শীতকাল এলেই নতুন মায়েদের দেওয়া হয় নানারকম পরামর্শ। ‘এভাবে মালিশ করবে, এই প্রোডাক্ট ছাড়া অন্য কিছু ব্যবহার করবে না, এই তেল বাচ্চার মালিশের জন্য সবথেকে ভালো, বাচ্চাকে এইভাবে ধরা উচিত’— এমনই আরও নানারকম পরামর্শ দেওয়া হয়। এতে নতুন মা ধন্দে পড়ে গেলেও, সন্তানের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে চেষ্টা করেন সকলের নির্দেশই মেনে চলার। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, নিজের সন্তানের যত্ন মায়ের থেকে অন্য আর কেউ বেশি করতে পারে না। কিন্তু শীতকালে শিশুরা যেহেতু সর্দি-কাশিসহ আরও নানারকম স্বাস্থ্য সমস্যায় ভোগে, তাই এই সময় শিশুদের বিশেষ যত্ন নেওয়া উচিত চিকিৎসকদের পরামর্শ মেনে।

নবজাতকদের যত্ন

শীতকালে নবজাতক এবং ছোটো শিশুরা বিশেষ ভাবে দুর্বল হয়ে পড়ে। তাদের ছোটো শরীর দ্রুত তাপ হারায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে তারা সংক্রমণ এবং তাপমাত্রার ওঠানামার ঝুঁকিতে থাকে। ভারতে, যেখানে অঞ্চলভেদে শীতকাল ব্যাপক ভাবে পরিবর্তিত হয়, শিশুদের নিরাপদ এবং সুস্থ রাখার জন্য উষ্ণতা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টির একটি সুচিন্তিত সমন্বয় অপরিহার্য। শীতকালে নবজাতকদের কীভাবে যত্ন নেবেন, সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন কনসালট্যান্ট নিউনেটোলজিস্ট এবং পেডিয়াট্রিশিয়ান ডা. সুমিতা সাহা।

উষ্ণতা বজায় রাখুন

নবজাতকরা শরীরের তাপমাত্রা কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই ওদের থাকার ঘরটিতে আরামদায়ক উষ্ণতা থাকা উচিত। শিশুদের শরীরের উষ্ণতা বাড়াতে, স্তরে স্তরে পোশাক পরানো সবচেয়ে ভালো। ভিতরের স্তর হিসেবে নরম, শ্বাস- প্রশ্বাসযোগ্য সুতি এবং বাইরের পোশাকের জন্য হালকা পশম ব্যবহার করুন। তাপমাত্রা কমে গেলে ক্যাপ এবং মোজা সহায়ক। ঘুমের জন্য ভারী কম্বল এড়িয়ে চলুন, যা শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে। পরিবর্তে, শিশুর স্লিপিং ব্যাগ ব্যবহার করুন। অতিরিক্ত গরম করাও ঝুঁকিপূর্ণ। তাই শিশুর ঘাড় বা বুক পরীক্ষা করে দেখুন যে, তারা আরামদায়ক ভাবে উষ্ণ কিনা কিংবা ঘামছে কিনা।

উষ্ণতা বজায় রাখার এবং শিশুর সঙ্গে সংযোগ স্থাপনের সেরা উপায়গুলির মধ্যে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ (যাকে বলা হয় ক্যাঙ্গারু কেয়ার) অন্যতম। এটি কম ওজনের শিশুদের জন্য বিশেষ ভাবে উপকারী।

নবজাতকের জামাকাপড়

নবজাতককে অভ্যর্থনা জানাতে বাড়ির প্রতিটি সদস্য উদ্‌গ্রীব হয়ে থাকে। শিশুকে আরামে রাখতে সম্ভাব্য সবরকম প্রচেষ্টা তারা করে থাকেন। শীতের ঠান্ডা আবহাওয়ার কারণে শিশুর যাতে কোনওরকম কষ্ট না হয়, তার জন্য প্রয়োজনীয় জামাকাপড় কিনে আগে থেকেই বাড়িতে মজুত রাখা হয়। কিন্তু বেশিরভাগ মানুষই ভুল করে বসে, বাচ্চাকে ঠান্ডায় ওয়ার্ম রাখতে গিয়ে কমফর্ট-এর ব্যাপারটা খেয়াল করতে ভুলে যান। বাচ্চা যদি আন-কমফর্টেবল ফিল করে, তাহলে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না এবং বাচ্চাকে দেখেই বুঝতে পারবেন, কোনও কারণে বাচ্চা অস্বস্তি বোধ করছে।

তাই শীতের জন্য বাচ্চার পোশাক বাছার সময় মোটা উলের পোশাক কেনা বাঞ্ছনীয় নয়, বরং সফট ফেব্রিক-এর তৈরি পোশাক বাছুন।

হাতে-পায়ে সবসময় মোজা বা মোটা গ্লাভস পরিয়ে রাখবেন না। হালকা ফ্যাব্রিক-এর তৈরি পোশাকই বাছুন, নয়তো ডিসকমফর্ট- এর সঙ্গে বাচ্চার মুভমেন্টও বাধাপ্রাপ্ত হবে। ভারী উলের পোশাক তখনই বাছুন, যখন বাড়ির বাইরে বাচ্চাকে নিয়ে কোথাও যেতে হবে। রুম টেম্পারেচার-এর সঙ্গে সঙ্গতি রেখে বাচ্চাকে জামাকাপড় পরান।

বাচ্চার অসুবিধা বুঝবেন কী করে?

যদি খেয়াল করেন বাচ্চার মুখ লাল হয়ে উঠছে এবং শরীরের তাপমাত্রা প্রয়োজনের থেকে বেশি মনে হয়, তাহলে বুঝতে হবে বাচ্চা অসুবিধায় আছে। এছাড়াও প্রিয়জনের স্পর্শেও যখন বাচ্চা কান্না থামাতে চায় না, তাহলে বুঝতে হবে বাচ্চাকে অতিরিক্ত পোশাকে ঢেকে রাখা হয়েছে, যেটার জন্য বাচ্চা অস্বস্তি বোধ করছে।

আরাম

একেই শীতকাল তার উপর বাচ্চার জীবনের প্রথম শীতের মরশুম, সুতরাং সাবধান হওয়াটা খুবই দরকার। বড়োদের কাছে প্রথম প্রায়োরিটি হল বাচ্চাকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করা এবং যাতে সে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে তার সুব্যবস্থা রাখা। কাজেই শিশুকে ভারী কম্বলে ঢেকে রাখতে চেষ্টা করেন বেশিরভাগ অভিভাবকেরাই।

অথচ এটা খেয়াল করা উচিত, নবজাতক শিশুটির ভারী কম্বল বহন করার শক্তি নেই বললেই চলে। এতে বাচ্চা আরাম তো পাবেই না, উলটে সুরক্ষার দিক থেকেও এটা উচিত সমাধান নয়। এত ছোটো বাচ্চা বেশি হাত-পা ছুড়তেও অসমর্থ। সুতরাং ভারী কম্বলে বাচ্চার মুখ ঢেকে রাখবেন না।

মালিশ

নবজাতকের শরীর খুবই স্পর্শকাতর হয়, তাই তার দরকার বিশেষ দেখভালের। শীতকালে বাচ্চাকে ওয়ার্ম রাখার সঙ্গে সঙ্গে তাকে স্ট্রং করে তোলাটাও দরকার। বাচ্চাকে শক্তপোক্ত করে তুলতে মাসাজের একটা বড়ো ভূমিকা রয়েছে। এতে বাচ্চার হাড় শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার শারীরিক কাঠামোরও উন্নতি হয়। মাসাজ বাচ্চার ব্লাড সার্কুলেশন উন্নত করে গ্যাস, অ্যাসিডিটির কারণে হওয়া ডিসকমফর্ট-ও দূর করতে সাহায্য করে।

মালিশের জন্য দরকার সঠিক তেলের চয়ন। সাধারণত শীতকালে সরষের তেল দিয়ে বাচ্চার মালিশ করা হয়। কিন্তু অলিভ অয়েলও বাচ্চার মাসাজের জন্য উপকারী। কারণ এতে আছে ভিটামিন ই-এর সমস্ত গুণ, যা শরীরকে মজবুত করার সঙ্গে সঙ্গে ত্বকও রাখে হেলদি। ডায়াপার ব্যবহারের ফলে বাচ্চার ত্বকে জ্বালা এবং ফুসকুড়ি কম করতেও এই তেল সাহায্য করে। কারণ এতে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান মজুত আছে।

একটি সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে, মাসাজ করলে বাচ্চার পেরেন্টদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হয় এবং তাদের স্পর্শের সঙ্গেও বাচ্চা পরিচিত হয়।

টিপ্‌স: খেয়াল রাখতে হবে মাসাজ করার সময় বাচ্চার ঘর যাতে ওয়ার্ম থাকে। এর ফলে কমফর্ট জোন-এ আরাম করে শিশুকে মাসাজ করা যাবে। বাচ্চাকে স্নান করানোর আগে মাসাজ করলে বড়ি ওয়ার্ম থাকে। হালকা ভাবে বাচ্চার মালিশ করা উচিত। দুধ খাওয়ানোর ঠিক পরেই মাসাজ করাটা বাঞ্ছনীয় নয়, এতে বাচ্চার বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ময়েশ্চারাইজার

কসমেটোলজিস্ট-এর মতে, শিশুর ত্বক অত্যন্ত স্পর্শকাতর। শিশুর ত্বকে কোনওরকম কেমিক্যাল যুক্ত ময়েশ্চারাইজার লাগানো উচিত নয়। কারণ, তাতে জ্বালা, ফুসকুড়ি, চুলকানি ইত্যাদির সমস্যা হতে পারে। স্পর্শকাতর ত্বকের সঙ্গে ঠান্ডা হাওয়া শিশুর ত্বককে ড্রাই করে তোলে। এইসময় বাচ্চার ত্বকে আমন্ড অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ত্বক ময়েশ্চারাইজ করতে। এতে থাকা ভিটামিন ই-এর গুণাগুণ বাচ্চার ত্বক মোলায়েম এবং কোমল রাখতে সাহায্য করে।

এছাড়াও কোকো বাটার, শিয়া বাটার যুক্ত ময়েশ্চারাইজারও বাছতে পারেন। কারণ এগুলি বাচ্চার ত্বকের জন্য খুবই কোমল হয়। শিশুর ময়েশ্চারাইজার হওয়া উচিত রং ছাড়া এবং কোনওরকম রাসায়নিক ছাড়া। বাচ্চার ত্বকের ধরন বুঝে ময়েশ্চরাইজার ব্যবহার করা উচিত।

স্নান

শীতকালে বাচ্চার দেখাশোনা করাটা একটা চ্যালেঞ্জ। নতুন যারা মা হয়েছেন, তারা ভেবে পান না বাচ্চাকে রোজ স্নান করানো উচিত হবে কিনা, বিশেষকরে শীতকালে। খুব ঠান্ডায় বাচ্চাকে রোজ স্নান করানোর দরকার পড়ে না। সপ্তাহে ২ থেকে ৩ বার স্নান করালেই যথেষ্ট এবং সেটাও করা উচিত যখন বাইরে ভালো রোদের তেজ রয়েছে। কারণ স্নানের পরেই বাইরের স্বাভাবিক গরমে বাচ্চাকে ওয়ার্ম রাখা জরুরি।

রোজ স্নান করার বদলে হালকা গরমজলে বাচ্চার হাত-পা, ঘাড়, গলা, মুখ এবং শরীরের পিছনের নীচের অংশ ভালো করে পরিষ্কার করে দিন। এতে বাচ্চাকে পরিষ্কার রাখাও হবে আবার ঠান্ডা থেকেও তাকে সুরক্ষিত রাখা যাবে।

ভিটামিন ‘ডি’-র প্রয়োজনীয়তা

আলাদা করে ভিটামিন ‘ডি’ খাওয়ানোর কোনও প্রয়োজন নেই। সূর্যের রশ্মিতে থাকা ভিটামিন ডি বাচ্চার হাড় স্ট্রং করার সঙ্গে সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। বাচ্চাকে স্নান করিয়ে রোদে অবশ্যই কিছুক্ষণ রাখুন। এতে সূর্যের তাপ যেমন বাচ্চার শরীরে লাগবে, তেমনই বাচ্চা জীবাণুমুক্ত হতে পারবে।

পুষ্টি এবং হাইড্রেশন

ছয় মাসের কম বয়সি শিশুদের জন্য বুকের দুধ হল সর্বোত্তম। ব্রেস্ট-মিল্ক যেমন রোগ প্রতিরোধ করে, ঠিক তেমনই শরীরের উষ্ণতা বৃদ্ধি করে, হাইড্রেশন এবং অ্যান্টিবডি প্রদান করে। বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তার ইমিউন সিস্টেম বিকশিত হওয়া শুরু হয়ে যায়, যার ফলে নিঃশ্বাস সংক্রান্ত অসুস্থতার সঙ্গে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সমস্যা শীতকালে বৃদ্ধি পায়। এইসময় বাচ্চাকে ওয়ার্ম রাখতে এবং অসুখ থেকে সুরক্ষিত রাখতে বাচ্চার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলাটা একান্ত দরকার হয়ে পড়ে। এই ক্ষেত্রে ব্রেস্টফিড করানোর ভূমিকা গুরুত্বপূর্ণ। মায়ের দুধে সবরকম নিউট্রিয়েন্টস থাকার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিজ-ও থাকে, যা বাচ্চার ইমিউন সিস্টেম-কে বাড়িয়ে, বাচ্চাকে অসুস্থতা থেকে সুরক্ষিত রাখতেও সাহায্য করে।

সংক্রমণ প্রতিরোধ

শীতকালে ফ্লু এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ খুবই সাধারণ। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং পরিবেশ ধূমপানমুক্ত রাখুন। সর্দি-কাশির লক্ষণ দেখা দেওয়া ব্যক্তিদের থেকে শিশুদের দূরে রাখুন। নিয়মিত টিকাদান করাও জরুরি। কারণ, এগুলি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিরাপদ তাপ এবং আর্দ্রতা

যদি রুম হিটার ব্যবহার করা হয়, তাহলে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করুন এবং ডিভাইসগুলিকে নিরাপদ দূরত্বে রাখুন। খোলা আগুন বা কয়লা-ভিত্তিক তাপ পদ্ধতি এড়িয়ে চলুন, যা ক্ষতিকারক ধোঁয়া নির্গত করতে পারে। যদি ঘরের বাতাস খুব শুষ্ক মনে হয়, তাহলে একটি পরিষ্কার হিউমিডিফায়ার বা তাপ উৎসের কাছে রাখা এক বাটি জল আরামদায়ক আর্দ্রতার মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে।

চিকিৎসা সহায়তা

শিশুর অতিরিক্ত বমি, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কান্না, কম খাওয়া, দ্রুত শ্বাস নেওয়া কিংবা জ্বরের লক্ষণ দেখা দিলে, অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

উষ্ণতা, কোমল ত্বকের যত্ন, সঠিক পুষ্টি এবং সময়মতো চিকিৎসা সহায়তা সুরক্ষার ভিত্তি তৈরি করে। এই অপরিহার্য বিষয়গুলিতে মনোনিবেশ করে বাবা-মায়েরা নিশ্চিত করতে পারেন যে, তাদের নবজাতকরা শীতের মাসগুলিতে সুস্থ, আরামদায়ক এবং সুখী থাকবে।

ডা. সুমিতা সাহা, কনসালট্যান্ট নিউনেটোলজিস্ট এবং পেডিয়াট্রিশিয়ান ফর্টিস হাসপাতাল, আনন্দপুর, কলকাতা।

আরো গল্প পড়তে ক্লিক করুন...