দাদা তো সেই কাল রাত থেকে একবার হাসপাতাল, একবার থানা— এই করে বেড়াচ্ছে। ছেলেটা যে কী করল! সুমন্ত আবার একটা লম্বা শ্বাস ফেলে চুপ করে বসে থাকল। মনের ভিতর অতনু ও তার বন্ধুত্বের টুকরো টুকরো সব ঘটনা মনের ভিতর দপ দপ করতে আরম্ভ করেছে। সেই একসঙ্গে প্রাইমারি স্কুল, সেখান থেকে হাইস্কুল যাওয়া, লুকিয়ে বিড়ি খাওয়া, ধরা পড়ে যাওয়ার পর হেডস্যারের কাছে উদোম মার খাওয়া। স্মৃতি তো শেষ হয় না। ভিতর থেকে একটা চাপা কষ্ট বেরিয়ে আসতে চেয়েও কেমন করে যেন চেপে গেল৷ ভিতরটা তো ফেটে যাচ্ছে, অথচ মুখে একটা কথাও বলতে পারছে না। সুমন্ত চোখ দুটো বন্ধ করে নিল। খুব অল্প কিছু সময় চোখ বন্ধ করে বসেছিল। যখন চোখ দুটো খুলল, অবস্থার কোনও পরিবর্তন তার চোখে পড়ল না। সুমন্ত চারদিকটা একবার দেখে নিয়ে খুব হালকা গলায় বলল, ‘একবার দেখব, যদি আমার হাতে কাকিমা খায়!’
—হ্যাঁ, হ্যাঁ, দেখো। এটা আর বলবার কী আছে। আমরা তো এতক্ষণ ধরে চেষ্টা করে কিছু করতে পারলাম না। সুমন্ত আস্তে আস্তে উঠে কাকিমার মাদুরে বসল। তারপর মাথায় হাত বুলিয়ে খুব মৃদু ভাবে বলল, ‘কাকিমা, আমি সমু, একবার উঠে একটু কিছু খাও। না হলে তোমার শরীরও খারাপ হয়ে যাবে।’
কোনও উত্তর পেল না। চোখের দুটো পাতা নড়ল না পর্যন্ত। সুমন্ত কাকিমার চোখ মুখ নিজের রুমাল দিয়ে মুছিয়ে দিল। জলের গেলাসটা মুখের সামনে তুলে কিছু সময় যথেষ্ট চেষ্টা করে গেল। কিছু সময় পর শুধু কাকিমার দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়বার সঙ্গে তার ঠোঁট দুটো কাঁপতে লাগল। সুমন্ত কতবার যে এই বাড়িতে দুপুরের ভাত, রাতের রুটি, বা টিফিন খেয়েছে তার হিসেব কোনও ভাবেই মনে রাখতে পারবে না। কিন্তু কাকিমার এই অবস্থা সে কিছুতেই সহ্য করতে পারল না। তার চোখ দুটো ভিজে গেল। সোজা নীচের তলাতে নেমে চলে এল। ততক্ষণে অতনুর বাবা ফিরে এসেছেন। উঠোনে রাখা বিয়ে বাড়ির একটা চেয়ারে হাতে মাথা রেখে বসে আছেন। তাঁকেও কয়েকজন মিলে ঘিরে রেখেছে। সুমন্ত তাঁর কাছে গিয়ে হালকা স্বরে দু-বার কাকু বলবার পর উনি মুখ তুলে সুমন্তর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ‘কখন এলি?’
সুমন্ত উত্তর দিতেই উনি আবার জিজ্ঞেস করলেন, ‘টিফিনের অর্ডারগুলো ক্যানসেল করেছিস?’
গতকাল রাতেই সুমন্তদের আরেক বন্ধু বুদ্ধদেব ফোন করে খররটা দেয়। সুমন্তর হাত পা কাঁপতে আরম্ভ করে। বুদ্ধদেব টিফিনের ব্যাপারটা বলে। সুমন্ত সঙ্গে সঙ্গে সেই দোকানে ফোন করে সব কিছু জানায়। অতনুর বাবার প্রশ্নের উত্তরে সুমন্ত সে কথা জানিয়ে তাঁকে এই বিষয়ে চিন্তাভাবনা করতে বারণ করে। অতনুর বাবা খুব আস্তে আস্তে উত্তর দেন, ‘তা কী করে হবে রে, এত চিন্তা এবার কে করবে? একমাত্র ছেলে, কোথায় এই সময় একটু বাবা-মায়ের পাশে দাঁড়াবে, সেই জায়গায় নিজেই পালিয়ে গেল। বিয়ে করবি না, বলতে পারতিস, জোর করতাম না। এভাবে ওই মেয়েটার জীবনটা নষ্ট করবার কোনও মানে হয়!’
সুমন্ত নিজে অতনুর সঙ্গে মেয়ে দেখতে গেছিল। অতনুর মায়ের শরীর ভালো নয়। বাড়িতে লোক লাগবে। তাই খুব তাড়াতাড়ির মধ্যেই সব কিছু ঠিক হয়। সুমন্তর অবশ্য এখন সেসব দিকে কোনও নজর নেই। এখন একটা বেসরকারি কলেজের বিএড বিভাগের টিচার-ইন-চার্জের দায়িত্ব সামলাচ্ছে। তার সঙ্গে এমএড বিভাগেও রিসার্চ মেথোডোলজির ক্লাস নেয়। অল্প একটু জমি থাকলেও অতনুদের মতো সারা জীবন বাড়ির পয়সায় বসে বসে খেতে পারবে না। তাই মা বিয়ের কথা তুললেই সুমন্ত তাঁকে চেপে দিচ্ছে। সুমন্ত কিন্তু মেয়ে দেখতে গিয়ে অতনুকে প্রতিবারেই জিজ্ঞেস করেছে, “কি রে পছন্দ?’ অতনু কখনও অপছন্দের কথা জানিয়েছে, কখনও বা মুচকি হেসে নিজের পছন্দের কথাও জানিয়েছে। শিপ্রাকে তো অতনুর পছন্দই হয়েছিল। তারপরেও কী হল…
—কিছু বুঝতে পারোনি, কাকু?
অতনুর বাবা মাথা নাড়তে নাড়তেই উত্তর দিল, ‘কীভাবে বুঝব? বউ নিয়ে ঘরে ঢুকল, সবার সঙ্গে বসে খাবার খেল। আগের রাতে কারওরই ভালো করে ঘুম হয়নি। দুপুরে সবাই একটু শুয়েছিল। সেই ফাঁকে ও বাইক বের করে সোজা নদীর ধারে চলে যায়। আগে থেকে কিনে রেখেছিল, না কালই কিনেছিল জানি না। ধানের পোকা মারার ওষুধ খেল। অনেকে খেতে দেখেছে, আজ জানতে পারলাম। কিছু বলেনি। কিই বা বলবে। একটা কোল্ড ড্রিংক্সের বোতলও কিনেছিল।’
(ক্রমশ…)





