচামচ দিয়ে ছিদ্র করে ১৫ মিনিটের জন্য লবণ জলে ভিজিয়ে রাখুন। এরপর আলুগুলো নুন-জল থেকে তুলে নিয়ে এবং জল ঝরিয়ে একটি প্যানে তেল গরম করে আলুগুলো বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। একটি বাটিতে দই, কাশ্মীরি লাল লংকাগুঁড়ো, আদা, রসুন, কাজুগুঁড়ো, মৌরিগুঁড়ো, এলাচগুঁড়ো, গোটা জিরে এবং ধনেগুঁড়ো একসঙ্গে মেশান। সবকিছু একসঙ্গে ভালো ভাবে ফেটিয়ে মিশিয়ে নিন। অন্য একটি প্যানে ৪ টেবিল চামচ তেল গরম করে ৫টি তেজপাতা ও হিং যোগ করুন। এরপর ১ কাপ জল, নুন এবং হলুদগুঁড়ো দিয়ে এই মিশ্রণটি ফুটিয়ে নিন৷ ফুটে উঠলে এতে আগে থেকে ভাজা আলু এবং গরম মশলার গুঁড়ো দিন। এবার মাঝারি আঁচে রাখুন ততক্ষণ, যতক্ষণ না সেগুলো ঝোল শুষে নেয় এবং তেল উপরে উঠে আসে। এরপর আঁচ থেকে নামিয়ে একটি কাচ কিংবা চিনামাটির পাত্রে রাখুন এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ভাতের সঙ্গে রসুনের স্বাদ যুক্ত হলে বেশ ভালো লাগবে

গার্লিক রাইস

উপকরণ: ১ কাপ চাল, ৫-৬ কোয়া রসুন, ১/২ চা চামচ আদা, সামান্য পেঁয়াজ, ১ চা চামচ সয়া সস, ৪ ফোঁটা ভিনেগার, ২টি স্প্রিং অনিয়ন (লম্বা করে চিরে নেওয়া), ১/২ চা চামচ আজিনামোটো, ২ চা চামচ টমেটো সস, ১ চা চামচ চিলি সস, ১ চা চামচ লাল লংকার গুঁড়ো, ১ চামচ তেল, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ।

প্রণালী: চাল আধা ঘণ্টার জন্য জলে ভিজিয়ে রাখুন। তারপর, একটি পাত্রে ৫ কাপ জল নিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে চাল দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। জল ঝরিয়ে চাল আলাদা করে নিন। একটি প্যানে তেল গরম করে আদা ও রসুনের পেস্ট ভেজে নিন। আদা- রসুন পেস্টটি হালকা সোনালি হয়ে এলেই সঙ্গে সঙ্গে সামান্য জল দিয়ে দিন। ফুটে উঠলেই সয়া সস, ভিনেগার, আজিনামোটো, টমেটো সস, চিলি সস এবং নুন দিয়ে দিন। জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অল্প অল্প করে মেশাতে থাকুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে দলা না বাঁধে। সসটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। ভাতের উপর সসটি ঢেলে, পেঁয়াজপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...