ফোনটা তুলেই দেখল, ওর কলেজের বন্ধু রীতা। ধরবে না মনে করেও ফোনটা ধরে ফেলল। ওপার থেকে রীতার উদ্বিগ্ন স্বর ভেসে আসে, “শোন কাল তাড়াতাড়ি পরীক্ষা দিতে চলে আসিস। তোদের ওদিকে নাকি রাস্তা খারাপ! মারাত্মক ট্রাফিক জ্যাম হচ্ছে! আজ তো একটা অ্যাক্সিডেন্টও নাকি হয়েছে…’ রীতাকে আর কথা না বাড়াতে দিয়ে ফোনটা কেটে দিল সৌমী। ও যে আর কলেজেই যাবে না, সেটা রীতাকে জানিয়ে লাভ কী? গাড়ির সিটে শরীর এলিয়ে দিয়ে বুঝতে পারল যে, ট্যাক্সিটা চলতে শুরু করেছে। তবে কি জ্যাম কাটল?

জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ও। আস্তে আস্তে সব গাড়িগুলোই চলার গতি বাড়িয়েছে। চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিল একবার। না, বরুণ কোথাও নেই। ও কি অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গেই গেল নাকি? তাহলে কি মণিমাসির কথাই ঠিক? বরুণের সঙ্গে ছোটোমা-র কিছু একটা ব্যাপার আছে! তার জন্যই ছোটোমা চায় না, মণিমাসি ওদের বাড়িতে আসুক। কথাটা মনে হতেই, একটু আগে অ্যাম্বুলেন্সটাকে দেখে মনের মধ্যে যে কষ্টের রেখা ফুটে উঠেছিল, সেটা মিলিয়ে গেল। তার বদলে জমে উঠল রাগ আর অসম্ভব একটা জ্বলুনি। জ্বলুনি থেকে মুক্তি পেতেই আবার স্মৃতির ঝাঁপি খুলে বসল সে। বহুদিন আগের একটা সন্ধ্যার ছবি ভেসে এল সৌমীর চোখে।

সেদিন, সৌমীর এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ ছিল। বাড়ি ফিরে শ্যামলদার কাছে শুনেছিল, বাবা নাকি ওর জন্য পুতুল কিনে এনেছে। ও দৌড়ে বাবার ঘরের দিকে গিয়েছিল। কিন্তু দরজার সামনে, ওর বাবার চাপা রাগী গলা শুনে থমকে দাঁড়িয়েছিল ও। বাবা রেগে গিয়ে মণিমাসিকে কী জানি বলছিল। সবটা শুনতে পায়নি ও। কিছু কিছু কথা শুনেছিল, “ছিঃ, মণি তুমি না বিবাহিতা! এমন নোংরা প্রস্তাব দিলে কী করে? আজই এ বাড়ি ছেড়ে চলে যাবে তুমি।’ সে রাতের পরে আর কোনওদিনও মণিমাসি ওদের বাড়িতে আসেনি। তার কিছুদিন পরেই বাবা, ছোটোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল।

একটু একটু করে জ্যাম কেটে এগিয়ে চলেছে গাড়ি। বৃষ্টি কমে এসেছে। ট্যাক্সি এখন ফুলস্পিডে এয়ারপোর্টের দিকে চলেছে। তার সঙ্গে সঙ্গেই সৌমীর মনটাও কলকাতা ছেড়ে মুম্বইতে উড়ে চলেছে। বৃষ্টিভেজা ঠান্ডা হাওয়ায় চোখটা আরামে বুজে আসছে সৌমীর। কতক্ষণ যে ট্যাক্সিটা চলেছে, তা জানে না ও। সিটের উপরে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে যায় সৌমী। অবশেষে ড্রাইভারের ডাকে, ঘুম ভাঙে সৌমীর। চোখ খুলে দেখে এয়ারপোর্টের গেটের কাছে এসে গেছে সে। তাড়াতাড়ি করে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে, এয়ারপোর্টের গেটের দিকে দৌড় দেয় সৌমী। ট্যাক্সি ড্রাইভার দ্যাখে, তার প্রাপ্য ভাড়ার থেকে বেশি টাকা দিয়েছে সৌমী। তাই বাড়তি টাকা ফেরত দেওয়ার জন্য ডাকতেই, একবার শুধু পিছনে ঘুরে হাতের ইশারায় টাকাটা ফেরৎ লাগবে না জানিয়েই দৌড় দেয় সে।

কাঁধের ব্যাগটাকে সামলে নিয়ে এয়ারপোর্টের গেটের সামনে এসে আধারকার্ড আর টিকিটটা দেখায় সৌমী। গেটের গার্ড টিকিট দেখে ভ্রু কুঁচকে একবার তাকায় সৌমীর দিকে। তারপরে ওকে বলে, ‘জলদি, জলদি’। সৌমী আবার অভ্যাস বশে হাতের কবজির দিকে তাকিয়ে হতাশ হয়। দৌড়িয়ে যায় এয়ারলাইন্স কাউন্টারের দিকে। কাউন্টারের ছেলেটা সৌমীর মুখের দিকে তাকিয়ে বলল, “স্যরি ম্যাম। দ্য ফ্লাইট হ্যাজ লেফট অ্যাওয়ে…” এবার সৌমী এয়ারপোর্টের সামনে ঝোলানো ডিজিটাল বোর্ডের দিকে তাকায়, ন’টা চল্লিশ। মানে মুম্বইয়ের ফ্লাইট অনেকক্ষণ আগেই চলে গেছে। বোর্ডটার দিকে তাকিয়ে থাকার পরে চোখটা ঝাপসা হয়ে উঠল। স্বপ্নভঙ্গের বেদনায় শরীরটা অবশ হয়ে এল ওর। পাশের একটা সিটে বসে পড়ল সে। বেশ কিছুক্ষণ পরে সম্বিত ফিরল সৌমীর। হাতের মোবাইলটা খুলে দেখল সেখানে আকাশ আর মণিমাসির অনেকগুলো মিসডকল। ও কি ফোন করবে ওদের? এমনিতেও আকাশ এখন ফ্লাইটে। নিশ্চয়ই ভীষণ রেগে আছে। তার থেকে বরং মণিমাসির বাড়ি যাওয়াই ভালো। মাসি ঠিক একটা উপায় বলে দেবে।

এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে মিনিট কুড়ির মধ্যেই মাসির বাড়ি চলে আসে সৌমী। দু-কামরার ছোট্টঘর মাসির। রোজ এসময় সামনের ঘরে বসে মাসি টিভি দেখে। কিন্তু আজ সামনের ঘরটা পুরোপুরি অন্ধকার। ভিতরের ঘরে অবশ্য আলো জ্বলছে। এ বাবা! মাসির তো ওকে সি- অফ করতে এয়ারপোর্টেই যাওয়ার কথা ছিল। নিশ্চয়ই এখনও ফেরেনি। ইশ, একদম ভুলে গিয়েছিল ও। মেসো হয়তো ভিতরের ঘরে শুয়ে আছে। পিছনের দরজায় গিয়ে নক করতে হবে। যদি নেশা করে ঘুমিয়ে পড়ে তো, এত দূর থেকে শুনবে না। অগত্যা পিছনের দরজার সামনে গিয়ে দাঁড়াল ও। নক করতে যাবে এমন সময়, ঘরের ভিতর থেকে আকাশের হিসহিসে স্বর শুনতে পেল সৌমী।

—কেমন! তুমি তো বলছিলে, খুবই নাকি সরল মেয়ে তোমার বোনঝি! কেমন বদমাশ মেয়ে দেখেছ! এলই না। আমার প্ল্যানটা পুরোপুরি ভেস্তে গেল।

মণিমাসি চাপা স্বরে বলল, ‘তুমি ঠিক কি প্ল্যান করেছিলে? সেটা বললে, আমি আবার ওকে ধরার ফাঁদ পাততে পারি।”

আকাশ বলল, “আমি এয়ারপোর্টে সৌমীর সঙ্গে দেখা করে ওর থেকে টাকার ব্যাগটা নিয়ে নিতাম, তারপর ওকে রহিম খানের হাতে তুলে দিয়ে, এখানে এসে তোমার ভাগটা দিয়ে দিতাম।’

মণিমাসি বলল, ‘রহিম খান তোমাকে টাকা দেয়নি?’

আকাশ কী বলল, সেটা শোনার মতো মনের অবস্থা সৌমীর আর থাকল না। তার মানে ওকে খারাপ জায়গায় বিক্রি করে দেওয়ার জন্যই মণিমাসি ফাঁদ পেতেছিল। আর তার জন্য ও কিনা ছোটোমাকে মারতে গিয়েছিল?

হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দৌড়িয়ে, রাস্তায় চলে এল সৌমী। অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গিয়েছে। এক আকাশ তারা ফুটে আছে এখন। তার দিকে চেয়ে সৌমী বলল, ‘মা গো! ছোটোমা বলত, তুমি ওই তারাদের মাঝেই আছো। আমার সব আবদার তুমি ওখান থেকেই পূরণ করবে! কোনওদিন আমি তোমার কাছে কিছু চাইনি। আজ চাইছি। ছোটোমা-র যেন কিছু না হয়।”

ফোন খুলে দেখে, সেখানে বরুণেরও ক’টা মিসডকল। তাড়াতাড়ি বরুণকে ফোন করে ও। বরুণ ফোন ধরেই বলে, ‘কোথায় আছো তুমি সৌমী?’ বরুণের সঙ্গে কথা সেরে আবার ট্যাক্সি ধরে ও। এবার সোজা নার্সিংহোমে, যেখানে ওর ছোটোমা ভর্তি আছে।

সারারাত ঠায় নার্সিংহোমের ওয়েটিং হলে একভাবে বসে রইল সৌমী। না! ছোটোমা-র কাছে যাওয়ার সাহস ওর হয়নি। সকাল হওয়ার পরে দূর থেকে দেখল বরুণ ওর দিকেই হতদন্ত হয়ে আসছে। ছোটোমা-র কি খারাপ কিছু হয়ে গেল! নিমেষে বুকের ভিতরটা যেন ফাঁকা হয়ে গেল ওর। পালাতে গিয়েও পালাতে পারল না। বরুণ এগিয়ে এসে বলল, ‘এ যাত্রায় তোমার ছোটোমা বেঁচে গেছে গো। তোমাকে দেখতে চাইছে।’

বরুণের সঙ্গে পায়ে পায়ে ছোটোমা-র কেবিনের সামনে এসে দাঁড়ায় সৌমী। সাদা বিছানার উপরে শুয়ে আছে ছোটোমা, চোখদুটো আধবোজা। দেখে মনে হচ্ছে যেন শ্বেতপদ্মের উপরে ধ্যানমগ্ন কোন ঋষিকন্যা। বরুণ সামনে গিয়ে বলে, ‘সৌমী এসেছে।’ সঙ্গে সঙ্গেই চোখ খোলে ছোটোমা। তারপর তার দুর্বল হাত দুটো বাড়িয়ে দেয় সৌমীর দিকে। সৌমীও সেই বাড়ানো হাতের বন্ধনে আবদ্ধ হতে হতে বলে, ‘আমাকে ক্ষমা করে দাও ছোটোমা। আমি খুব খারাপ, ভীষণ খারাপ।”

ছোটোমা-র দুর্বল কণ্ঠস্বর শুনতে পায় সৌমী, ওর কানের কাছে মুখ নিয়ে ছোটোমা বলে, ‘আমার মেয়ে কোনওদিনও খারাপ হতে পারে না, কক্ষনো না!” ছোটোমা-র শরীরের ওম নিতে নিতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে সৌমী। মনে মনে বলে, ‘ভাগ্যিস কাল ট্রাফিক জ্যাম ছিল…’

(সমাপ্ত)

আরো গল্প পড়তে ক্লিক করুন...