চিত্রগুপ্ত— কবির এত যন্ত্রণা কীসের? একটু খোলসা করে বলবেন?
কবি— এটা বোঝানো খুব মুশকিল স্যার।
চিত্রগুপ্ত— যন্ত্রণা যখন হয়, তার তো একটা কারণ থাকবে। আচ্ছা ঠিক কীরকম যন্ত্রণা হয়? মানে ধরুন—
পেটে ব্যথা, মাথা ব্যথা, গা বমি। কোনও রক্তপাত? গুপ্ত রোগ? মানসিক যন্ত্রণা? ক্রনিক পেইন? এমন ধরনের কিছু কি হয় ?
কবি— কবিতা আসলে প্রসবের যন্ত্রণার মতো।
চিত্রগুপ্ত— আপনি তাহলে মাতৃসম যন্ত্রণা অনুভব করেছেন বলছেন?
কবি— ঠিক তাই।
চিত্রগুপ্ত— তাহলে সেই যন্ত্রণা দেওয়ার পিতা কে?
কবি— মানে স্যার!
চিত্রগুপ্ত— মাই লর্ড ভাবুন… খুব কষ্ট হচ্ছে, বিষণ্ণ লাগছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। টুপ করে একটা কবিতা লিখে ফেললেন কবি আর সমস্ত যন্ত্রণার সমাপ্তি! অর্থাৎ রোগীর অসুবিধে হচ্ছে, ওষুধ দেওয়া হল, রোগীর উপশম হল। এখানে কবিতা হল ওষুধ আর রোগী হল কবি নিজে। তাহলে ডাক্তার কে ?
আমি মনে করি, কবিকে হতে হবে ডক্টর আর তার লেখা ওষুধে সুস্থ হয়ে উঠবে রোগী। তার দেওয়া অ্যান্টিবায়োটিকে বেড়ে উঠতে পারবে না সমাজের কীট। তার আবিষ্কৃত টিকায় সমূলে মারা পড়বে ক্ষতিকারক সবকিছু। কিন্তু ভাবুন সেই ডাক্তারই যদি নিজে রোগী হয়ে যায়, নিজের যন্ত্রণা উপশমের জন্য দরকার হয় ওষুধ, তাহলে এ সমাজের অজস্র রোগীর চিকিৎসা করবে কে! টিকা দেবে কে! বরং কবিকে যন্ত্রণামুক্ত হতে হবে। অজস্র মানুষ যারা যন্ত্রণায় ভুগছে, তাদের সেবায় নিজেকে ব্রতী করতে হবে। কলমে ভরে নিতে হবে ৫ লাইন অ্যান্টিবায়োটিক…
যম— ঠিক কথা। আচ্ছা মৃত্যুযন্ত্রণা অনুভব করেছেন কখনও?
কবি— মৃত্যুসম যন্ত্রণা অনুভব করতে চাওয়া তো কবি সব জায়গায় লিখে এসেছেন, আমিও।
যম চিত্রগুপ্তের দিকে তাকালেন।
চিত্রগুপ্ত— আপনি কি জানেন, মর্তে ও এখানে তা আইনত দণ্ডনীয় ?
কবি— হ্যাঁ হুজুর, তা তো জানি। কিন্তু অনুভব করতে চাওয়া আর সত্যিকারের চাওয়া কি এক জিনিস?
চিত্রগুপ্ত— ওহ। তার মানে কবির মৃত্যু যন্ত্রণার যে সুখটি পাঠককে সবথেকে বেশি আন্দোলিত করে, সেটিই বানানো, ফলস!
মাই লর্ড, আইনত দণ্ডনীয় এক চাওয়া-কে মন থেকে না চেয়েও তার ভাব বিস্তার করে শুধুমাত্র একটা অনুভূতি চেয়েছেন এই কবি। মৃত্যুযন্ত্রণা যা আপনি দিয়ে থাকেন, তা একটি সুখকর অনুভূতি, এই কথা লিখে জনমানসে ভ্রম ও আপনাকে পরোক্ষে হেয় করেছেন। এটা একটা মস্ত অপরাধ।
রায়দান পর্ব
যমরাজ বললেন— হে কবি! আপনার অপরাধগুলি আমি পড়ে শোনাচ্ছি। জীবদ্দশায় কবি হিসাবে অনেক কবিতা লিখে থাকলেও, তার প্রচারে আপনি অসৎ পথ অবলম্বন করেছিলেন।
নিজ কবিত্ব প্রচারে দল গঠন করেছিলেন। অনুজ কবিদের সঙ্গে বসে অন্য কবিকে কীভাবে কাঠি করা যায়, তার পরিকল্পনা করেছিলেন। আপনার সম্পাদনার পত্রিকায় যোগ্যদের সুযোগ থেকে বঞ্চিত করেছিলেন। মহান কাব্য ও অন্যান্য ভালো বই, তরুণ কবিদের ভালো কবিতার সার নিজের কবিতায় টুকেছেন। কবিতা লেখার জন্য বাস্তবে, অবাস্তবে বহু প্রেম করেছিলেন, এমনকী নারী শরীরও নিজের কাব্যে ব্যবহার করেছিলেন। নিয়তি ও কর্মফলে প্রাপ্ত যন্ত্রণা বা আনন্দে থাকা জীবকে শুধুমাত্র কয়েক পাতা পড়িয়ে যন্ত্রণাপ্রাপ্ত জীবকে আনন্দ, আর আনন্দে থাকা জীবকে যন্ত্রণা দিয়ে সুখ-দুঃখের ভারসাম্য নষ্ট করেছেন। নিজের পুরস্কার প্রাপ্তির জন্য নিজের মূল্যবোধ শিকেয় তুলেছেন। সততা ও বিবেকের কাছে আত্মবিসর্জন দিয়ে উৎসবের আবহে বছরের পর বছর পাঠকদের ঠকিয়েছেন। নিজের স্ত্রী-পুত্রকে সময় দেননি, সংসার ধর্ম পালন করেননি। কবিতা লিখে সমাজের একটি উপকারও করতে পারেননি। মৃত্যুযন্ত্রণা সুখকর অনুভূতি, এই কথা লিখে জনমানসে ভ্রম তৈরি করেছেন। কবিতাই পারে নতুন সমাজের জন্ম দিতে। নবজাগরণে শামিল হতে। পুরাতন ভেঙে এগিয়ে যাবার স্রোত তৈরি করতে। শব্দই ব্রহ্ম। শব্দের উচ্চারণ হল শক্তি। কবিতার ছত্রে ছত্রে সেই শক্তি সঞ্চিত থাকে। পাঠক তাকে নিজ শরীরে বহন করে। জন্ম থেকে জন্মান্তরে ছড়িয়ে পড়ে সেই শক্তি। তাই তো শব্দ অমর আর সেই শব্দের সৃষ্টিকর্তা যদি অপরাধ করে, তার একটাই শাস্তি দেওয়া যেতে পারে। মৃত্যুহীন জন্মের। হে কবি, আপনি পৃথিবীতে বার বার জন্ম নেবেন এবং অপূর্ণ থাকবেন। আর তাই পূর্ণতা পেতে আপনি লিখে যাবেন জন্মের পর জন্ম। আপনার মুক্তি নেই। এর থেকে বড়ো শাস্তি পৃথিবীতে কিছু নেই। আপনাকে আরও এক কবিজন্মের শাস্তি প্রদান করা হল।
(সমাপ্ত)





