দিল্লির মতো শহরে, যেখানে বিপুল সংখ্যক শিক্ষিত মানুষ রয়েছেন, সেখানে প্রতি পাঁচজন মহিলার মধ্যে মাত্র একজন কর্মরত। এমনকী ৭৫ শতাংশ শিক্ষিত মহিলাকে শ্বশুর-শাশুড়ি, সন্তান এবং স্বামীর দেখাশোনার জন্য ঘরে-বাইরে কাজ করতে হয়। যারা কর্মরত, তাদের দুই- তৃতীয়াংশ যাতায়াতের সমস্যায় ভোগেন, কারণ দিল্লিতে বাসস্থান থেকে কর্মক্ষেত্রের দূরত্ব উল্লেখযোগ্য ভাবে বেড়ে গেছে। তাই, কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতে মহিলাদের প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে এবং দ্বিগুন কষ্ট করতে হচ্ছে। হয়তো এই কারণেই অনেকে চাকরি ছেড়ে শুধু সংসার সামলাচ্ছেন এবং ধর্মে মনোনিবেশ করছেন।
আসলে, শিক্ষাকে পুরোপুরি গুরুত্ব না দেওয়ার প্রধান কারণ হল— ধর্মীয় এবং রাজনৈতিক ফায়দা। মানুষ যত কম শিক্ষিত হবে, ততই তাদের বোকা বানিয়ে রাখা যাবে। ধর্মীয় ক্ষেত্রে এনে ফায়দা নিতে পারবে অসাধু ব্যক্তিরা। অবশ্য এই সমস্যার সূত্রপাত পরিবারতন্ত্রে। অনেক পরিবারে মেয়েদের এমন ভাবে ধর্মীয় উৎসব-অনুষ্ঠানে উৎসাহিত করা হচ্ছে যে, তারা অনেকটাই কর্মবিমুখ হয়ে পড়ছে। এছাড়াও, বাড়িতে অতিরিক্ত আদর-যত্ন তাদেরকে কর্মক্ষেত্রে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে।
যেসব সন্তানের জন্য বাবা-মা, বিশেষকরে মায়েরা, তাদের মূল্যবান সময় ব্যয় করেন, সেইসব সন্তানকে আসলে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা হচ্ছে না। প্রতিটি কর্মক্ষেত্র এমন কর্মী চায়, যারা ৮-১০ ঘণ্টা মনোযোগ, একটি দৈনন্দিন রুটিন, অবিরাম চাপ এবং সমস্যা কাটানোর জন্য প্রস্তুত থাকবে। অথচ তারা বাড়ি ও স্কুল থেকে বেরিয়ে আসা সেই তরুণ-তরুণী নয়। বাড়িতে বাবা-মায়েরা তাদের সন্তানদের তুলোর বলের মতো আগলে রাখেন, তাদের সব আবদার পূরণ করেন এবং স্কুল ছাড়া আর কোথাও কোনও শৃঙ্খলা থাকে না। বাবা-মায়েরা অহেতুক আচার-অনুষ্ঠানে প্রচুর সময় ব্যয় করেন, যা আসলে তাদের সন্তানদের চরম ক্ষতি করছে।
আজকের সমাজে কর্মশক্তির ভীষণ প্রয়োজন এবং মেয়েদের শিক্ষার পিছনে যে অর্থ ব্যয় করা হয়, তা তাদের অতি আদরে নষ্ট হচ্ছে। অথচ মেয়েরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে এবং আত্মনির্ভর হলে, তারা কর্মক্ষেত্রের প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারবে।
জেনে রাখুন, শিক্ষার প্রকৃত সুফল না পাওয়া গেলে বিদ্রোহ করা উচিত, যাতে অসাধু লোকেরা সুবিধে নিতে না পারে। অতএব মনে রাখতে হবে, ধর্ম নয়, শিক্ষা গুরুত্বপূর্ণ।





