ধীরে ধীরে অনু শান্ত হলে সুমিত্রা ওকে পুরো ঘটনা খুলে বলতে বলে। অনুর মুখ থেকে সব ঘটনা শুনে মোটামুটি একটা ছবি পরিষ্কার হয়ে যায় সুমিত্রার, যে অনু পরিস্থিতির শিকার।

অনুর হস্টেলের ঠিক পাশেই ‘নন্দন স্টেশনারি শপ’ যেখান থেকে অনু প্রয়োজনীয় খাতা, পেন কেনার পাশাপাশি যাবতীয় নোটস, সার্টিফিকেট ইত্যাদির ফোটোকপি করাত। হস্টেলের সব মেয়েরাই ওই দোকানটা থেকেই এসব করে। এছাড়াও ওখানে ক্যুরিয়ার, ফোনবুথ এবং ছবি তোলার জন্য একটা স্টুডিও-ও ছিল।

দোকানের মালিক নন্দনের বাড়িতেই নীচের তলাটা জুড়ে দোকানটা রমরমিয়ে চলত। দোকান দেখার জন্য একটা লোকও ছিল। কিন্তু নন্দনের বউ মিতাও সকাল থেকেই দোকানে এসে বসত।

রোজ প্রায় আসা-যাওয়াতে, হস্টেলের অন্য মেয়েদের মতোই অনুর বন্ধুত্ব হয়ে যায় মিতা এবং নন্দনের সঙ্গে। কখনও দোকান খালি থাকলে মিতা অনুকে বসিয়ে স্ন্যাক্স, চা খাইয়ে তবে ছাড়ত। মিতার চার আর সাত বছরের দুটি ছেলে। ওদের জন্য মিতা ভালো একজন টিউটরের সন্ধানে ছিল।

মিতা অঙ্কিতার কাছে টিউটরের জন্য বলে রেখেছিল। অঙ্কিতার নিজের কোনও সময় ছিল না, কারণ ওর বন্ধুবান্ধব, পার্টি ইত্যাদি নিয়ে ব্যস্ততার কারণে ও ঘুরে ঘুরে বেড়াত। ফলে ও অনুকে পড়াবার জন্য বলাতে অনু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। বাচ্চাদের পড়ানোর কাজটা এমনিতেই অনুর খুব পছন্দের ছিল, তার উপর হস্টেলের পাশে বলে ওর আরও সুবিধা হল। মিতার বাচ্চাদের পড়াবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল।

দুই সন্তানের বাবা নন্দন, কিন্তু ওর চেহারা দেখে বয়স বোঝার কোনও উপায় ছিল না। সুপুরুষ চেহারা, দেখলে আঠাশ-তিরিশের বেশি বলে মনে হয় না। অনুর বয়সও কুড়ি-একুশের বেশি নয় এবং যথেষ্ট সুন্দরীও বলা চলে। বাচ্চাদের পড়াতে পড়াতে মাঝেমধ্যেই অনু লক্ষ্য করত যেতে-আসতে আড়চোখে নন্দন ওকে লক্ষ্য করছে। অনুও যে, যৌবনের আকর্ষণকে অগ্রাহ্য করতে পারত এমন নয়। নন্দনের স্ত্রী এবং সন্তান আছে সব জেনেও ওর প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করত সে।

হঠাৎই একদিন মায়ের অসুস্থতার খবর পেয়ে মিতা ছোটো ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেল তাড়াহুড়ো করে। এদিকে শহরে ধর্মীয় গণ্ডগোলের কারণে দোকানপাট বন্ধ করিয়ে দিল মন্ত্রীর চ্যালাচামুণ্ডারা। অগত্যা দোকান বন্ধ রাখতে বাধ্য হল নন্দনও। বাড়ির কাজে মন দিল। মিতা কিছুই গুছিয়ে যাওয়ার সময় পায়নি, নন্দন সেগুলো সবই গুছিয়ে তুলে রাখল।

এর দুদিন পর অনু নিয়মমতো পড়াতে গিয়ে দেখল নন্দনের দোকান বন্ধ রয়েছে। এতদিনে কখনও ওই দোকান বন্ধ হতে দেখেনি, তাই অবাক হল। বাড়িতে ঢুকে নন্দনের কাছ থেকে মিতা আর দোকানের সব খবর শুনল অনু। ছোটো ভাই না থাকাতে নন্দনের বড়ো ছেলে কিছুতেই পড়তে রাজি হচ্ছিল না। অনু ওকে বুঝিয়ে সুঝিয়ে পড়তে বসাল। এরই মধ্যে নন্দন অনুকে চা আর চানাচুর দিতে এল। নন্দনকে বাড়ির পোশাকে প্রথম দেখল অনু।

—মিতাদি কবে ফিরবে? কাপ হাতে নিতে গিয়ে নন্দনের আঙুলের সঙ্গে অনুর আঙুল ছুঁয়ে গেল। অনুর শরীরে বিদ্যুৎ খেলে গেল।

—কাল বা পরশু ফিরবে মিতা, নিজের চা নিয়ে নন্দন ওখানেই একটা চেয়ার টেনে বসল।

—চা-টা খুব ভালো হয়েছে, অনু হেসে বলল।

—বাঃ বাঃ, আপনার মতো ম্যাডামের আমার বানানো চা যে ভালো লেগেছে সেটা জেনে ভালো লাগছে, নন্দন হাসল। অনুর ছাত্র যেই দেখল বাবা আর দিদি গল্পে ব্যস্ত, ও অমনি চেয়ার ছেড়ে বাইরে খেলতে বেরিয়ে গেল।

—আরে রাহুল… কোথায় পালাচ্ছিস? অনু কাপ রেখে তাড়াহুড়ো করে রাতুলের পিছনে দৌড়োতে গিয়ে চেয়ারের পায়ে পা জড়িয়ে সামনে হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হতেই নন্দন চট করে ওকে ধরে ফেলল।

—কী হল ম্যাডাম, শেষে আমার বাড়িতে হাত-পা ভেঙে আমাকে কেস দেওয়ার চেষ্টায় আছেন নাকি? বলে অনুকে খাটে বসাল নন্দন।

অনু কিছুতেই নন্দনের চোখের দিকে তাকাতে পারছিল না। ওর বুকের ভিতর যেন হাতুড়ির ঘা পড়ছিল। নন্দনের শরীরের এতটা কাছাকাছি এসে ওর সারা শরীরে শিহরণ উঠছিল। স্পষ্ট বুঝতে পারছিল অনু, ও যদি নন্দনের চোখে চোখ রাখে তাহলে নন্দনকে নিজের করে পাওয়ার আকুতি স্পষ্টই ওর চোখে ফুটে উঠবে। বুড়ো আঙুলে সামান্য চোট পেয়েছিল, তাই সামনে থেকে চোখ সরিয়ে আঙুলের উপর সম্পূর্ণ মনোনিবেশ করল অনু।

—আঙুলটা ব্যথা করছে? নন্দন জিজ্ঞেস করল।

—হ্যাঁ।

—দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। নন্দন অনুর বুড়ো আঙুলটা ধরে এক ঝকটায় জোরে টানল। অনুর গলা দিয়ে সামান্য চিৎকার বার হল, ব্যস ব্যথা একদম গায়েব।

—নাও, ঠিক হয়ে গেছে। তোমার মুখের থেকে পা আরও বেশি সুন্দর। তুলোর মতো নরম এবং ফরসা। অনুর পায়ে হাত রেখে নন্দন সরাসরি তাকাল অনুর চোখে।

অনুর শরীরে নতুন করে শিহরণ খেলে গেল। নিজের অস্বস্তি ঢাকতে অনুর মনে হল কিছু বলা দরকার, ‘আপনাকেও তো সকলে হ্যান্ডসাম বলে। বাড়ির পোশাকেও আপনি সুপুরুষ আর জানেনই তো লোমশ চেহারার পুরুষ সব মেয়েদেরই পছন্দ।”

কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই অনু বুঝতে পারে ভুল বলে ফেলেছে। লজ্জায় লাল হয়ে ওঠে সে! ও… ও… ভেরি সরি, আমি ঠিক এটা বলতে চাইনি।’

নন্দনের কাছে অনুর মুখের এই প্রশংসাটুকু প্রেম নিবেদন বলেই মনে হল। হঠাৎ-ই নন্দন নিচু হয়ে অনুর ঠোঁট স্পর্শ করল। নন্দনের তপ্ত নিঃশ্বাসের উত্তাপে অনুর প্রতিরোধ বাষ্প হয়ে উবে গেল। দু’জনেই বুঝতে পারছিল যেটা ঘটতে চলেছে সেটা অন্যায়, কিন্তু এটাকে আটকাবার মানসিকতা দু’জনের মধ্যে কারওরই ছিল না।

(ক্রমশ…)

আরো গল্প পড়তে ক্লিক করুন...