—কী রে, কী হয়েছে তোর? চিন্তিত সুমিত্রা অনুর কাছে ঘেঁষে আসে।
—সকালে তোর মা ফোন করেছিল, বলল, তুই নাকি খুব অসুস্থ। আমার কাছেও তো চলে আসতে পারতিস বা বাড়ি থেকে ক’দিন ঘুরে আসতে পারতিস। ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছিস?
—আরে আরে দাঁড়াও মামি, একসঙ্গে কত প্রশ্ন করছ। আমি একদম ঠিক আছি, চিন্তা করার মতো কিচ্ছু হয়নি। তুমি বোসো, আমি চা নিয়ে আসি। অগোছালো চুলটা হাতে পাকিয়ে খোপা করতে করতে অনু খাট থেকে নামার উপক্রম করে।
সুমিত্রা ওকে বারণ করে বলে, “আমি চা খেয়েই এসেছি। তুই এখানে চুপচাপ বোস, এখন কোথাও তোকে যেতে হবে না।” হাতের ব্যাগ থেকে টিফিন কৌটো-টা বার করে অনুর হাতে ধরিয়ে দেয় সুমিত্রা, ‘নে খেয়ে নে, কড়াইশুঁটির কচুরি আছে। আলুর দম আর মিষ্টিও আছে। এই দিয়ে আজ খেয়ে নে। যেদিন প্ল্যান করে আসব, তোর অর্ডারি রসোগোল্লার পায়েস নিশ্চয়ই নিয়ে আসব।’
অন্যদিন হলে সুমিত্রার হাত থেকে প্রায় কেড়েই কৌটো খুলে বসত অনু। কিন্তু আজ সুমিত্রা আশ্চর্য হল, অনু কৌটোটা সরিয়ে রাখল, “এখন ইচ্ছে করছে না মামি, পরে খেয়ে নেব।”
কৌটো-টা টুলের উপর রাখতে গিয়ে হাত লেগে অনুর একটা পড়ার বই মাটিতে পড়তেই, বইয়ের ভিতর থেকে একটা ওষুধের পাতা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। সুমিত্রা চট করে ওষুধটা তুলে নিল। নামটা দেখে বুঝতে পারল ওটা ঘুমের ওষুধ।
অনুর দিকে তাকিয়ে সুমিত্রা বলল, ‘কী রে তোর ঘুম হয় না? ঘুমের ওষুধ খাস কেন?”
অনু, সুমিত্রার চোখের দিকে তাকাতে পারে না।
—না না, সেরকম কোনও ব্যাপার নয়। তুমি বোসো, আমি দৌড়ে চা নিয়ে আসি।
—তুই খাবি? সুমিত্রা প্রশ্ন করে।
—না, আমি খাব না।
—তবে আমার কাছে বোস। আমাকে তাড়াতাড়ি বেরোতেও হবে। পড়াশোনা কেমন চলছে তোর?
—তেমন কিছু নয়।
সুমিত্রা লক্ষ্য করল, অনু কিছুতেই ওর চোখের দিকে তাকিয়ে কথা বলছে না। অথচ আগে সুমিত্রা এলেই ওর গলা জড়িয়ে ধরে রাজ্যের গল্প জুড়ে দিত অনু। বন্ধুরা কী করল, ক্লাসে কী হল, ওকে কে কী বলল— এ সব খুলে না বললে অনুর নাকি ঘুম আসত না। অথচ আজ এত চুপচাপ। প্রথম থেকেই সুমিত্রার সঙ্গে ওর বন্ধুর মতো সম্পর্ক আর সুমিত্রারও মনে এই মেয়েটির প্রতি একটা ভালোবাসা সেই কবেই গড়ে উঠেছে।
কিন্তু আজকের পরিবেশটা সুমিত্রার অন্যরকম মনে হল। যা প্রশ্ন করছে সেই উত্তরটুকুই খালি পাচ্ছে, আর বাকি সময়টা কিছু একটা চিন্তায় ডুবে যাচ্ছে অনু। সুমিত্রা ভেবে পেল না, কীভাবে অনুর মনে কী চলছে সেটা জানবে। কিন্তু কিছু যে একটা গোপনে ঘটে চলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছিল সুমিত্রা। এরই মধ্যে অনুর রুমমেট অঙ্কিতাও রুমে ফিরে এল।
—মামিমা, আপনি অনুকে সঙ্গে করে বাড়ি নিয়ে যান। সারা রাত ঘরের মধ্যে পায়চারি করে, জিজ্ঞেস করলে বলে ঘুম আসছে না। ওকে আমিই ঘুমের ওষুধ খেতে বলেছি। খাওয়া-দাওয়া ঠিকমতো করে না, পড়াশোনাও লাটে তুলে দিয়েছে। ওর রোগটা মনে হয় ‘প্রেমরোগ”, বলে হাসতে থাকে অঙ্কিতা।
—চুপ কর অঙ্কিতা। মামির সামনে মুখে যা আসছে বলে যাচ্ছিস, রেগে যায় অনু
—আরে আমাকে নামটা বলিসনি ঠিক আছে, কিন্তু মামিকে তো ছেলেটার নাম বলে দে। হতে পারে মামি তোকে এবারের মতো প্রেমসমুদ্রে হাবুডুবু খাওয়ার থেকে বাঁচাতে সাহায্য করবে। নে… নে, মেলা নাটক না করে মামিকে সব বলে দে। আমি বরং বাইরে চলে যাচ্ছি, বলে অঙ্কিতা দু’জনকে কথা বলার সুযোগ করে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল।
—ইডিয়েট একটা, অনুর স্বগতোক্তি সুমিত্রারও কানে এসে পৌঁছাল।
অঙ্কিতার কথাগুলোই সুমিত্রার সত্যি মনে হল। ও অনুর দুটো হাত নিজের হাতে নিয়ে বলল, ‘কোনও ছেলেকে পছন্দ করিস তো বল, আমি দিদির সঙ্গে কথা বলব।’
—না কেউ নেই, হাতটা সরিয়ে নিল অনু।
সুমিত্রা ওর থুতনিটা হাত দিয়ে তুলে ধরল, “সত্যি করে বল কী হয়েছে, আমি তোর মামি। কিছু তো একটা তোর মনের উপর চেপে বসেছে সেটা বেশ বুঝতে পারছি। আর সেই জন্যই তুই ঘুমের ওষুধ খাচ্ছিস। আমাকে বিশ্বাস করতে পারিস, তোর কোনও কথা কেউ জানবে না। তুই আমাকে বন্ধু ভাবিস তো… তাহলে বল, তুই কোনও ভুল কাজ করেছিস কি? কারও কাছে খুলে বললে মন হালকা হবে আর তাছাড়া হয়তো আমিও তোকে কিছু সাহায্য করতে পারব। প্রেম ট্রেমের চক্করে পড়েছিস নাকি হস্টেলের কোনও প্রবলেম…? দশ পনেরো মিনিট ধরে বারবার একই কথা সুমিত্রা বলতে লাগল যাতে অনু আসল সত্যিটা ওর কাছে খুলে বলে।
অনেক চেষ্টা করেও সুমিত্রা অনুর পেট থেকে কথা বার করতে সফল হল না। একটু রাগও হল ওর, ‘ঠিক আছে অনু, তোর যখন আমার উপর এতটুকু বিশ্বাস নেই আর ঠিকই যখন করেছিস আমাকে কিছুই বলবি না, তাহলে শুধু শুধু এখানে বসে থেকে কী লাভ আমার? এখন আমি তাহলে চললাম, ভালো থাকিস’, বলে সুমিত্রা উঠে দাঁড়াবার উপক্রম করে।
—মামি…, অনু সুমিত্রার হাতটা আঁকড়ে ধরে। ওর চোখ দিয়ে অঝোরে জল পড়তে থাকে। সুমিত্রা অনুর চোখে জল দেখে ভিতরে ভিতরে ঘাবড়ে গেলেও কথা বার করার জন্য চিন্তাটা মুখের মধ্যে প্রকাশ হতে দেয় না। ‘কেন, আমি এখানে বসে আর কী করব, আমাকে বাড়িও তো ফিরতে হবে। নয়তো সুমনকে পড়ানোর সময় পেরিয়ে যাবে।”
কথা শেষ হওয়ার আগেই অনু সুমিত্রাকে জড়িয়ে ধরল। ওর কাঁধে মাথা রেখে হাউহাউ করে কেঁদে উঠল ও, ‘মামি, আমি একটা ভুল করে ফেলেছি।’
—কী ভুল করেছিস? সস্নেহে সুমিত্রা প্রশ্নটা করে।
—একজনের সঙ্গে আমি সম্পর্কে…
আজকালকার মেয়ে প্রেমে পড়েছে হতেই পারে, কিন্তু অনু সম্পর্কে জড়িয়ে পড়ার কথা বলাতে সুমিত্রার হাত-পা কাঁপতে শুরু করে। অনুর উপর প্রচণ্ড রাগ হতে থাকে সুমিত্রার। কিন্তু ও ভালো করেই জানে, এখন বকাঝকা আরম্ভ করলে অনু সত্যিটা কিছুতেই ওর কাছে খুলে বলবে না।
অনুর হাত ধরে সুমিত্রা ওকে খাটে বসিয়ে নিজেও ওর সামনে এসে বসল। এই অবস্থায় রাগারাগি করলে সুমিত্রা জানে, এই মেয়ে কিছু একটা করে বসতে পারে। সুতরাং খুব সাবধানে সব কথা ওর পেট থেকে বার করতে হবে।
(ক্রমশ…)





