কিছু সময় সবাই চুপ করে গেল। এমনকী কাকুর আশপাশে যারা দাঁড়িয়েছিল তারাও চুপ করে থাকল। সুমন্তর দুটো চোখ তখন উঠোনের চারদিকে ঘুরছে। অতনুদের খুব বড়ো করে নবান্ন উৎসব হতো। প্রথমদিন নিরামিষ, পরেরদিন মাংস। সুমন্তর দু’দিনই নিমন্ত্রণ থাকত। এ উঠোনেই এমন ভাবেই প্যান্ডেল খাটিয়ে খাওয়াদাওয়া করানো হতো।
—তুই একবার সময় পেলে মেয়েটার কাছে যাস সমু। আমি তো মুখ দেখাতে পারছি না।
সুমন্ত কথাগুলো শুনল, কিন্তু ও নিজেও শিপ্রার সামনে কীভাবে দাঁড়াবে সে বিষয়ে সন্দেহ আছে। অথচ ফোনে আগের সপ্তাহেও কত ভালো করে কথা বলল। রসের কথাও হল। যে মেয়ের বিয়ে অর্ধেক দিনেই শেষ হয়ে যায়…..
—শিপ্রা কোন ঘরে আছে কাকু? সুমন্ত জিজ্ঞেস করে।
কাকু মাথা নিচু করেই উত্তর দেয়, “তিন তলার ঘরে।”
—তিনতলা!
এই ঘরগুলো বিয়ের মাত্র এক মাস আগেই সম্পূর্ণ হয়েছে। অতনু নিজে সুমন্তকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়েছিল, এমনকী বিয়ের কেনাকাটাও। কিন্তু তারপরেও এমনি যে হতে পারে…।
তিনতলায় উঠে সুমন্তর গলা ধরে এল। নীচের দুটো তলাতে তাও একটু হাওয়া ছিল। এখানে উঠেই সুমন্তর শ্বাস নিতে কষ্ট হল। তিনতলাতেও চারটে ঘর। তাদের মধ্যে একটা ঘরের দরজা বন্ধ, বাকি সবগুলোর দরজা খোলা। সুমন্ত সেই বন্ধ দরজার সামনে এসে হালকা ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। সুমন্ত তাড়াতাড়ি আবার দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে মৃদু টোকা দিয়ে জিজ্ঞেস করল, ‘আসব…?’
কিছু সময় পরে ভিতর থেকে হালকা আওয়াজ এল, ‘হ্যাঁ। খোলা আছে।’
ঘরের ভিতরটা অন্ধকার। সুমন্ত ভিতরে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে বলল, ‘হাত বাড়িয়ে একটু আলোটা জ্বেলে নাও, ঘরটা তো খুব অন্ধকার।’
আলো জ্বলতেই সুমন্ত দেখল, বিছানার একটা কোণে শিল্পা গুটিয়ে বসে আছে। কপালে সদ্য একদিন আগের সিঁদুর দানের সিঁদুর লাগা আছে। মুখটা এক্কেবারে কালো হয়ে গেছে, চোখ দুটো লাল। বোঝা গেছে কাল থেকে কান্না, কোনও বিশ্রাম নেয়নি। সুমস্ত বিছানার এক কোণে কিছু সময় চুপ করে বসে থাকল। দু’জন মানুষ একটা ঘরে থাকলেও শ্বাস ছাড়া কোনও শব্দ হল না। এই নীরবতা ভেঙে প্রথম সুমন্ত বলে, ‘কিছু খেয়েছ?’
শিপ্রা মাথা নেড়ে ‘না’ জানায়।
—কিছু তো খেতে হবে, ওদিকে কাকিমাও কিছু খায়নি, এদিকে তুমি….
—সমুদা আমার তো কোনও দোষ নেই বলো। ঠিকুজি কোষ্ঠী সব তো মেলানো হয়েছিল? তুমি তো আমার সঙ্গে আগেও কথা বলেছ, আমি তো…
সুমন্ত চুপ করে যায়। এই সময় কী উত্তর দেবে। শিপ্রা যথেষ্ট ভালো মেয়ে। দেখতে খুব সুশ্রী না হলেও, কথাবার্তা খুব সুন্দর। নিজের গ্রাম থেকে প্রতিদিন বাসে চেপে শহরের কলেজে পড়াশোনা করেছে, কম্পিউটার শিখেছে। বিয়ের পর অবশ্য আর পড়াশোনা করতে পারবে না এই একটা অলিখিত শর্ত চাপানো হয়েছিল। কোনও প্রতিবাদ করেনি। আরও দুটো বোন আছে, বড়ো বোনের বিয়ে না হলে তাদেরও বিয়ে দেওয়া সমস্যা হয়ে যাবে।
—এরকম কেন বলছ? সুমন্ত জিজ্ঞেস করে।
—যে মেয়ের বিয়ের পরের দিনেই বর মারা যায়, সে আর কী বলতে পারে বলো।
শেষ কথাগুলো বলবার সময় শিপ্রা আবার ফুঁপিয়ে ওঠে। সুমন্ত জড় পদার্থর মতো বসে থাকে। শিপ্রার মাথায় হাত বোলাতে ইচ্ছে করে। ডান হাতটা তুলেও নামিয়ে নেয়। খুব আস্তে আস্তেই বলে, “দ্যাখো যা হয়ে গেছে সেটা তো আর…’
—আচ্ছা ওর কি অন্য কারওর সঙ্গে কোনও সম্পর্ক ছিল?
—সম্পর্ক! সুমন্ত এক্কেবারে অবাক হয়ে উত্তর দিল, ‘না না, তাহলে আমি আগে জানতাম৷’
—তাহলে এমন করল কেন? যেদিন আমাকে নিয়ে এল সেদিনই…।
এবার সুমন্ত একটা জোরে শ্বাস ছেড়ে উত্তর দিল, ‘এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই শিপ্রা। যদি থাকত, আমি সব থেকে খুশি হতাম। এখন আমি নিজেও একটা অপরাধ বোধে ভুগছি। তোমাকে দেখতে অতনুর সঙ্গে আমিও তো গিয়েছিলাম।’
আবার কিছু সময়ের জন্যে সুমন্তরা কোনও কথা বলল না। কিছু সময় পরে সুমন্ত শিপ্রার দিকে তাকিয়ে বলল, “আমি এবার উঠি। বাড়িতে শুধু ব্যাগটা নামিয়ে দিয়েই বেরিয়ে এসেছি।”
সুমন্ত চৌকাঠ পেরোতে যাবে এমন সময় শিপ্রা বলে উঠল, ‘সমুদা, আমাকে ওই জায়গাটাতে একবারের জন্যে নিয়ে যাবে?”
—কোথায়?
—যেখানে মানুষটা শেষবারের জন্যে গেছিল।
—নদীর ওখানে, কী করবে?
—দেখব, জায়গাটা কি আমার থেকেও বেশি আদর করল? একটু তো অপেক্ষা করতে পারত।
সুমন্তর বুক ফেটে গেল। আর থাকতে পারল না। দোতলাতে নেমে কাকিমাকে আগের মতোই শুয়ে থাকতে দেখল। শুধু পাশে কাকু বসে আছে। আগের ভিড়টা আর নেই। সুমন্ত তাদের কাছে বিদায় নিতে যেতেই কাকু বলে উঠল, ‘মেয়েটার কপাল দেখলি সমু আমাদের থেকেও খারাপ। এবার কী করবে, কিছুই বুঝতে পারছি না।’
সুমন্ত কিছু সময় চুপ করে থেকে মাথা নিচু করেই উত্তর দিল, “শিপ্রা একবার নদীর ধারে যাওয়ার কথা বলছে, যেখানে অতনু…’
কাকু খুব আস্তে আস্তে সুমন্তর দিকে মুখ তুলে তাকাল। একবার কাকিমার দিকেও দেখে নিল। তারপর আস্তে আস্তে বলল, ‘যা নিয়ে যা। অতনুর বডি আমাদের হাতে তুলে দিতে রাত হয়ে যাবে। সেই সময়টাতে মেয়েটাকে একটু বাইরে কোথাও রাখতে পারবি, নাকি ঠিক হবে না। কিছু ভাবতে পারছি না রে, কিচ্ছু ভাবতে পারছি না।’ কাকু তারপরেই ডুকরে কেঁদে উঠল।
সুমন্ত আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার হাত পায়ে একটা অস্বস্তি হতে লাগল। অনেকটা খোলা আকাশ চায়, একটু শ্বাস নেবে। কিন্তু শিপ্রা! তার কী হবে?
(সমাপ্ত)





