সকালবেলায় ঘরের অবস্থা দেখে সুমিত্রার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল! ছেলে তো সেই সকাল সাতটার আগেই স্কুলের জন্য রওনা হয়ে গেছে। প্রতিদিনই স্কুলবাস আসে বাড়ির দরজায়। আর অমিতাভও তো অফিসের জন্য বেরিয়ে গেল। বাড়ি ফাঁকা, তবুও সুমিত্রার কোনও বিশ্রাম নেই। দু-কামরার ফ্ল্যাটটাকে বাপ-ব্যাটা মিলে আস্তাকুঁড় বানিয়ে ফেলেছে! চারিদিকে জামাকাপড় ছড়িয়ে রেখে গেছে।
ছেলে সুমন পড়াশোনা যত না করেছে, তার থেকে বই-খাতা ছড়িয়েছে বেশি। সারা মেঝেতে দলাপাকানো কাগজ ছড়িয়েছে। এগুলো সব পরিষ্কার করে, ঘর-দোর গুছিয়ে সাজিয়ে তুলতে সুমিত্রার পাক্কা দু-তিন ঘণ্টা লেগে যাবে। আর কোথা থেকে যে শুরু করবে ভেবে পাচ্ছিল না সুমিত্রা।
বাথরুমে ঢুকে ভেজা টাওয়েল এবং অমিতাভ-র ছেড়ে যাওয়া শার্ট আর গেঞ্জিটা বার করে ওয়াশিং মেশিনে ফেলতে যাচ্ছিল। সুমিত্রা, এমন সময় খাটের পাশে রাখা মোবাইলটা বেজে উঠল। বিরক্ত হল সে। এই অসময়ে কার ফোন হতে পারে? সব রাগ গিয়ে পড়ল মোবাইল কোম্পানিগুলোর উপর। ওরা ছাড়া এই অসময়ে আর কে-বা হতে পারে! লেটেস্ট গানের কলার টিউন দিচ্ছে বলে ফোন করে করে জ্বালিয়ে যাবে। পুরো ব্যাপারটাই সুমিত্রার বুজরুকি কারবার ছাড়া কিছু মনে হয় না।
বিরক্ত হয়ে হাতটা নাইটিতে মুছে নিয়ে সুমিত্রা ফোনটা তুলে নিল। কলার আইডি দেখে সুমিত্রার রাগ মুহূর্তে গলে জল হয়ে গেল। বিলাসপুর থেকে ননদের ফোন। একটু চিন্তিতও হল সুমিত্রা। দিদি সাধারণত দুপুরের দিকেই ফোন করে। আজ কী হল যে, এত সকাল সকাল ফোন করছে?
হ্যালো দিদি, কেমন আছো? আজ এত সকাল সকাল ফোন করেছ। সব ঠিক আছে তো?
—না সুমিত্রা, সব মনে হচ্ছে ঠিকঠাক নেই।
—কী হয়েছে, খারাপ খবর শোনার আশঙ্কায় ঘাবড়ে গেল সুমিত্রা। যত খারাপ খবর সব কি এই সকালেই আসতে হয়? —অনুর শরীরটা মনে হয় ভালো নেই। সেদিন ফোন করেছিলাম, ও ঘরে ছিল না। ওর রুমমেট বলল, সারারাত নাকি অনু ঘুমোয় না। জিজ্ঞেস করলে বলে ঘুম আসছে না। শরীরে অস্বস্তি হচ্ছে।
—কবে থেকে এটা হচ্ছে?
—দু’তিন মাস ধরে চলছে। কেঁদে ফেলে দিদি।
—দিদি, শুধু শুধু কাঁদছ কেন? আমাকে আগেই তো বলতে পারতে, আমি একবার গিয়ে খোঁজ করে আসতাম। ঠিক আছে, আমি আজই একবার চলে যাব। ঘড়ির দিকে তাকায় সুমিত্রা, দিদি এখন ন’টা বাজে, একটু পরেই ওর কলেজ শুরু হয়ে যাবে। বিকেল ছাড়া ওর সঙ্গে দেখা হবে না। ওর সঙ্গে দেখা করে আমি তোমাকে রাতে ফোন করব। চা-জলখাবার খেয়েছ?
—না…
—সে কী? যাও, নিশ্চিন্তে খাওয়াদাওয়া করো। আমি বাড়ির কাজ সেরে সুমন আসা পর্যন্ত অপেক্ষা করে বেরোব। তুমি এখন ফোন রাখো। আমিও কাজ সেরে স্নান করে নিই। বলেই সুমিত্রা ফোন রাখল।
বাড়ির কাজ করতে করতে সুমিত্রার মাথায় ঘুরতে থাকে অনু মানে দিদির মেয়ে তানিয়ার কথা। শেষবার যখন দেখা হয়েছিল। তখন অনুর শরীর তো ঠিকই মনে হয়েছিল। বাড়ির এবং আত্মীয়স্বজনের সবক’টি ছেলেমেয়ের মধ্যে অনুই সবথেকে ভালো পড়াশোনায়। এছাড়াও প্রচণ্ড পরিশ্রমী এবং খেলাধুলাতেও খুবই ভালো। সুমনকে সবসময় পরামর্শ দেয় সুমিত্রা, ওর দিদির থেকে কিছু শেখার জন্য। কিন্তু সুমনের পড়াশোনাতে মন আছে বলেই মনে হয় না সুমিত্রার। প্রতি মাসে পাঁচ-ছয় হাজার টাকা তো ওর টিউশন-এ খরচ হয়ে যায়।
তাড়াতাড়ি বাড়ির কাজ আর রান্নাবান্না সেরে স্নান সেরে নিল সুমিত্রা। সুমনের বিকেলের জলখাবারের জন্য কচুরি তৈরি করে ক্যাসারোলে তুলে রেখে দিল সুমিত্রা, যাতে ছেলেটা বিকেলে ‘খিদে খিদে’ করে পঞ্চাশবার ফোন না করে। কয়েকটা অনুর জন্যেও প্যাক করে গুছিয়ে নিল। মেয়েটা বড়ো ভালোবাসে এইসব খেতে। হস্টেলে পাবেই বা কোথায়? দিদির এই মেয়েটাকে বড়ো ভালোবাসে সুমিত্রা। আজকালকার দিনে এমন মেয়ে খুব একটা চোখে পড়ে না।
সুমিত্রা চাইছিল অনুকে সারপ্রাইজ দিতে, তাই ওকে ইচ্ছে করেই ফোন করল না। একটার মধ্যে সুমন স্কুল থেকে বাড়ি ঢুকলে মা-ব্যাটায় দুপুরের খাবার খেয়ে সুমনকে সব বুঝিয়ে, সুমিত্রা অনুর হস্টেলে যাওয়ার জন্য বেরোল। বাসস্ট্যান্ড অবধি পৌঁছাতে পৌঁছাতে অমিতাভকেও সবকিছু জানিয়ে রাখল।
অনুর হস্টেল, শহর থেকে একটু দূরে। দু’বার বাস বদল করে যেতে হয়। ওর হস্টেলে যখন পৌঁছাল সুমিত্রা, তখন চারটে বেজে গেছে। হস্টেল থেকে মেয়েরা বেরিয়ে কেউ কেউ টিউশন নিতে যাচ্ছে।
হস্টেলে ঢোকার মুখেই দেখা হল অনুর রুমমেটের সঙ্গে। আগেই আলাপ হয়েছিল সুমিত্রার সঙ্গে, নাম অঙ্কিতা। সুমিত্রাকে দেখেই হাসিমুখে এগিয়ে এল, পায়ে হাত দিয়ে প্রণাম করল।
—কেমন আছো? আশীর্বাদের ভঙ্গিতে অঙ্কিতার মাথায় হাত রাখল সুমিত্রা।
—ভালো, মামিমা। আপনার আজকে আসার কথা ছিল? অনু জানে আপনি আসবেন?
—না, ওকে জানাইনি, সারপ্রাইজ দেব বলে। কিন্তু ও কোথায়? সুমিত্রা জিজ্ঞেস করে। -ও রুমে আছে, বলে অঙ্কিতা চলে গেল।
সুমিত্রা সিঁড়ি দিয়ে উঠে ওয়ার্ডেনের ঘরের দিকে পা বাড়াল। রেজিস্টারে সাইন করে তবেই অনুর ঘরে যাওয়ার পারমিশন পাবে। সাইন করে অনুর রুমের সামনে গিয়ে অভ্যাসবশত দরজায় হাত দিয়ে ঠেলতেই দরজাটা সামনের দিকে কিছুটা খুলে গেল। ঘরটা অন্ধকার। অনু সিলিঙের দিকে দৃষ্টি মেলে চুপচাপ শুয়ে আছে। বাইরের নিভু নিভু আলোয় ঘরের ভিতরের অবয়ব অস্পষ্ট, ধোঁয়াটে। সুমিত্রা পা টিপে রুমে ঢুকে দরজা ভেজিয়ে দিল। অনু কিছুই টের পেল না। ধীর পায়ে সুমিত্রা ওর মাথার পিছনে দাঁড়িয়ে দুই হাতে অনুর চোখ চেপে ধরল।
—কে… কে? ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে অনু।
—বল তো কে…
—ও… মামি, তুমি। গলার আওয়াজ চিনতে পেরে ওর সারা মুখে হাসি ছড়িয়ে যায়। বিছানা থেকে উঠে লাইট জ্বালায় অনু। সুমিত্রা খাটের পাশে গিয়ে বসে। হাতটা ভিজে ভিজে ঠেকে, “কীরে কাঁদছিলিস নাকি? আর এই অবেলায় ঘরের আলো বন্ধ করে শুয়ে আছিস কেন?’
—না তো, তাড়াতাড়ি করে চোখের জল মোছবার চেষ্টা করে অনু।
ভালো করে তাকায় সুমিত্রা ওর দিকে। অনুর চোখ লাল হয়ে ফুলে উঠেছে। মুখটাও শুকনো, চোখের কোলে কালি পড়েছে। চুলগুলো অবিন্যস্ত, অগোছালো।
(ক্রমশ…)





