শারীরিক চাহিদা তৃপ্ত হতেই সম্বিৎ ফেরে দু’জনেরই। নিজের আচরণে অনু লজ্জায় নন্দনের সঙ্গে চোখ মেলাতেও ইতস্তত করে। কোনওরকমে অবিন্যস্ত পোশাক ঠিক করে নিয়ে বেরিয়ে আসে অনু। রাহুলকে কোথাও দেখতে পায় না। হস্টেলে ফিরে এসে নিজের প্রতি ঘৃণা এবং সঙ্গে ভয় অনুকে ঘিরে ফেলে। নিজেকে শতবার দোষারোপ করতে থাকে যে, পড়াশোনা শিখে এরকম নির্বুদ্ধিতার পরিচয় কীভাবে দিতে পারল সে।
বাচ্চাদের পড়ানো ছেড়ে দিল অনু। মিতা ফিরে এসে জিজ্ঞেস করলে অনু বলে দিল, ওর শরীর ভালো নয়। তাই পড়ানোর ধকল নিতে পারছে না।
নন্দনের মনেও শান্তি ছিল না। অনুর ক্ষতি করার জন্য নিজেকেই অপরাধী ভেবে নিল। কীভাবে মেয়েটার কাছে ক্ষমা চাইবে তার কোনও উপায় বার করতে পারল না নন্দন। তার উপর অনুর বাড়িতে আসা ছেড়ে দেওয়াতে এবং দোকানেও আসা-যাওয়া বন্ধ করে দেওয়াতে অনুর সঙ্গে দেখাই হতো না ওর।
অনুর জীবনও দুর্বিষহ হয়ে উঠতে লাগল। যে ভুল একবার করে ফেলেছে তার পরিণাম যে কত ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটা ভেবেই সারারাত ঘুমোতে পারত না অনু। মা-বাবার বিশ্বাস ভাঙার গ্লানি কুরে কুরে খেতে লাগল অনুকে। একবার যদি সমাজে বদনাম হয়ে যায়, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর উপায়ই বা কী আছে, সেই চিন্তাতেই অনুর শরীর দিন দিন ভেঙে পড়তে লাগল।
—মামি, প্লিজ, মা-বাবা যেন এই কথা জানতে না পারে, কাঁদতে কাঁদতে অনু সুমিত্রার দু-হাত শক্ত করে জড়িয়ে ধরল। —বিশ্বাস রাখ অনু, কেউ জানবে না। শুধু একটা কথা বল, কোনওরকম শারীরিক অসুবিধা কিছু মনে হচ্ছে কি? সুমিত্রার গলার স্বরে আশঙ্কা প্রকাশ পায়।
—না।
—এখন এই পুরো ঘটনাটা মন থেকে মুছে ফেলার চেষ্টা কর। খুব বড়ো ভুল করেছিস সন্দেহ নেই। কিন্তু ভবিষ্যতে যদি নিজেকে শোধরাতে না পারিস তাহলে খুব বিপদে পড়বি, এই কথাটা মনে রাখিস। আর আমিও তোর সঙ্গে কোনও সম্পর্ক রাখব না। চট করে দু-তিনটে জামাকাপড় গুছিয়ে ব্যাগে ভরে নে। আমার সঙ্গে আমার বাড়ি যাবি এখন।
—কিন্তু…
—কোনও কিন্তু নয়। আমি ওয়ার্ডেনের কাছ থেকে তোর এক সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়ে নিয়ে আসছি। কাল তোকে একটা জায়গায় নিয়ে যাব, কারণ আজ অনেক রাত হয়ে গেছে, বলে সুমিত্রা ওয়ার্ডেনের ঘরের দিকে চলে গেল।
রাস্তায় যেতে যেতে সুমিত্রা বলল, ‘অনু এই পুরো ঘটনাটা কারও কাছে বলবি না, এমনকী বন্ধুবান্ধবকে-ও না। আমি জানি, তোরা সব কথা শেয়ার করিস, কিন্তু এটা কাউকে বলবি না।’
বাড়ি ঢুকতেই অনুকে দেখে সুমন খুশিতে লাফিয়ে উঠল। অমিতাভ অনুর চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ‘কী রে, চেহারা এত খারাপ হয়েছে কেন? হস্টেলে কিছু খাস না?’
অনুর সঙ্গে সুমিত্রার চোখাচোখি হল। অনু উত্তর দিল, ‘না, না খাবার ঠিক মতোই খাই। পড়াশোনোর চাপ একটু বেশি।’ সুমিত্রাও অনুর কথায় সায় দিল, ‘তাই জন্যই তো ওকে এক সপ্তাহের ছুটি করিয়ে নিয়ে এসেছি। শরীরটা একটু সারিয়ে তারপর হস্টেলে পাঠাব।’
—ভালোই করেছ, বলে অমিতাভ অন্য ঘরে চলে গেল।
স্বামীকে মিথ্যা বলতে সুমিত্রার খারাপই লাগল। কিন্তু অনুর সম্মান আর মর্যাদা বাঁচাতে হলে হাজারো মিথ্যা বলার জন্য সুমিত্রা মনকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছে। সুতরাং বাড়ি থেকে শুরু করতে অসুবিধা হল না ওর।
ফোন করে দিদিকে জানিয়ে দিল সুমিত্রা, অনুর শরীর পড়াশোনার চাপে সামান্য খারাপ হয়েছে ঠিকই, কিন্তু চিন্তা করার মতো কিছু হয়নি।
রাতের খাওয়া শেষ হতেই অনুকে সুমনের শোওয়ার ঘরে শুতে দিল সুমিত্রা আর ছেলেকে নিজের সঙ্গে নিয়ে শুল। সারা রাত সুমিত্রা চোখের পাতা এক করতে পারল না। অনুর কথাই বারবার মনে হতে লাগল। আজকাল ইয়ং জেনারেশনের এতটা চেঞ্জ সুমিত্রা কিছুতেই সমর্থন করতে পারল না। কোনও বুদ্ধি-বিবেচনা করে এই প্রজন্ম কাজ করে না, যেটা সত্যিই বিরক্তিকর।
সুমিত্রা খুব ভালো করেই জানে, নন্দনের সঙ্গে সঙ্গে অনুও এই ঘটনার জন্য সমান দোষী। তবুও এই ব্যাপারটা দিদিরই জানার কথা ছিল। কিন্তু সুমিত্রা জানে, মায়েদেরও একটা বিশাল দোষ যে, তারা সন্তানের সঙ্গে বন্ধুর মতো আলোচনা করে না। অথচ সমস্যা কিছু একটা হলে শাসন করতে ছাড়ে না। ফলে সন্তানও মায়ের সঙ্গে শেয়ার করতে চায় না।
সকালবেলায় সুমন বায়না ধরল স্কুল যাবে না, অনুদিদির সঙ্গে সারাদিন কাটাবে। সুমিত্রা অনেক বুঝিয়ে ওকে স্কুল পাঠাল। সবাই কাজে চলে গেল। সুমিত্রা অনুকে বলল, “তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তোকে নিয়ে একটু বেরোব, ডাক্তারের কাছে যাব।’
—ডাক্তার! কেন মামি…? মনে হল অনু ওখানেই বসে পড়বে।
আমি তোকে কালকেই বলেছিলাম, তোকে নিয়ে একটা জায়গায় যাব। তোর জীবনটা নিয়ে কোনওরম রিস্ক আমি নিতে চাই না। সুমিত্রা অনুর মনে সাহস জোগাবার চেষ্টা করল।
ডাক্তার অনুর সবরকম পরীক্ষা করলেন। উনি সুমিত্রাকে আলাদা ডেকে জানালেন, ‘ঘাবড়াবার কিছু নেই। অনেক কারণেই ইয়ং বয়সে পিরিয়ডের সমস্যা হয়ে থাকে। আমি ওষুধ লিখে দিচ্ছি, কয়েকদিন খেলেই আবার এনার্জি ফিরে পাবে। ও সামান্য দুর্বল, সুতরাং ওর খাওয়া-দাওয়াটার একটু খেয়াল রাখা দরকার। আর কোনও ওর প্রবলেম নেই।’
আনন্দে সুমিত্রা ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এল। মন থেকে মেঘ সরে যেতেই সুমিত্রা আবার রোদ ঝলমলে দিনের অগ্রিম আভাস ফিরে পেল। রাস্তায় বেরিয়ে অনুর জন্য শপিং করল। রেস্তোরাঁয় বসে দু’জনে অনুর পছন্দের খাবার আর আইসক্রিম খেয়ে বেরিয়ে এল। দুঃস্বপ্নের দিনগুলো থেকে অনুকে বাইরে বার করে আনার চেষ্টার কোনও ত্রুটি রাখল না সুমিত্রা।
বাড়ি ফিরতেই অনু সুমিত্রার গলা জড়িয়ে ধরল, ‘থ্যাংক্স মামি। কালকে তোমার সঙ্গে কথা বলার পর থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে তাতে আমার মন অনেক হালকা লাগছে। সত্যিই তুমি যদি আমাকে জোর না করতে, আমি হয়তো তোমাকে খুলে বলতেই পারতাম না ঘটনাটা। মনের মধ্যেই পুরোটা থেকে যেত এবং কিছু হয়তো একটা করেও বসতাম। তুমি যেভাবে ব্যাপারটা হ্যান্ডল করেছ আমি সত্যিই টেনশন ফ্রি হয়ে গেছি। শুধু একটাই কথা খালি মনে হচ্ছে, আমি কী করে এমন অবিবেচকের মতো কাজ করলাম? ঘটনাটায় আমার নিজের সবথেকে বেশি দোষ ছিল, এটা স্বীকার না করা ছাড়া উপায় নেই”, বলতে বলতে অনুর চোখ দিয়ে জল পড়তে লাগল।
—অবশ্যই। তুই এমন একটা ভুল করেছিস যার কোনও ক্ষমা নেই। কিন্তু এই যে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, প্রায়শ্চিত্ত করেছিস— এটাই সবথেকে বড়ো কথা। সম্পর্ক সবসময় প্রথম মন থেকে হয়। তা সে স্বামী-স্ত্রীর সম্পর্কই হোক অথবা প্রেমিক-প্রেমিকার সম্পর্কই হোক৷ প্রথম সম্পর্ক মনের গভীর থেকেই শুরু হয়, শরীর দিয়ে নয়।
নন্দনের সঙ্গে তোর মনের কোনও সম্পর্কই যেখানে ছিল না, সেখানে ওকে নিয়ে এত চিন্তা করার দরকারটা কী? বরং ওকে মন থেকে সরিয়ে এবারে পড়াশোনায় মন দে। আর আমার বিশ্বাস, তুই আর এরকম ভুল করবি না, বলে সুমিত্রা আলতো করে অনুর গালে সস্নেহে আদর করে।
অনু যেন খানিকটা বিহ্বল হয়েই জড়িয়ে ধরে সুমিত্রাকে। সেই মুহূর্তেই অনুর মোবাইল বেজে ওঠল। দেখল, ওর মা ফোন করছে। —মা আমি এখন একদম ভালো হয়ে গেছি। মামি আমার অসুখ সম্পূর্ণ সারিয়ে দিয়েছে….। বলতে বলতে অনুর হাসির শব্দ সারা ঘরে প্রতিধ্বনিত হতে থাকে।
(সমাপ্ত)





