শারদোৎসব মানেই পরিবারের সকলে মিলে আড্ডা, মণ্ডপে ভ্রমণ, খাওয়াদাওয়া আর হইহুল্লোড়ে ভরে থাকে দিনগুলি। তাই উৎসবের দিনগুলির পোশাক, মেক-আপ, চুলের বাহার, সবই হতে হবে একটু অন্যরকম, সবার থেকে আলাদা।

ভোরবেলা ঘুম থেকে ওঠা আপনার ধাতে থাকুক বা না থাকুক, বিশেষ কয়েকটি দিনে কিন্তু বাঙালিরা এক্কেবারে সক্কাল সক্কাল উঠে, স্নান সেরে, সাজুগুজু করে রেডি থাকেন। শারদোৎসবের দিনগুলিও এমনই, এই সময় সব্বাই ঘরে-বাইরে নজর কাড়তে চান চেনা-অচেনা সকলের। তাই, এই বিশেষ দিনগুলিতে সাজতে ভালোবাসেন সব্বাই। অতএব, পোশাক বাছতে হবে বেশ ভেবে-চিন্তে। অন্যান্য দিনগুলোতে পশ্চিমি পোশাক পরার কথা যদি ভাবেনও মেয়েরা, অষ্টমীতে কিন্তু বেশিরভাগ বাঙালি মেয়েই শাড়ি পরতে চান এবং লাল পাড় সাদা শাড়ি পরার চলই বেশি থাকে।

অষ্টমীতে গাঢ় রঙের শাড়ি ও পোশাকও বেছে নিতে পারেন। লাল, মেরুন, তসর, সিল্ক, কাতান পরা যেতে পারে এই দিন। আঁচলে ভারী কাজ আছে এ রকম লালপাড়ের শাড়ি এক প্যাঁচ করে পরলে ভালো দেখাবে। তবে যারা শাড়িতে খুব বেশি স্বচ্ছন্দ নন, তারা কুর্তা-চুড়িদার পরতে পারেন।

সাজতে হবে পরিশীলিত ভাবে। অষ্টমী হোক আর যাই হোক, সকালের মেক-আপ কিন্তু একদম চড়া হবে না। ফাউন্ডেশন, কনসিলার, কন্টুরিং- – এগুলোকে তুলে রাখুন। মুখ ভালো করে পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু যদি মেক-আপ করতেই হয়, তা হলে নিজের কমপ্লেকশন অনুযায়ী বিবি ক্রিম লাগাতে পারেন। তবে সামান্য পরিমাণে নেবেন, যাতে দেখে মনে না হয় একটা আলগা আস্তরণ পড়েছে মুখে। পিচ ব্লাশ অন লাগাতে পারেন চিকবোনের ধার ঘেঁষে, আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপগ্লস। চাইলে অবশ্য ম্যাট ফিনিশ লিপস্টিকও লাগাতে পারেন। চোখে উইংড আইলাইনার লাগাতে পারেন, আবার ঘন করে কাজলের রেখাও টানতে পারেন। একটা ছোট্ট টিপ পরতে ভুলবেন না।

সন্ধ্যার সাজটা আবার একদম অন্যরকম হোক। ওয়েস্টার্ন ড্রেস আর পার্টি মেক-আপে একদম ভিন্ন লুক-এ নিজেকে প্রেজেন্ট করে, সবাইকে চমকে দিতে পারেন। মুখে একটু কালার যোগ করতে, ক্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন পিংক, কোরাল, অরেঞ্জ, ব্রাউন, পিচ ইত্যাদি রং। উৎসবের গর্জিয়াস মেক-আপের সঙ্গে হাইলাইটার কিন্তু বেশ জমকালো লুক আনতে সাহায্য করবে। হাইলাইটার ব্রাশের সাহায্যে পাউডার হাইলাইটার নিয়ে চিক বোনে, কপালে, আইব্রো বোনে, আইব্রোর উপরের দিকে, নাকের উপরে, থুতনিতে এবং ঠোঁটের উপরে লাগিয়ে নিন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...