বলিউড বাদশা শাহরুখ খানের নাম সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ১ অক্টোবর, ২০২৫-এ প্রকাশিত ‘হুরুন রিচ লিস্ট ২০২৫’ অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১২,৪৯০ কোটি টাকা।

উল্লেখযোগ্য যে, কোটিপতিদের তালিকায় অন্তর্ভুক্ত শাহরুখ খান বিদেশী অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার, টেলর সুইফট, সেলেনা গোমেজ, টম ক্রুজ প্রমুখ ধনী অভিনেতাদের অনেক পিছনে ফেলেছেন। ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদন অনুসারে, শাহরুখের মোট সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি টাকা। তবে শাহরুখের মতে, সাফল্য অর্জনের চেয়ে তা ধরে রাখা অনেক বেশি কঠিন।

শাহরুখ খান টিভিতে, অর্থাৎ ছোটো পর্দায় ‘ফৌজি’ এবং ‘সার্কাস’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। সেই সময় শাহরুখ খানও হয়তো কল্পনা করেননি যে, একদিন তিনি এত বড়ো অভিনেতা হয়ে উঠবেন যে, তাঁকে সমগ্র বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা বলা হবে। কিন্তু তাঁর মা নিশ্চিত ভাবেই বিশ্বাস করতেন যে, একদিন তাঁর ছেলে শাহরুখ একজন অভিনেতা হিসেবে সকলের হৃদয়ে রাজত্ব করবে এবং লক্ষ লক্ষ হৃদয়ের স্পন্দন হিসেবে পরিচিত হবে। শাহরুখ খান এক সাক্ষাৎকারে তাঁর মায়ের এই আত্মবিশ্বাসের কথা প্রসঙ্গে জানিয়েছিলেন যে, আজ যদি তাঁর মা বেঁচে থাকতেন, তাহলে তিনি তাঁর ছেলের এই সাফল্য দেখে খুব খুশি হতেন।

শাহরুখ খানের মতে, একজন শিল্পীর পক্ষে সাফল্য অর্জন করা হয়তো ততটা কঠিন নয়, কিন্তু তা ধরে রাখা অনেক কঠিন। গত কয়েক বছরে, শাহরুখ তাঁর জীবনে অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি কখনও কাজের উপর তার প্রভাব পড়তে দেননি। মজার ব্যাপার হল, সম্প্রতি যখন শাহরুখ খান তাঁর বাংলো ‘মান্নাত’ সংস্কারের জন্য অন্য জায়গায় চলে যান, তখন কিছু ভণ্ড জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করতে শুরু করেন যে, শাহরুখ খান দেউলিয়া হয়ে পড়েছেন, যার কারণে তাঁকে তাঁর বাংলোটি বিক্রির জন্য খালি করতে হয়েছে। আর এই ভবিষ্যদ্বাণীর জবাবে শাহরুখ বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠলেন।

শাহরুখ খানের বিশেষত্ব হল, যাই ঘটুক না কেন, তিনি কখনও মেজাজ হারান না এবং কখনও খারাপ আচরণ করেন না। তিনি কেবল প্রকাশ্যে ঘোষণা করেন, তোমাদের চেয়ারগুলো শক্ত করে বেঁধে রাখো, কারণ আবহাওয়া বদলে যেতে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হল যে, সত্যিই তিনি আসলে আবহাওয়া বদলে দিয়েছেন। একজন অভিনেতা হিসেবে, তাঁর ‘জওয়ান’ এবং ‘পাঠান’ চলচ্চিত্রের অসাধারণ সাফল্যই এর প্রমাণ।

অভিনয়ের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ করে শাহরুখ ১০ হাজার কোটি টাকারও বেশি আয় করেছেন। একটা সময় ছিল যখন অনেক বলিউড অভিনেতা তাদের উপার্জিত অর্থ সুরা এবং নারীদের জন্য নষ্ট করতেন। আর সেই কুঅভ্যাস যৌবনে তাঁদের ধ্বংস করে দিত এবং জীবনের শেষ দিনগুলি বড়ো করুণ অবস্থার মধ্যে কাটত।

কিন্তু আজকের অভিনেতারা গ্ল্যামার জগতের সীমিত সময়সীমা সম্পর্কে সচেতন। যার কারণে তাঁরা অভিনয় থেকে অর্জিত অর্থ কোনও না কোনও ব্যাবসায় বিনিয়োগ করেন, যার সর্বশেষ উদাহরণ হলেন ১২,৪৯০ কোটি টাকার মালিক শাহরুখ খান। তিনি তাঁর অভিনয় থেকে উপার্জিত অর্থ বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ করেছিলেন এবং সেই অর্থ দ্বিগুন-তিনগুন করে এবং তার চেয়েও বেশি আয় করে তিনি নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তাই বলা যায়, তিনি আজ নিজগুণে রাজার রাজা।

কীভাবে তিনি ধাপে ধাপে নিজেকে রাজার রাজা করে তুলেছেন তারই এক ঝলক—

এক বছরে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ৫,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। 2024 সালে শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ছিল ৭,৩০০ কোটি টাকা। তবে, মাত্র এক বছরে, ২০২৫ সালে, তাঁর মোট সম্পদের পরিমাণ ৭, ৩০০ কোটি টাকা থেকে বেড়ে ১২,৪৯০ কোটি টাকা হয়েছে।

সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক ছাড়াও, শাহরুখ খান তাঁর প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ থেকেও প্রচুর আয় করেন। যেখানে তিনি চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপন প্রযোজনা করেন। তাঁর প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত ‘জওয়ান’ এবং ‘ডাংকি’ ছবি দুটি অত্যন্ত সফল হয়েছে। এছাড়াও, ২০০৬ সালে, শাহরুখ রেড চিলিজ ভিএফএক্স প্রতিষ্ঠা করেন, যা একটি অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্ট স্টুডিও।

এছাড়াও, শাহরুখ খান ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য কোটি কোটি টাকা চার্জ করেন। সেইসঙ্গে, স্ত্রী গৌরী খান “ডি ডেকর’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং তাঁর ছেলে আরিয়ান খান বিলাসবহুল পোশাক ব্র্যান্ড D’YAVOL X- এর অন্যতম মালিক। এছাড়াও, আরিয়ান ১২০ কোটি টাকা বাজেটে ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজটি প্রযোজনা করেছিলেন, যা ভালো ব্যাবসা করেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এর মূল্য ২০০ কোটি টাকা এবং সংস্কারের পর এটি আরও বাড়বে।

এছাড়াও, শাহরুখ খানের দিল্লি, আলিবাগ, দুবাই এবং লন্ডনে সম্পত্তি আছে। লন্ডনের পার্কলেনে অ্যাপার্টমেন্ট, বাভার্তি হিলসে ভিলা, দিল্লিতে সম্পত্তি, আলিবাগে ফার্মহাউস, দুবাইতে নতুন বাড়ি ইত্যাদি রয়েছে। শাহরুখ খান, রেডিকো খৈতান এবং নিখিল কামাথের সঙ্গে, ‘ডি’ইভল স্পিরিটস’ প্রতিষ্ঠা করেন। এটি একটি বিলাসবহুল অ্যালকোহল কোম্পানি, যা প্রিমিয়াম স্পিরিট উৎপাদন এবং বাজারজাত করে।

শাহরুখ খানের গাড়ির সংগ্রহ

শাহরুখ খানের কাছে বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে রোলস রয়েস এবং অডি পর্যন্ত অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে। তাঁর সবচেয়ে দামি গাড়ি বুগাটি ভেরনের দাম- ১২ কোটি টাকা, রোলস রয়েস এস এক্স ৪-এর দাম ৯.৫ কোটি টাকা এবং ব্যাটেল কন্টিনেন্টালের দাম ৩.২৯ কোটি টাকা।

এছাড়াও, ক্রিকেটপ্রেমী শাহরুখের আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স রয়েছে, যাদের ব্যান্ড মূল্য ৯৬৬ কোটি টাকারও বেশি। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স আইপিএল দলের সহ-মালিক, যেখান থেকে তিনি ভালো আয় করেন।

—আরতি সাক্সেনা

আরো গল্প পড়তে ক্লিক করুন...