বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে মুচমুচে ও মশলাদার খাবার পেলে আনন্দ দ্বিগুন হয়ে যায়
ছোলা-রসুনপাতার পকোড়া
উপকরণ: ২০০ গ্রাম ছোলা, ১০০ গ্রাম কুচানো রসুনপাতা, ৩/৪ কাপ চালের গুঁড়ো, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ কাঁচালংকা বাটা, ১ চা চামচ গরম মশলা, ভাজার জন্য পরিমাণমতো ‘সুমন’ ব্র্যান্ড-এর তেল, স্বাদমতো লবণ।
প্রণালী: ছোলাগুলো ধুয়ে মোটা করে বেটে নিন। একটি পাত্রে ছোলার মিশ্রণের সঙ্গে রসুনপাতা কুচি, চালের গুঁড়ো, আদা-রসুন পেস্ট, কাঁচালংকার পেস্ট, লবণ এবং গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে বড়া তৈরি করে গরম তেলে ভেজে নিন। পরিবেশন করুন।

সুজির আপ্পাম বানানো খুব সহজ এবং এটি বাচ্চাদেরও খুব প্রিয়
নিরামিষ আপ্পাম
উপকরণ: ২০০ গ্রাম মশলা ওটস, ১ টেবিল চামচ শুকনো ভাজা সুজি, ১টি গ্রেট করা গাজর, ৮-১০টি বিন্স কুচিকরা, কয়েকটি কারিপাতা, ১/২ কাপ দই, ২-৩টি কুচানো কাঁচা লংকা, ১টি বড়ো পেঁয়াজ কুচি, ১ চা চামচ তেল এবং স্বাদমতো লবণ।
প্রণালী: একটি পাত্রে ওটস, সুজি, লবণ এবং কাঁচালংকা মিশিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে কারিপাতা, পেঁয়াজ, বিনস এবং গাজর ভেজে নিন এবং তারপর ওটসের মিশ্রণে যোগ করুন। আপ্পামের মিশ্রণটি তৈরি করার জন্য প্রয়োজনমতো দই এবং জল যোগ করুন। প্যানে তেল মাখিয়ে আপ্পামগুলো উলটে-পালটে ভেজে নিন এবং সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন।

কাবুলি ছোলার ডাল পকোড়া সুস্বাদু এবং ছোটোবড়ো সবার পছন্দের খাবার
ডালের পকোড়া
উপকরণ: ১ কাপ কাবুলি ছোলার ডাল, ১/২ কাপ চালের গুঁড়ো, ১/২ চা চামচ আজওয়ান, ১ চামচ ঘি, ১ চিমটি হিং, ভাজার জন্য তেল, ১/২ চা চামচ হলুদ এবং স্বাদমতো লবণ।
প্রণালী: ১ বাটি জলে ছোলা সেদ্ধ করুন। বাকি জল ফেলে দিন। ডালের সঙ্গে চালের গুঁড়ো, লবণ, হলুদ, হিং এবং আজওয়ান যোগ করুন। ১ টেবিল চামচ ঘি দিয়ে মেখে একটি মণ্ড তৈরি করুন। মণ্ডটি সামান্য শক্ত হবে, প্রয়োজনে সামান্য জল দিন। ঢেকে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। এবার, এই মণ্ড রুটির মতো বেলে নিন। রুটিগুলো সামান্য পুরু রাখুন। তারপর, ছুরি দিয়ে লম্বা ফালি করে কেটে নিন। পছন্দমতো আকার দিয়ে ভেজে চায়ের সঙ্গে পরিবেশন করুন।





