আধুনিক জীবনের সবচেয়ে বড়ো ট্র্যাজেডি হল— একই ছাদের নীচে, একই বিছানায় পাশাপাশি বসেও একে অপরের থেকে আলোকবর্ষ দূরে হারিয়ে যাওয়া। তাই, এখন নানারকম কারণে সম্পর্কগুলো ক্রমশ পুষ্টিহীনতায় ভুগতে শুরু করেছে। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক কোনও জড় বস্তু নয়। এটি একটি জীবন্ত চারাগাছ, যাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন যত্নের প্রয়োজন। আবার বলা যায়, জীবনতরীর দুই মাঝির একসঙ্গে পথ চলার নামই— সম্পর্ক। কিন্তু প্রতিনিয়ত বদলে যাওয়া বাস্তবতায় এই সুন্দর তরীটিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে, সম্মানের তীরে পৌঁছানোর জন্য প্রয়োজন এক আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স।

একটু থামুন

সম্পর্কের প্রাণস্পন্দন হল— আবেগ। কিন্তু এই আবেগ যখন সুনামি হয়ে আছড়ে পড়ে, তখন তা সবচেয়ে মজবুত সম্পর্কের ভিতও কাঁপিয়ে দিতে পারে৷ প্রেম, অভিমান, রাগ কিংবা অধিকারবোধ— সব কিছুরই পরিমিত মাত্রা থাকা চাই। কারণ, আবেগের ভারসাম্য বজায় রাখার প্রথম ধাপ হল— নিজের আবেগকে চিনতে পারা। তীব্র রাগের মাথায় বা চরম অভিমানের মুহূর্তে আমরা এমন কিছু বলে ফেলি, যা পরে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই, সঙ্গীর কোনও কথায় আঘাত পেলে বা রাগ হলে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া (React) না দিয়ে একটু থামুন (Pause)। বুক ভরে শ্বাস নিন। মনস্তত্ত্বে একে বলা হয় ‘The Art of Pause’। তাই, মুহূর্তের ঝড়কে যদি আপনি ১০ সেকেন্ডের নীরবতা দিয়ে আটকে দিতে পারেন, তবে সম্পর্কের অনেক বড়ো বিপর্যয় এড়ানো সম্ভব। এই বিষয়ে রইল আরও বিস্তারিত পরামর্শ…

শ্রবণ ও কথন

সম্পর্কের প্রথম এবং প্রধান স্তম্ভ হল— একে অপরের সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়া। তবে এই কথন যেন কেবল অভিযোগের পাহাড় না হয়, বরং তা হোক মেঘ কেটে যাওয়া রোদ্দুরের মতো। শুধু নিজের কথা বলাই সম্পর্ক নয়। সঙ্গীর চোখের ভাষা আর না-বলা কথাগুলো শোনা-ই প্রকৃত সংযোগ। যখন একজন কথা বলবেন, অন্যজন তখন তর্কের জন্য নয়, বরং বোঝার জন্য শুনবেন। কারণ, অভিমানের মেঘ জমতে না দিয়ে কথার বৃষ্টিতে তা ধুয়ে ফেলা জরুরি। মনের ভিতর পুষে রাখা কথাগুলো একসময় দূরত্ব তৈরি করে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় রাখুন যেখানে কোনও পর্দা থাকবে না, থাকবে কেবল দুটি হৃদয়ের সহজ আলাপ৷

অধিকার বনাম ব্যক্তিগত আকাশ

ভালোবাসার মানে এই নয় যে, একজন অন্যজনের অস্তিত্বকে গিলে খাবে। প্রতিটি মানুষেরই নিজস্ব একটা আকাশ বা ‘মি টাইম’ (Me Time) প্রয়োজন। আপনি যখন আপনার সঙ্গীকে তার নিজের মতো করে ডানা মেলার সুযোগ দেবেন, সে তখন আরও বেশি টান অনুভব করবে আপনার প্রতি। কারণ, জোর করে কাউকে বেঁধে রাখার নাম ভালোবাসা নয়, তাকে মুক্ত রেখেও বিশ্বাসে জড়িয়ে রাখাই হল ভারসাম্য। তাই, সম্পর্ক হোক দুটি সমান্তরাল রেললাইনের মতো, যারা অনন্তকাল একে অপরের পাশে থাকে। কিন্তু কখনও একজনের উপর অন্যজন চড়ে বসে না। এই দূরত্বটুকুই আসলে মিলনের গভীরতা বাড়ায়।

কোয়ালিটি টাইম

ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়াতে দৌড়াতে আমরা প্রায়ই ভুলে যাই যে, একটি চারা গাছে প্রতিদিন জল দিতে হয়। সম্পর্কও ঠিক তেমনই একটি চারা গাছ, যার পুষ্টি হল — একসঙ্গে কাটানো কিছু সোনালি মুহূর্ত। সারাদিন একসঙ্গে একই ঘরে বসে ফোন স্ক্রল করার নাম সময় কাটানো নয়। দিনের শেষে অন্তত ১৫ মিনিট সব প্রযুক্তি দূরে সরিয়ে রেখে একে অপরের চোখের দিকে তাকিয়ে চা খাওয়া বা একটু হাত ধরে হাঁটা সম্পর্কের ক্লান্তি দূর করে দেয়। তাই, জীবনের হাজারো ব্যস্ততার কোলাহলে যেন হারিয়ে না যায় সেই চেনা স্পর্শ। সব কোলাহল পেরিয়ে দিনশেষে একটি শান্ত নিঝুম দ্বীপের মতো হোক আপনাদের একান্ত সময়টুকু। মনে রাখবেন, মুখোমুখি বসে নীরবতা ভাগ করে নেওয়ার মধ্যেও লুকিয়ে থাকে সম্পর্কের সঞ্জীবনী সুধা। আর এই একান্ত মুহূর্তগুলো জীবনের সব সমস্যা দূরে সরিয়ে, দুটি আত্মাকে আবার নতুন করে বেঁধে রাখে।

ক্ষমার মানসিকতা

মানুষ মাত্রই ভুল করে। দুটি ভিন্ন পরিবেশে বড়ো হওয়া মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা হতেই পারে৷ সম্পর্কে ভারসাম্য আনতে হলে “আমিই সেরা” বা “আমার কথাই শেষ কথা’ –এই অহংকার বিসর্জন দিতে হবে। যে-কোনও তর্কে জেতার চেয়ে সম্পর্কটিকে টিকিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক পক্ষ রেগে গেলে অন্য পক্ষকে নরম হতে হবে। ক্ষমার মানসিকতা সম্পর্ককে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনে। ঝড়ের রাতে যে গাছটি নুয়ে পড়ে, সেটি বেঁচে যায়। আর যেটি সোজা হয়ে দাঁড়িয়ে অহংকার দেখায়, সেটি ভেঙে পড়ে। সম্পর্কের ঝড়গুলোতেও কখনও একটু নুয়ে পড়াই হল টিকে থাকার রাজকীয় কৌশল।

প্রশংসা ও কৃতজ্ঞতা

আমরা প্রায়ই সঙ্গীর করা ত্যাগ বা ছোটো ছোটো অবদানগুলোকে খুব স্বাভাবিক বা টেকেন ফর গ্রান্টেড (Taken for granted) ধরে নিই। এই অভ্যাসটি সম্পর্কের ভিতরের আর্দ্রতা শুষে নেয়। সঙ্গী আপনার জন্য যে ছোটো কাজটিই করুক না কেন, একটা ছোট্ট ‘ধন্যবাদ’ শব্দ কিংবা মিষ্টি হাসি তার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে। তার রূপের চেয়ে তার গুণের এবং তার চেষ্টার প্রশংসা করুন। কারণ, প্রশংসা হল— সেই সুগন্ধি, যা সম্পর্কের বাগানে রোজ নতুন ফুল ফোটায়। এক চিলতে স্বীকৃতি একটি মানুষকে আপনার জন্য আরও উজাড় করে দিতে অনুপ্রেরণা জোগায়। অতএব, জেনে রাখুন, সম্পর্কে ভারসাম্য কোনও তৈরি করা ওষুধ নয়, যা বাজার থেকে কিনে আনা যাবে। এটি একটি প্রতিদিনের সাধনা। নদী যেমন দুই কূলকে ছুঁয়ে সগৌরবে বয়ে চলে, একটি আদর্শ সম্পর্কও তেমনই দায়িত্ব এবং ভালোবাসার দুই কূলকে সমান ভাবে স্পর্শ করে এগিয়ে যায়। একে অপরের খামতিগুলোকে মেনে নিয়ে, ভালো গুণগুলোকে উদ্‌যাপন করাই হল এই দীর্ঘ সফরের আসল সার্থকতা।

আত্ম–নিয়ন্ত্রণ ও আত্ম–নির্ভরশীলতা

জীবনের সমস্ত সুখ, শান্তি ও আনন্দের চাবিকাঠি সঙ্গীর হাতে অনেক সময় তুলে দেন অনেকে। সঙ্গী একটু উদাসীন হলেই আমাদের পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। এই অতিরিক্ত নির্ভরশীলতাই আবেগের ভারসাম্য নষ্ট করে। মনে রাখবেন, আপনার ভালো থাকার দায়িত্ব প্রথমত আপনার নিজের। সঙ্গী আপনার জীবনের একটি সুন্দর অংশ, কিন্তু তিনিই আপনার সম্পূর্ণ জীবন নন। নিজের শখ, বন্ধুমহল এবং কেরিয়ারের প্রতিও যত্নশীল হোন।

অনুভূতির প্রকাশ

যখন সম্পর্কে কোনও দ্বন্দ্বের আবেগ তীব্র হয়ে ওঠে, আমরা সাধারণত সঙ্গীকে দোষারোপ করতে শুরু করি। যেমন— “তুমি সবসময় এমন করো’, ‘তুমি আমাকে বোঝো না”। এই “তুমি’ সম্বোধনটি সঙ্গীকে রক্ষণাত্মক (Defensive) করে তোলে। তাই, দোষারোপের ভাষা বদলে নিজের অনুভূতির কথা বলুন। ‘তুমি আমাকে সময় দাও না’ না বলে বলুন, ‘ইদানীং আমরা কম সময় পাচ্ছি, তাই আমার একটু একাকী লাগছে।’ এতে সঙ্গী অপরাধ বোধ না করে আপনার আবেগের প্রতি সহানুভূতিশীল হবেন। কারণ, তিরের মতো অভিযোগ ছুড়ে না দিয়ে, মেঘের মতো নিজের মনের আকুতিটুকু প্রকাশ করুন। সুর নরম হলে হৃদয়ের দরজা সহজে খোলে।

বর্তমানকে গুরুত্ব দেওয়া

অনেক সময় আমাদের বর্তমানের তীব্র আবেগের পিছনে লুকিয়ে থাকে অতীতের কোনও ক্ষত বা ভয়। আগের কোনও সম্পর্কের তিক্ততা বা কৈশোরের কোনও ট্রমা আমরা বর্তমান সঙ্গীর উপর চাপিয়ে দিই। সঙ্গী কোনও ছোটো ভুল করলে যদি আপনার মনে হয় সে আপনাকে ঠকাচ্ছে, তবে একটু ভেবে দেখুন— ভয়টা কি বর্তমান সঙ্গীকে নিয়ে নাকি অতীতের কোনও স্মৃতির পুনরাবৃত্তি? বর্তমানকে অতীতের চশমা দিয়ে দেখা বন্ধ করতে হবে।

সহানুভূতি ও সীমানা নির্ধারণ

আবেগের ভারসাম্য মানে এই নয় যে, আপনি সবসময় নিজের কষ্ট চেপে রাখবেন বা সঙ্গীর সব অন্যায় আচরণ মুখ বুজে সহ্য করবেন। অতিরিক্ত সহ্য করা একসময় ভিতরে ক্ষোভের জন্ম দেয়। সঙ্গীর খারাপ ব্যবহারের প্রতিবাদ করুন, তবে তা চিৎকার করে নয়। শান্ত গলায় বলুন, ‘তুমি যখন এই ভাষায় কথা বলো, আমার খুব কষ্ট হয়। আমরা কি একটু শান্ত হয়ে পরে কথা বলতে পারি?’ আসলে, একেই বলে সহানুভূতির সঙ্গে সীমানা বা বাউন্ডারি টেনে দেওয়া। তাই, ভালোবাসা হোক সাগরের মতো গভীর। কিন্তু তারও যেন একটি সুন্দর উপকূল বা সীমানা থাকে— যা ভাঙন থেকে রক্ষা করে ।

আসল কথা, আবেগের ভারসাম্য কোনও জাদু নয়, এটি একটি প্রতিদিনের সচেতন অভ্যাস। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে শান্ত হয়, সম্পর্কের আবেগগুলোকেও তেমনই পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের তীরে এসে শান্ত হতে হবে। ভাঙা সহজ, কিন্তু প্রতিদিন একটু একটু করে মানিয়ে নিয়ে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার মধ্যেই জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে।

কিছু সতর্কতা

কোমল স্বভাব, সহানুভূতি এবং অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার মতো গুণগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এসব আবেগ ভুল জায়গায় প্রয়োগের ফলে যদি ব্যক্তিগত মানসিক কষ্টের সৃষ্টি হয়, তবে সতর্ক হওয়া প্রয়োজন। যখন এই গুণগুলো নিজের ভালো থাকার উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিচক্ষণ হওয়া জরুরি। অন্যথায়, আবেগপ্রবণতার কারণে নিজেকে বোকা প্রতিপন্ন করার ঝুঁকি থাকে। কেউ কেউ এতটাই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন যে, সামান্য সহানুভূতিপূর্ণ আচরণ পেলেই তারা নিজেদের মনের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত হয়ে যান। তখন অপরপক্ষ খুব সহজেই সেই আবেগের সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে এবং এরপর কোনও এক সময় সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। তাই, যখন আপনি বারবার প্রতারিত হচ্ছেন, তখন নিজের স্বভাব ও আচরণের কথা ভেবে দেখুন। কোথাও কোনও ভুল করছেন কি না, তা বিবেচনা করুন।

সেইসঙ্গে, কারওর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সময় একটি নির্দিষ্ট সীমারেখা বজায় রাখা জরুরি। কেউ যতই আন্তরিকতা বা উষ্ণতা দেখাক না কেন, সেই সীমা কখনওই অতিক্রম করবেন না। কারণ, আমরা এমন এক ভান ও কৃত্রিমতার যুগে বাস করছি, যেখানে মানুষকে প্রকৃত অর্থে চিনে ওঠা কঠিন। কাউকে ভালো ভেবে নিয়ে তার প্রতি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়বেন না যে, ভবিষ্যতে তাদের আচরণ বা মনোভাব বদলে গেলে আপনাকে মানসিক ভাবে আঘাত পেতে হয়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...