বাড়িতে তৈরি খাবার খেয়ে এবং খাইয়ে আনন্দ উপভোগ করা যায়। তাই, হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপাদান দিয়ে তৈরি করে নিন লোভনীয় কয়েকটি খাবার। রইল রেসিপিজ।
নার্গিসি কোফতা
উপকরণ : ২০০ গ্রাম পনির, ১/৪ ছোটো চামচ হলুদগুঁড়ো, ১/৪ ছোটো চামচ গরমমশলা, এক চিমটে জোয়ান, এক চিমটে চাটমশলা, ১/২ কাপ বেসন, ভাজার জন্য তেল, নুন স্বাদমতো।
গ্রেভির জন্য : ২ ছোটো চামচ তেল, ২ ছোটো চামচ মৌরি, ২টো লবঙ্গ, ২টো এলাচ, ৭-৮টা পেপার কর্ন, ১/২ ছোটো চামচ জিরে, ২টো তেজপাতা, ১ ছোটো চামচ কসৌরি মেথি, ১/২ ছোটো চামচ গরমমশলা, ১.১/২ কাপ দুধ, ১ কাপ জল, ১/৪ ছোটো কাপ ক্রিম, সাজানোর জন্য ধনেপাতা বা পুদিনাপাতা
প্রণালী: একটা পাত্রে পনির ম্যাশ করে নিন। এতে হলুদগুঁড়ো, গরমমশলা, জোয়ান, চাটমশলা, বেসন ও নুন দিয়ে ভালো ভাবে মেশান। এবার ভালো ভাবে চটকে বল তৈরি করুন। প্যানে তেল গরম করে, ডোবা তেলে কোফতাগুলো ভেজে নিন। ভাজা হলে আলাদা পাত্রে তুলে রাখুন।
এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করুন। অন্য একটি কড়ায় মৌরি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ দিয়ে একটু শুকনো অবস্থায় ভেজে নিন। আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন ও বেটে নিন। ওদিকে তেল গরম করা ফ্রাইপ্যানে জিরে ফোড়ন দিন। তেজপাতা দিন। একটু গরমমশলা দিন এবং দুধ ঢেলে ফুটতে দিন। এই দুধে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিন। একটু জল ও কসৌরি মেথি দিন। এবার ৫ মিনিট রান্না হতে দিন।
মশলা ভালো ভাবে মিশে গেছে বুঝলে, এতে স্বাদমতো নুন দিন ও ক্রিম ঢেলে একটু নাড়াচাড়া করুন। গ্রেভি একটু ঘন হলে এতে কোফতাগুলো দিয়ে দিন। ধনেপাতা বা পুদিনাপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করুন।

বাদামে ভরা বরফি
উপকরণ: ২ কাপ বেসন, ৩০০ গ্রাম চিনি, ১ কাপ দেশি ঘি, ১ বড়ো চামচ বাদামগুঁড়ো, ১৫০ গ্রাম মেওয়া, ৪ বড়ো চামচ বাদাম ২ টুকরো করা, ১/৪ ছোটো চামচ এলাচগুঁড়ো, ২ বড়ো চামচ দুধ, ১ কাপ জল।
প্রণালী: মেওয়া কুচি করে শুকনো কড়ায় হালকা ভেজে নিন। বেসনের সঙ্গে ১ বড়ো চামচ ঘি ও ৩ বড়ো চামচ দুধ মিশিয়ে মেখে রাখুন। ১০ মিনিট পর ছাঁকনিতে রগড়ে মিহি করে নিন। অর্ধেক ঘি গরম করে বেসন ভেজে নিন। যখন ভাজা ভাজা সুগন্ধ বেরোবে, বাকি ঘি- টা তাতে ঢেলে দিন ও মেশাতে থাকুন। এতে এলাচগুঁড়ো, বাদামগুঁড়ো মেশান। চিনিতে জল দিয়ে ফুটিয়ে রস তৈরি করুন। এই রস বেসনে মিশিয়ে ক্রমাগত নাড়াচাড়া করুন। আঁচ বন্ধ করার পরও নাড়াচাড়া বন্ধ করবেন না। এবার বেসনটার চটচটে ভাব চলে গেছে বুঝলে একটা প্লেটে ঘি মাখিয়ে কড়াই থেকে তুলে এতে চারিয়ে দিন। চৌকো টুকরোয় কেটে উপরে একটি করে বাদাম সাজিয়ে দিন।

সুইট ড্রাই-ফ্রাই
উপকরণ: ১/২ কাপ ওট্স পাউডার, ১/২ কাপ মাল্টিগ্রেন আটা, ১/৪ কাপ বেসন, ১/৪ কাপ সোয়া ফ্লাওয়ার, ১ বড়ো চামচ মিল্ক পাউডার, ১ বড়ো চামচ চিনিগুঁড়ো, ১ বড়ো চামচ মাখানাগুঁড়ো, ১০-১২টা মাখানাকুচি, কাজু, কিশমিশ, বাদাম প্রয়োজনমতো, ১/৪ কাপ সুজি, ৩/৪ কাপ দেশি ঘি, ১ ছোটো চামচ এলাচগুঁড়ো, ৫-৬টা খেজুর বেটে নেওয়া।
প্রণালী: সমস্ত আটা-সুজি-বেসন একসঙ্গে মেশান। ঘি গরম করে মাখানা ভেজে নিন ও আলাদা রাখুন। আটা-সুজির মিশ্রণ দিয়ে ভাজুন। হালকা গোলাপি রং ধরলে আঁচ কমিয়ে গুঁড়োদুধ, চিনিগুঁড়ো, মাখানাগুঁড়ো, এলাচগুঁড়ো, খেজুরবাটা দিয়ে নাড়াচাড়া করুন। কাজু কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।





