গ্রিন ডেকর (Green Decor ) বলতে বোঝায় সবুজ গাছপালা দিয়ে ঘর সাজানো। আজকাল অন্দরমহলেও বাগান করা কিংবা গ্রিন ডেকর বেশ প্রচলিত। কিছুদিন আগেও গ্রিন ডেকর-এর বিষয়টি শুধু বাড়ির বারান্দা এবং ছাদেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকাল বাজারে এমন সব গাছ পাওয়া যায়, যা আপনি বাড়ির প্রতিটি ঘরে রাখতে পারেন। এই গাছগুলো শুধু ঘরের পরিবেশই বিশুদ্ধ করে না, বরং বাড়ির সৌন্দর্যও বাড়িয়ে তোলে। ড্রয়িংরুম থেকে বাথরুম পর্যন্ত সবখানেই এই গাছগুলোর উপস্থিতি সবুজ প্রকৃতির উপলব্ধি দেবে।
এই গ্রিন ডেকর-এর সবচেয়ে বড়ো সুবিধা হল— এটি স্বল্প খরচে আপনার বাড়িকে সুন্দর, ইতিবাচক এবং স্বাস্থ্যকর করে তুলতে পারে। এই ধরনের সবুজায়ন আপনার ঘরবাড়িকে দেবে প্রকৃতির মতো সতেজ রূপ।
বায়ু পরিশোধক গাছগাছালি: ধুলো এবং ধোঁয়া থেকে সৃষ্ট বায়ু দূষণ আজকের আলোচনার একটি প্রধান বিষয়। স্টক প্ল্যান্ট, এরিকা পাই, মানি প্ল্যান্ট এবং পিস লিলির মতো গাছপালা বাতাসকে বিশুদ্ধ করে। নাসার মতে, একটি ঘরে এই ধরনের ৪-৫টি গাছ রাখলে ঘরের ভিতরের বাতাসের গুণমান উল্লেখযোগ্য ভাবে উন্নত হতে পারে। এই গাছগুলোর যত্ন নেওয়া সহজ, কারণ এগুলোর জন্য খুব কম জল এবং আলোর প্রয়োজন হয়।
সুস্বাস্থ্যের উপযোগী গাছপালা: তুলসী, নিম, পুদিনা এবং ধনে পাতার পাশাপাশি, রান্নাঘরের জানলার ধারে, বারান্দায় এবং ছাদে পালং শাক, টম্যাটো, বেগুন, লাউ এবং ঝিঙের মতো সবজিও চাষ করতে পারেন। এর ফলে শুধু বাড়ির সৌন্দর্যই বাড়াবে না, তাজা, জৈব সবজিও পাওয়া যাবে।
সীমিত স্থানের জন্য উল্লম্ব বাগান: উল্লম্ব বাগান বা ভার্টিকাল গার্ডেনিং হল এই ধরনের বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি স্তম্ভ, দেয়ালের মাচা বা খিলানসহ যে-কোনও জায়গায় করা যেতে পারে। যেহেতু এটি উল্লম্ব ভাবে করা হয়, তাই কম জায়গায় বেশি ফলন পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী শাকসবজি বা শোভাবর্ধক গাছ লাগাতে পারেন।
বাথরুমের জন্য আর্দ্রতা শোষক গাছপালা: আর্দ্রতা-প্রেমী গাছপালা যে-কোনও স্থান থেকে আর্দ্রতা শোষণ করে এবং সেটিকে বিশুদ্ধ করে। বাঁশ, স্পাইডার লিলি, পিস লিলি, ইংলিশ আইভরি, জাঞ্জিবার জেম এবং ফার্নের মতো গাছপালা বাথরুমের জন্য আদর্শ। এগুলো আর্দ্রতা শোষণ করে ছত্রাকের বৃদ্ধি রোধ করে।
আলংকারিক গাছপালা: ক্রোটন, অ্যাগ্লোনিমা, কোলিয়াস, গোলাপ, গাঁদা এবং জেড ফুলের মতো গাছপালা খুব কম খরচে আপনার ঘরকে সতেজ রূপ দিতে ব্যবহার করা যেতে পারে। আপনি এগুলো আপনার বারান্দায়, ঘরে, এমনকী বারান্দার সামনের খোলা অংশেও রাখতে পারেন। গোলাপ এবং গাঁদার মতো ফুল গাছ ছাড়া, এগুলোকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে যে-কোনও জায়গায় রাখা যেতে পারে।
বিশেষ উপকরণ: আপনার বাড়ির পুরোনো প্লাস্টিকের পাত্র, খালি কাচের বোতল, পুরোনো টায়ার এবং পুরোনো কাপের উপর প্লাস্টার অফ প্যারিস বা সাদা সিমেন্টের একটি পাতলা স্তর লাগিয়ে শুকোতে দিন। তারপর, সুন্দর প্ল্যান্টার তৈরি করতে পাত্রগুলোকে আপনার পছন্দের রঙে রাঙিয়ে নিন।
টবের গাছ খুব বেশি বড়ো হয়ে গেলে, এর শিকড় থেকে ৩-৪টি ডাল তুলে আলাদা আলাদা টবে লাগান। এভাবে আপনি একটি গাছ থেকে ৩-৪টি চারা তৈরি করতে পারবেন। আপনি একটি পুরোনো টুল বা বাড়িতে পড়ে থাকা অব্যবহৃত বালতি দিয়ে একটি স্ট্যান্ড তৈরি করতে পারেন। সপ্তাহে একবার, একটি পুরোনো ছুরি কিংবা ছোটো কোদাল দিয়ে গাছের চারপাশের মাটি আলগা করে দিন। এতে গাছের চারপাশের মাটি হালকা ও ঝুরঝুরে হয়, যা গাছকে সঠিক ভাবে শ্বাস নিতে সাহায্য করে।
চারা রোপণের জন্য মাটি প্রস্তুত করার সময়, সাধারণ মাটির সঙ্গে সমপরিমাণ কম্পোস্ট মেশান এবং সামান্য বালি যোগ করুন, যাতে মাটি হালকা ও ঝুরঝুরে হয় এবং সঠিক ভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে।





