এইভাবে তৈরি করলে সাবুদানার কিউব আরও সুস্বাদু হয়ে উঠবে।

সাবুদানার কিউব

উপকরণ: ১ কাপ ভেজানো সাবুদানা, ১/৪ কাপ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ কোরানো গাজর, ১ টেবিল চামচ ভাজা ও গুঁড়ো করা চিনাবাদাম, ১ টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ, ১ টেবিল চামচ সেদ্ধ মটর, ১ চা চামচ গোটা সরষে, কিছু কুচোনো ধনেপাতা, ভাজার জন্য তেল, কিছু কারিপাতা, ১টি কাঁচালংকা কুচি এবং স্বাদমতো লবণ।

প্রণালী: একটি প্যানে ১ চা চামচ তেল গরম করে গোটা সরষে ভাজুন। কিছু কারিপাতা যোগ করুন। ১ কাপ জল যোগ করে ফুটিয়ে নিন। এই ফুটন্ত জলে চালের গুঁড়ো এবং সামান্য লবণ দিন। ক্রমাগত নাড়তে থাকুন এবং মণ্ডের মতো ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। ভেজানো সাবুদানা থেকে জল নিংড়ে নিন। সমস্ত সবজি, সাবুদানা এবং লবণ মিশিয়ে ভালো ভাবে নাড়ুন। ১ ইঞ্চি গভীর একটি কেকের ছাঁচ কিংবা প্লেটে তেলের প্রলেপ দিয়ে নিন। মিশ্রণটি ছাঁচে ঢেলে ভালো ভাবে চেপে দিন এবং জমতে দিন। কয়েক মিনিটের জন্য ফ্রিজে রাখুন। তারপর, ফ্রিজ থেকে বের করে উলটে নিন। এটি কেকের মতো ছোটো ছোটো আকারে কেটে নিন। এরপর চৌকো করে কাটা টুকরোগুলো গরম তেলে ভাজুন বাদামি হওয়া পর্যন্ত এবং গরম গরম পরিবেশন করুন।

ঝটপট মশলাদার পনির তৈরি করুন এবং সবাইকে খাইয়ে প্রশংসা পান

মশলাদার পনির

উপকরণ: ২৫০ গ্রাম পনির, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ আদা-রসুন পেস্ট, ২ টেবিল চামচ ঘন দই, ১ চা চামচ চাট মশলা, ১ চা চামচ তন্দুরি মশলা, ১/২ চা চামচ কাঁচালংকার পেস্ট, ১টি ছোটো বিট, ১ চা চামচ লাল লংকার গুঁড়ো, ভাজার জন্য তেল, স্বাদমতো লবণ।

প্রণালী: বিটরুটের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। তারপর এটি বেটে একটি পেস্ট তৈরি করুন। পনির ছাড়া বাকি সমস্ত উপকরণ এই পেস্টের সঙ্গে যোগ করুন। ভালো ভাবে মেশান। পনিরের টুকরোগুলো যোগ করে বিটের পেস্টের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। পেস্টটি খুব ঘন মনে হলে সামান্য জল যোগ করুন। গরম তেলে পনিরের টুকরোগুলো ভেজে চাটনির সঙ্গে পরিবেশন করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...