সৌমীর ট্যাক্সিটা অ্যাম্বুলেন্সটার পিছনে পিছনে কচ্ছপের মতো চলতে থাকল। আজ সকালে সামান্য বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকেই দমবন্ধ করা গুমোট গরম। তাই, ঘাম হতে শুরু করেছে সৌমীর সারা গায়ে। ব্যাগে হাত চালিয়ে হতাশ হল সে। না! ন্যাপকিনগুলো নিতেও ভুলে গেছে সে। সৌমী কোথাও বের হলেই ওই মহিলা হাতের কাছে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়ে ওর অভ্যাসটাই খারাপ করে দিয়েছে। একটু বিরক্ত হয়ে, ট্যাক্সির জানলার কাছে সরে আসে সে। জানলা দিয়ে জোলো বাতাস বইছে। কোথাও হয়তো বৃষ্টি হয়েছে কিংবা হচ্ছে। মাঝে মাঝেই আকাশ ফালাফালা করে বিদ্যুৎ চমকাচ্ছে। অ্যাম্বুলেন্সটার একদম পিছনেই এখন সৌমীর ট্যাক্সিটা।
হঠাৎ করেই আলোর একটা তীব্র ঝলকানি, বিদুৎ চমকাল। সেই আলোতেই অ্যাম্বুলেন্সের দিকে নজর চলে গেল সৌমীর। অ্যাম্বুলেন্সের ভিতরে কে বসে? ওদের বাড়ির সবার হেলপিং হ্যান্ড শ্যামলদা না? বাবার ছোটোবেলায় শ্যামলদা এ বাড়িতে এসেছিল। সেই থেকে বাড়িরই একজন হয়ে, ওদের বাড়িতেই রয়ে গেছে সে। ওই বাড়ির সবার প্রতি অসম্ভব ভালোবাসা তার। শ্যামলদা নিচু হয়ে, অ্যাম্বুলেন্সে শোয়ানো রোগীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর ওই যে নাকে অক্সিজেন মাস্ক লাগানো মহিলা! সে কি ওর ছোটোমা? আচ্ছা ছোটোমা বাঁচবে তো? ও যখন দেখে এসেছিল, তখন তো মুখ দিয়ে কেমন একটা গ্যাঁজলা মতোন বেরিয়েছিল।
মণিমাসি তো সেদিন পুরিয়াটা হাতে দিয়ে বলেছিল, খুব একটা স্ট্রং কিছু নয়। শুধু একটু অজ্ঞান হয়ে যাবে। আর তাতেই তোর কাজ হাসিল হয়ে যাবে। কিন্তু তাহলে এমন হল কেন? যদি ছোটোমা মরে যায়? তবে তো পুলিশ এসে ওর হাতে হাতকড়া পরিয়ে দেবে। জীবনের মতো মডেল হওয়ার সাধ মিটে যাবে ওর। কুলকুল করে শরীর দিয়ে ঘাম বের হতে থাকে সৌমীর। টপের কোণটাকে টেনে নিয়ে ঘাম মোছার একটা ব্যর্থ চেষ্টা করে সে। শরীরটা ক্লান্তিতে অবসন্ন হয়ে আসছে। বাইরে সেঁদো জোলো বাতাস ট্যাক্সির জানলা দিয়ে এসে ঝাপটা মারছে সৌমীর মুখে। ক্লান্ত শরীরটা সে এলিয়ে দেয় গাড়ির সিটে।
তার সঙ্গে সঙ্গেই না চাইতেও হুড়মুড় করে একগাদা স্মৃতি এসে জড়ো হয় ওর মনের মাঝে। ছেঁড়া পুঁতির মালার মতোই টুক টুক করে একে একে খুলে পড়তে থাকে সৌমীর মাথার ভিতরের ছোটো স্মৃতির ঝাঁপিটার উপরে। অবসন্ন শরীরে সেই স্মৃতিগুলোকেই একটা একটা করে কুড়োতে থাকে সে।
সৌমীর মা যখন মারা যায়, তখন সৌমী মাত্র চার বছরের একটি বাচ্চা মেয়ে। মা মারা যাওয়ার পরে ছোট্ট সৌমীকে তার বাবা-ই বড়ো করে তুলছিল। কিন্তু ব্যাবসার কাজে তাকে প্রায়ই বাইরে যেতে হতো। সেই সময় খুব অসুবিধেয় পড়তে হতো তাকে। তবুও তিনি সৌমীর যথাসম্ভব যত্ন করতেন। সৌমীর দিদিমা অনেক আগেই মারা গিয়েছিলেন। মামাবাড়ি থেকে মাঝে মাঝে দাদু, মামা-মামিরা এসে ওকে দেখে যেত। কিন্তু সৌমীর মামারবাড়ি ছিল বেশ দূরের একটা শহরে। সেখানে সৌমীর বাবা কখনওই মেয়েকে পাঠাতেন না। বাড়ির পরিচারক, পরিচারিকাদের তত্ত্বাবধানে বড়ো হচ্ছিল সৌমী। এমন সময় ওর একমাত্র মাসি বিয়ে হয়ে এল এই শহর কলকাতাতেই।
ছোটো বয়সে না বুঝলেও বড়ো হয়ে সৌমী শুনেছিল যে, মণিমাসি নাকি মেসোর সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল। আর সেই সময় মেসো তেমন কোনও রোজগার করত না বলে, মামাবাড়ির কেউই মেসোকে মেনে নিতে পারেনি। রোজগার অবশ্য এখনও মেসো তেমন একটা করে না। আর যা রোজগার করে সব-ই নেশায় উড়িয়ে দেয়। নেশার টাকা না পেলে মণিমাসিকে মারধরও করে। তার জন্য সৌমী, মেসোকে একদমই পছন্দ করে না। তবে মাসিকে খুব ভালো লাগে সৌমীর। মাসি ওর কথা কত্তো ভাবে! তাই তো ওই মহিলার কথা মতো বাবাও যখন সৌমীকে মডেলিং করতে বারণ করে দিল, তখন থেকে মণিমাসিই ওর সহায় হয়েছিল।
সৌমীর চোখের জল সহ্য করতে না পেরে মণিমাসিই ওর ছেলের বন্ধু আকাশের সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দিয়েছিল। আকাশের মুম্বইতে অনেক জানাশোনা। ও-ই সৌমীকে মডেলিং-এ সুযোগ করে দেবে বলেছে। তাছাড়া আকাশ নিজেও নাকি মডেলিং করে। সৌমী ওর সঙ্গেও কাজ করতে পারবে। উল্ফ ভাবতেই মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে ওর। আকাশ যে সৌমীকে বেশ পছন্দ করে সেটা এ ক’দিনেই ও বুঝে ফেলেছে। আচ্ছা কার ফিগার বেশি ভালো? আকাশের না ওই হাঁদারাম বরুণের? তুলনাটা আসতেই ট্যাক্সির জানলা দিয়ে চোখ রাখল ও।
বাইরে এখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। চারপাশের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কখন যে বৃষ্টির ছাঁট এসে সৌমীকে ভিজিয়ে দিয়েছে, সেটা বুঝতেই পারেনি ও। অসহ্যকর এক ট্রাফিক জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে ও। জানলার কাচ তুলতে গিয়ে রাস্তার উলটো দিকে নজর চলে যায় সৌমীর। মোটরসাইকেলের উপরে বসে আছে বরুণ। বৃষ্টির তাণ্ডবে পরনের পোশাক ভিজে চপচপ করছে। ভিজে পোশাককে ছাপিয়ে শরীরের সযত্নে লালিত পেশীগুলো উঁকি মারছে। কিন্তু বরুণের সেদিকে কোনও নজর নেই। সে এই দুর্ভেদ্য ট্রাফিক জ্যামের ভিতর থেকে অ্যাম্বুলেন্সটাকে মুক্ত করতে প্রাণপণে লড়াই করে চলেছে। সেইদিকে তাকিয়ে আবার সৌমীর আকাশের সঙ্গে তুলনাটা এসেই গেল। আকাশের এমন পেশী কি কোনওদিনও দেখেছে সে? না! মনে আসছে না, বরং টাইট ফিটিংস টি-শার্ট পরলে ছোটোখাটো একটা ভুঁড়িই দেখতে পেয়েছে ও। আচ্ছা, ভুঁড়ি থাকলে কি মডেলিং করা যায়? মডেলিং করবে বলে তো প্রতিদিনই ফ্যাশন ম্যাগাজিনগুলো ফলো করে ও। সেখানে তো প্রায়ই মডেলদের জিম করতে দেখে। কিন্তু আকাশ জিম করে বলে তো কখনও শোনেনি ও।
—ম্যাডাম, খিড়কি বন্ধ কর দিজিয়ে প্লিজ। অন্দর বারিস ঘুস রাহা হ্যায়।
উফ, এই ট্যাক্সি ড্রাইভারটা কি অবাঙালি? নাকি সৌমীকে অবাঙালি ভেবে হিন্দিতে কথা বলছে? যদি দ্বিতীয়টা হয় তো খুব ভালো। আকাশ বলছিল, বাঙালিদের ফিগার ভালো না বলে, মুম্বইতে বাঙালিরা নাকি মডেলিং-এ চান্স পায় না। সৌমীকে প্রথমে টাকা দিয়েই কাজ জোগাড় করতে হবে! যদি ওকে বাঙালি বলে না-ই বোঝা যায়, তবে? অন্যমনস্ক হয়ে জানলা থেকে সরে এল সে। তখনই ট্যাক্সির সিটে রাখা মোবাইলটা বেজে উঠল।
(ক্রমশ…)





