দরজার কাছে আসতেই সুমন্তর পায়ে কিছু একটা ঠেকল। মাথাটা নিচু করতেই দেখল একটা মাটির ভাঁড়। অনেকক্ষণ আগেই জলটা গড়িয়ে পড়ে গেছে। অনাথের মতো আরেক পাশে পড়ে আছে আম শাখাটা। সুমন্ত একটা লম্বা শ্বাস ফেলে ভাঁড়টাকে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর খুব আস্তে আস্তে বাড়িটার ভিতর ঢুকল।
এই বাড়িটাতে এর আগে কতবার যে এসেছে তার কোনও হিসেব নেই। তাও এবার ঢুকতে কেমন যেন একটা লাগছিল। উঠোনের ভিতরটাতে এখনও প্যান্ডেলটা বাঁধা আছে, বাইরের দরজার সামনে গেটটাতেও নতুনের গন্ধ মাখা। আর হবে নাই বা কেন, এই তো গতকাল দুপুরের একটু আগে নতুন বউ এল, কে জানত এইরকম একটা ঘটনা ঘটে যাবে!
কনেযাত্রীদের জন্য কেক ও আরও কিছু টিফিন তার বর্তমান শহর থেকেই আনবার কথা ছিল সুমন্তর। সে নিজেই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। অতনু কিছু বলেনি, এমনকী দুটো দোকানে অ্যাডভান্সের টাকাটাও সে নিজের পকেট থেকেই দিয়েছে। অতনু দিতে গেলেও সুমন্ত তা ফিরিয়ে দিয়ে বলেছিল, “শোন, ওসব হিসেব পরে হবে। খুব বেশি হলে হাজার দেড়েক টাকার ব্যাপার। আমার অসুবিধা হবে না।”
অতনু আর কোনও কথা বলেনি। তবে সেদিন তার চোখে মুখে খুশির ঝলক দেখে সুমন্তর নিজেরও খুব ভালো লেগেছিল। সেই ছেলেটা এমনি করবে একবারের জন্যেও মনে আসেনি। এমনকী তিনদিন আগে যখন শেষ মুহূর্তে সুমন্ত বলে, “ভাই তোর বিয়ের দিন যেতে পারব না, কলেজের এক্সটার্নাল পরীক্ষা, প্রিন্সিপাল স্যার কিছুতেই ছুটি দিচ্ছেন না। আসলে রিসার্চ মেথডোলজির আর কেউ নেই তো…’
—এটা কোনও দিন হতে পারে? আমরা দু’জন সেই ছোটোবেলার বন্ধু। স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে। আর এখন তুই বলছিস…।
অতনু কেমন যেন দপ করে উঠেছিল।
তারপর অবশ্য সুমন্ত বুঝিয়ে ব্যাপারটা সামলে নিলেও বুঝেছিল, অতনু খুব রেগে গেছে। তখনই অতনু বলে, “তাহলে এক কাজ কর। একান্তই যখন আসতে পারবি না, তখন এক্কেবারে বউভাতের দিন আসবি, কনেযাত্রীদের টিফিনটাও নিয়ে আসবি। আমাদের এখানে অত ভালো কেক, বিস্কুট কিংবা যা সব দেওয়া যায়, চট করে পাব না। টিফিন দেওয়ার ব্যাপারটা তো হঠাৎ ঠিক হল।” সুমন্ত এরপর আর কিছু বলেনি।
একটা লম্বা শ্বাস ফেলল। ঘাড় ঘুরিয়ে চারদিকটা একবার দেখে নিল। না, কোনও চেনা মুখ নেই। চারদিকটা এক্কেবারে চুপচাপ। কী অদ্ভুত! এ বাড়িটাতে এই সময় মাইকে সানাই বা জমকালো গান বাজার কথা, সেই বাড়িতে এখন সব কিছু কেমন যেন থেমে গেল।
সুমন্ত চটি খুলে বাড়িটার দো’তলাতে সোজা উঠে গেল। বারান্দাতে একজন শুয়ে আছে, তাকে ঘিরে কয়েকজন বসেও আছেন। কিন্তু কেউ কারও সঙ্গে কোনও কথা বলছে না। সুমন্ত অনুমান করল, নিশ্চয় কাকিমা শুয়ে আছে। কাছে যেতেই বুঝল, তার অনুমান সত্যি। যারা বসে আছে, সুমন্ত তাদের সবাইকেই চেনে। তারা সব আশপাশেই থাকে। তাদের গ্রামটাও ছোটো, এখানে সবাই সবাইকে চেনে, জানে। গ্রাম-সম্পর্কে কেউ কারওর পিসি, কেউ বা কাকি।
একটা মাদুর পাতা ছিল, সুমন্ত সেখানে বসল। এই অবস্থাতে কথা শুরু করবার মতো কোনও কথা তার মাথায় এল না। এই সময় পকেট থেকে মোবাইল বের করেও দেখা যায় না। সুমন্ত আরও কিছু সময় চুপ করে বসে থেকে, পাশে বসে থাকা এক ভদ্রমহিলার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, ‘কাকিমা কিছু খেয়েছে?’
—নারে বাবা, কাল সন্ধেবেলায় শোনার পর থেকে এই ভাবেই পড়ে আছে। জল পর্যন্ত কেউ খাওয়াতে পারেনি, অনেকেই চেষ্টা করেছে।
—এইরকম ভাবে পড়ে থাকলে তো কাকিমাও অসুস্থ হয়ে যাবে, সুমন্ত বলল।
—সে তো জানি, কিন্তু না খেলে কী করব বলো?
—কাকু কোথায়?
(ক্রমশ…)





