কবি— পুজো সংখ্যার জন্য সব পত্রিকাই তাড়া দেয়। ‘আমার লেখাটা আগে দিন প্লিজ, হাতে সময় নেই, প্রেস-এ যাবে’ ইত্যাদি। তাই পুজো সংখ্যায় যতটা পারা যায় গোঁজামিল, সার শূন্য লেখা দিয়েই চালিয়ে দিতে হতো।

চিত্রগুপ্ত— পাঠকদের ঠকাতে খারাপ লাগত না। বিবেক বাধা দিত না ?

কবি— না, কারণ বেশিরভাগ পাঠক ওগুলোই গোগ্রাসে গেলে আর বাহবা দেয়। তাতে আমাদের থেকে কোথাও ভালো সাহিত্য, কবিতা হলেও সেগুলো উঠে আসার সুযোগ কম।

চিত্রগুপ্ত— মাই লর্ড, প্রতিষ্ঠিত কবি হিসেবে এই কবি নিজের সততা ও বিবেকের কাছে আত্মবিসর্জন দিয়ে উৎসবের আবহে বছরের পর বছর পাঠক ঠকিয়ে গেছেন।

চিত্রগুপ্ত— আপনি তো কবিতা পাঠ করতে বিভিন্ন মঞ্চে যেতেন বলছিলেন, কখনও কবিতার শরীর ছাড়িয়ে কবিতায় ঢুকতে পেরেছেন, নাকি আমন্ত্রণপত্রে নিজের নাম আর মঞ্চের আসনে বিশিষ্ট কবি সাহিত্যিকদের আলোয় শুধু কবিতার শরীর রাঙিয়েছেন?

কবি— দেখুন সত্যি কথা বলতে কী, কবিতা পাঠ কেউ শুনতে যায় না, আর পড়ার ব্যাপারটাও তাই একটু যোগাযোগ, পরিচিতি, হইচই এইসব আর কী। আর এমনিতেও বেশিরভাগ কবিতা পাঠের সভাঘরে কবিরাই থাকেন। পাঠকদের উপস্থিতির সুযোগ থাকে না তেমন। সেইজন্য আমি ঠিক নিজেও জানি না কবিতার শরীর অতিক্রম করে কবিতায় ঢুকতে পেরেছিলাম কিনা।

চিত্রগুপ্ত— মাই লর্ড, কবিতার উপরে এক শরীর থাকে, ভিতরে তার নির্যাস। কবিতা পাঠে শরীর অতিক্রম করে সেই নির্যাস পর্যন্ত পৌঁছালে তবে কবিতা পাঠের আসর সার্থক। কিন্তু মর্তে সেই আসর যখন একটা ছল মাত্র, সেখানে কীভাবে সেই নির্যাসে পৌঁছানো যায়!

চিত্রগুপ্ত— মৃত্যুর ঠিক দু’বছর আগে কবিতার জন্য বরাদ্দ সবচেয়ে বড়ো পুরস্কারটি আপনি পান। তার আগে অবশ্য বেশ কিছু পুরস্কার, সম্মাননা পেয়েছেন।

কবি— ঠিক স্যার।

চিত্রগুপ্ত— আপনি আপনার ১৪টি কাব্যগ্রন্থের মধ্যে প্রথম দিকের দু-একটি বাদ দিয়ে তো প্রায় সব বইয়েই কিছু না কিছু পেয়েছেন?

কবি— ঠিক স্যার।

চিত্রগুপ্ত— আপনি এত খবর রাখতেন কী করে?

কবি— খবর তো রাখতেই হতো হুজুর।

চিত্রগুপ্ত— খবর পেতেন না?

কবি— হ্যাঁ স্যার, মাঝে মাঝে কিছু খবর পেতাম।

চিত্রগুপ্ত— আরও তো অনেক কবিই ছিল, তারা খবর পেত না?

কবি— কিছু পেত বইকি৷

চিত্রগুপ্ত— আর তাদের মধ্যে বিচারে আপনারটিই সেরা নির্বাচিত হতো, তাই তো?

কবি— ঠিক বলেছেন স্যার।

চিত্রগুপ্ত— কোনও পুরস্কারের জন্য বই জমা দেওয়ার বিজ্ঞপ্তি বের হতো?

কবি— না, সেরকম ভাবে বের হতো না। তবে বই তো জমাই দিত অনেকে, সেখান থেকেই….

কবিকে থামিয়ে চিত্রগুপ্ত বলতে শুরু করলেন,

—মাই লর্ড, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, যা ভবিষ্যতের তরুণ কবিদের ও বাংলা সাহিত্যের পথ নির্দেশক হবে, সেই সব বই, যেগুলি পুরস্কার পাবে, তার জন্য আগাম কোনও বিজ্ঞাপন দেওয়াই হতো না, কোনও পর্যালোচনাও হতো না! যখন কবির পুরস্কার দেখে মর্তে কবিত্ব মূল্যায়ন হয়, তখন এই ধরনের পুরস্কারের খতিয়ান তো বিচারকদের দেওয়া উচিত।

যম— কথা ঠিক।

চিত্রগুপ্ত— আসলে এই সাহিত্যে পুরস্কার ব্যাপারটাই একটা ছক। একজন শিল্পী তার রচনার থেকে পুরস্কার প্রাপ্তিতেই অধিক সময় ব্যয় করেন৷ কবে, কখন, কোথায়, কোন পুরস্কার কাকে দেওয়া হবে, তা পুরস্কার ঘোষণার পরই জানা যায়। একজন কবি কিংবা লেখক তার মূল্যবোধ ধূলিসাৎ করে এতে শামিল হন। আর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এমন সিস্টেমকেই সমর্থন করেন। কাজেই অন্যায় যে বা যারা করে আর অন্যায় যে বা যারা সহে, আপনি জানেন তারাও সমদোষী। এই কবিও এমন পদ্ধতি সমর্থন করে অপরাধ করেছেন।

(ক্রমশ……)

আরো গল্প পড়তে ক্লিক করুন...