তিল, আলু এবং বাঁধাকপি দিয়ে তৈরি এই স্পেশাল পকোড়া শীতের সন্ধ্যায় আসর একেবারে জমিয়ে দেবে।

তিলের পকোড়া
উপকরণ: ২টি সেদ্ধ আলু, ৫০ গ্রাম নুডলস সেদ্ধ, ৫০ গ্রাম বাঁধাকপি কুচি, ৪টি বড়ো পেঁয়াজের কুচি, ২টি কাঁচা লংকার কুচি, পরিমাণ মতো সরষের তেল, কর্নফ্লাওয়ার পাউডার এবং স্বাদমতো লবণ।

প্রণালী: সেদ্ধ করা আলু লবণ সহযোগে চটকে রাখুন। নুডলসের সঙ্গে পেঁয়াজ, রসুন এবং বাঁধাকপির কুচি মিশিয়ে নিন। সামান্য লবণ এবং কাঁচালংকার কুচি দিয়ে অল্প তেল-এ সমস্ত উপকরণ ভেজে নামিয়ে রাখুন। এবার ছোটো ছোটো বল তৈরি করে তেল-এ ভেজে নিন এবং ভালো ভাবে ভাজা হয়ে গেলে চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন।

বাদাম, গোবিন্দ ভোগ চাল এবং সাবুদানা দিয়ে তৈরি এই মিষ্টি খাবারটি শীতকালে আপনার মুখের স্বাদ ফেরাবে।

স্পেশাল পায়েস
উপকরণ: ৫০ গ্রাম চাল, ৪ টেবিল চামচ সাবুদানা, ১০০ গ্রাম বাদাম, হাফ কাপ খেজুর গুড়, হাফ চামচ এলাচগুঁড়ো, ৫-৬ ফোঁটা কেওড়া এসেন্স, এক কাপ পরিমাণ দুধের গুঁড়ো এবং ১ লিটার দুধ।

প্রণালী: বাদাম ভেজে গুঁড়ো করে রাখুন। এরপর লিকুইড দুধ ফোটাতে থাকুন। এবার গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে ফুটতে থাকা দুধে মেশান। চাল কিছুক্ষণ ফুটে ভাতের আকার নিলে, ওর মধ্যে সাবুদানা ধুয়ে মেশান এবং ফোটাতে থাকুন গুড় সহযোগে। এরপর ভেজে গুঁড়ো করে রাখা বাদাম এবং গুঁড়ো দুধ মিশিয়ে ২ মিনিট পর আঁচ বন্ধ করে দিন। সবশেষে, কেওড়া এসেন্স দিয়ে সাজিয়ে গরম কিংবা ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

শীতকালে ছোটোবড়ো সবার প্রিয় হয়ে উঠতে পারে এই মিষ্টি স্বাদের খাবারটি।

ফলের পায়েস
উপকরণ: হুইপিং ক্রিম, সেইসঙ্গে কলা, বেদানার দানা, দানাছাড়া আতা, আপেল এবং কয়েকটি আঙুর, সামান্য ভ্যানিলা কাস্টার্ড পাউডার, ২ চামচ কিশমিশ, ১ গেলাস দুধ, স্বাদমতো চিনি অথবা মধু।

প্রণালী: একটি পাত্রে ৩-৪ চা চামচ দুধ রাখুন এবং বাকি দুধ একটি ফ্রাইং প্যানে ঢেলে ফুটতে দিন। দুধ ফুটতে শুরু করলে, আঁচ কমিয়ে দিন। কাস্টার্ড পাউডার দুধে গুলে নাড়ুন। ৫ মিনিট রান্না করুন, তারপর আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। হুইপিং ক্রিম যোগ করুন। একটি কাচের পাত্রে সম্পূর্ণ উপকরণ রাখুন এবং উপরে সমস্ত ফলের কুচি ছড়িয়ে দিন। এরপর পাঁচ মিনিট ফ্রিজে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...