—কী রে, কী হয়েছে তোর? চিন্তিত সুমিত্রা অনুর কাছে ঘেঁষে আসে।
—সকালে তোর মা ফোন করেছিল, বলল, তুই নাকি খুব অসুস্থ। আমার কাছেও তো চলে আসতে পারতিস বা বাড়ি থেকে ক'দিন ঘুরে আসতে পারতিস। ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছিস?
—আরে আরে দাঁড়াও মামি, একসঙ্গে কত প্রশ্ন করছ। আমি একদম ঠিক আছি, চিন্তা করার মতো কিচ্ছু হয়নি। তুমি বোসো, আমি চা নিয়ে আসি। অগোছালো চুলটা হাতে পাকিয়ে খোপা করতে করতে অনু খাট থেকে নামার উপক্রম করে।
সুমিত্রা ওকে বারণ করে বলে, “আমি চা খেয়েই এসেছি। তুই এখানে চুপচাপ বোস, এখন কোথাও তোকে যেতে হবে না।” হাতের ব্যাগ থেকে টিফিন কৌটো-টা বার করে অনুর হাতে ধরিয়ে দেয় সুমিত্রা, ‘নে খেয়ে নে, কড়াইশুঁটির কচুরি আছে। আলুর দম আর মিষ্টিও আছে। এই দিয়ে আজ খেয়ে নে। যেদিন প্ল্যান করে আসব, তোর অর্ডারি রসোগোল্লার পায়েস নিশ্চয়ই নিয়ে আসব।'
অন্যদিন হলে সুমিত্রার হাত থেকে প্রায় কেড়েই কৌটো খুলে বসত অনু। কিন্তু আজ সুমিত্রা আশ্চর্য হল, অনু কৌটোটা সরিয়ে রাখল, “এখন ইচ্ছে করছে না মামি, পরে খেয়ে নেব।”
কৌটো-টা টুলের উপর রাখতে গিয়ে হাত লেগে অনুর একটা পড়ার বই মাটিতে পড়তেই, বইয়ের ভিতর থেকে একটা ওষুধের পাতা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। সুমিত্রা চট করে ওষুধটা তুলে নিল। নামটা দেখে বুঝতে পারল ওটা ঘুমের ওষুধ।
অনুর দিকে তাকিয়ে সুমিত্রা বলল, 'কী রে তোর ঘুম হয় না? ঘুমের ওষুধ খাস কেন?”
অনু, সুমিত্রার চোখের দিকে তাকাতে পারে না।
—না না, সেরকম কোনও ব্যাপার নয়। তুমি বোসো, আমি দৌড়ে চা নিয়ে আসি।
—তুই খাবি? সুমিত্রা প্রশ্ন করে।
—না, আমি খাব না।
—তবে আমার কাছে বোস। আমাকে তাড়াতাড়ি বেরোতেও হবে। পড়াশোনা কেমন চলছে তোর?
—তেমন কিছু নয়।
সুমিত্রা লক্ষ্য করল, অনু কিছুতেই ওর চোখের দিকে তাকিয়ে কথা বলছে না। অথচ আগে সুমিত্রা এলেই ওর গলা জড়িয়ে ধরে রাজ্যের গল্প জুড়ে দিত অনু। বন্ধুরা কী করল, ক্লাসে কী হল, ওকে কে কী বলল— এ সব খুলে না বললে অনুর নাকি ঘুম আসত না। অথচ আজ এত চুপচাপ। প্রথম থেকেই সুমিত্রার সঙ্গে ওর বন্ধুর মতো সম্পর্ক আর সুমিত্রারও মনে এই মেয়েটির প্রতি একটা ভালোবাসা সেই কবেই গড়ে উঠেছে।





