বাড়িতে তৈরি খাবার খেয়ে এবং খাইয়ে আনন্দ উপভোগ করা যায়। তাই, হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপাদান দিয়ে তৈরি করে নিন লোভনীয় কয়েকটি খাবার। রইল রেসিপিজ।
মিক্সড পোলাও
উপকরণ: ৫০০ গ্রাম চাল, অল্প পেঁয়াজকুচি, ২৫ গ্রাম ড্রাই ফ্রুটস, ১টা আপেল কুচি করা, ১০ গ্রাম বেদানার দানা, অল্প কাঁচালংকাকুচি, অল্প আদা-রসুন পেস্ট, ২টো তেজপাতা, ৩-৪টে ছোটোএলাচ, ৩টে লবঙ্গ, ৫-৬টা গোলমরিচ, ১টা দারচিনির টুকরো, ১ ছোটো চামচ ‘সুমন’ ব্র্যান্ড-এর লংকাগুঁড়ো, ২ বড়ো চামচ গরমমশলা, ১ বড়ো চামচ জিরে, ১৫ মিলি তেল, ১০ মিলি ঘি, অল্প কেওড়ার জল, দুধে ভেজানো সামান্য জাফরান, অল্প কিশমিশ।
প্রণালী: চালটা ১.১/২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। একটা প্রেশার প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ ভেজে তুলে রাখুন। এবার ঘি গরম করে, ড্রাই ফ্রুটস ভেজে নিন। বাকি তেলে গোটা মশলা ফ্রাই করুন। আদা-রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করুন। কাঁচালংকা, লংকাগুঁড়ো, গরমমশলা ও নুন দিন। জল ঝরিয়ে চালটা তুলে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করুন। এবার প্রেশার প্যানের ঢাকনা বন্ধ করে চালটা সেদ্ধ হতে দিন। রান্না হলে ভাতের উপরে জাফরান, কেওড়া, পেয়াঁজভাজা, রসুনভাজা দিয়ে ভালো ভাবে ঝাঁকিয়ে নিন। উপর থেকে কিশমিশ, বেদানার দানা ও ড্রাই ফ্রুটস সাজিয়ে পরিবেশন করুন।

স্পেশাল চিকেন কাবাব
উপকরণ: ২০০ গ্রাম চিকেন কিমা ম্যাশ করা, ৪টে ব্রেড পিস, অল্প গরমমশলা, অল্প আদা-রসুন পেস্ট, অল্প লংকাগুঁড়ো, অল্প কাজু, কিশমিশ ও আখরোটের কুচি, এক চিমটে এলাচগুঁড়ো, এক চিমটে কেসর, অল্প ধনেপাতাকুচি, কোটিং-এর জন্য অল্প পরিমাণে ছাতু, কাবাব সেঁকার মতো তেল, নুন স্বাদমতো।
প্রণালী: ব্রেড অল্পক্ষণ জলে ডুবিয়ে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে নিন। ম্যাশ করা কিমার সঙ্গে সব উপকরণ চটকে নিন। এবার হাত দিয়ে চেপে চ্যাপটা কাবাব তৈরি করে নিন। ছাতুর উপর একটু রোল করে নিন। তাওয়ায় অল্প তেল গরম করুন। কাবাবগুলো ভালো ভাবে দুপিঠ ভেজে নিন। বাদামি রং ধরলে গরম গরম সার্ভ করুন।

নার্গিসি কোফতা
উপকরণ : ২০০ গ্রাম পনির, ১/৪ ছোটো চামচ হলুদগুঁড়ো, ১/৪ ছোটো চামচ গরমমশলা, এক চিমটে জোয়ান, এক চিমটে চাটমশলা, ১/২ কাপ বেসন, ভাজার জন্য তেল, নুন স্বাদমতো।
গ্রেভির জন্য : ২ ছোটো চামচ তেল, ২ ছোটো চামচ মৌরি, ২টো লবঙ্গ, ২টো এলাচ, ৭-৮টা পেপার কর্ন, ১/২ ছোটো চামচ জিরে, ২টো তেজপাতা, ১ ছোটো চামচ কসৌরি মেথি, ১/২ ছোটো চামচ গরমমশলা, ১.১/২ কাপ দুধ, ১ কাপ জল, ১/৪ ছোটো কাপ ক্রিম, সাজানোর জন্য ধনেপাতা বা পুদিনাপাতা।
প্রণালী: একটা পাত্রে পনির ম্যাশ করে নিন। এতে হলুদগুঁড়ো, গরমমশলা, জোয়ান, চাটমশলা, বেসন ও নুন দিয়ে ভালো ভাবে মেশান। এবার ভালো ভাবে চটকে বল তৈরি করুন। প্যানে তেল গরম করে, ডোবা তেলে কোফতাগুলো ভেজে নিন। ভাজা হলে আলাদা পাত্রে তুলে রাখুন।
এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করুন। অন্য একটি কড়ায় মৌরি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ দিয়ে একটু শুকনো অবস্থায় ভেজে নিন। আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন ও বেটে নিন। ওদিকে তেল গরম করা ফ্রাইং প্যানে জিরে ফোড়ন দিন। তেজপাতা দিন। একটু গরমমশলা দিন এবং দুধ ঢেলে ফুটতে দিন। এই দুধে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিন। একটু জল ও কসৌরি মেথি দিন। এবার ৫ মিনিট রান্না হতে দিন।
মশলা ভালো ভাবে মিশে গেছে বুঝলে, এতে স্বাদমতো নুন দিন ও ক্রিম ঢেলে একটু নাড়াচাড়া করুন। গ্রেভি একটু ঘন হলে এতে কোফতাগুলো দিয়ে দিন। ধনেপাতা বা পুদিনাপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করুন।





