শীতের সন্ধ্যায় মনটা খাইখাই করে ওঠে, তাই খাদ্যরসিকদের জন্য রইল সুস্বাদু এই রেসিপিগুলি

কর্ন ক্রোস্টিনি

উপকরণ: ২ টো ব্রেড-এর টুকরো, ২ টেবিল চামচ মাখন, ১টি টম্যাটো, ১টি শসা, ১ কাপ বাঁধাকপি কুচি, লাল, সবুজ এবং হলুদ রঙের ক্যাপসিকাম, পেঁয়াজপাতা কুচি ২ চামচ, সামান্য চাট মশলা, ১/২ কাপ সেদ্ধ ভুট্টার দানা, ‘সুমন’ ব্যান্ড্রের গোল মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ।

প্রণালী: একটি প্যান কম আঁচে গরম করে ব্রেড-এর টুকরোগুলো দিন এবং মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিন। টম্যাটো থেকে বীজ বের করে টুকরো করে কেটে নিন। তিনটি ক্যাপসিকাম-এর থেকে বীজ বের করে কেটে টুকরো করে রাখুন। একটি ফ্লাইং প্যানে ১/২ চা চামচ মাখন গরম করুন এবং সমস্ত উপকরণ দিয়ে লবণ সহযোগে ভাজুন। হালকা ভাজা হয়ে গেলে, পেঁয়াজপাতা কুচি এবং উপর থেকে চাট মশলা এবং গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

দুধ, নারকোল এবং ক্রিম দিয়ে তৈরি এই সুস্বাদু মিষ্টি সকলের পছন্দ হবেই

সুইট ডিলাইট

উপকরণ: ১ কাপ গুঁড়োদুধ, ১ কাপ ভালো মানের ময়দা, ১ কাপ নারকেলকোরা, ২ চামচ গুঁড়োচিনি, ১ কাপ মিহিদানা, ১০-১২টি কুচি করে কাটা কাজু এবং সামান্য গোলাপ জল।

প্রণালী: ময়দা, গুঁড়োদুধ, নারকেলকোরা, চিনির গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে, সামান্য গোলাপ জল দিয়ে মেখে নিন। এরপর মাখা ময়দা লম্বা করে বেলে নিন এবং ওর মধ্যে মিহিদানা পুর হিসাবে ব্যবহার করে রোল করে রাখুন। এবার ওই লম্বা রোলটিকে ১ ইঞ্চি মাপের ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। এরপর হালকা আঁচে কিংবা মাইক্রো আভেন-এ গরম করে কাজু সহযোগে পরিবেশন করুন।

নতুন খেজুর গুড় এবং পদ্মের বীজ দিয়ে তৈরি এই রেসিপিটি শীতকালে আপনার রসনা তৃপ্ত করবেই

ড্রাইফ্রুট ডিলাইট

উপকরণ: ৫০ গ্রাম মাখনা, ৫০ গ্রাম চিনা বাদামের গুঁড়ো, ৫০ গ্রাম কাজু বাদামের গুঁড়ো, ১ কাপ খেজুর গুড়, ২ টেবিল চামচ ঘি, ১ গেলাস জল এবং ১ চামচ এলাচগুঁড়ো।

প্রণালী: ফ্রাইং প্যান-এ ঘি সহযোগে পদ্মের বীজ হালকা গরম করে রাখুন। কাজুবাদাম এবং চিনাবাদাম গুঁড়োও একই ভাবে হালকা ভেজে নিন। এবার এক গেলাস জলে গুড় যোগ করুন এবং গাঢ় হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। সবশেষে গুড়ের মধ্যে ভেজে রাখা পদ্মের বীজ এবং ভেজে রাখা বাদামগুঁড়ো মিশিয়ে হালকা ফুটিয়ে এলাচগুঁড়ো ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...