বিকেলের চায়ের টেবিল কিংবা আড্ডার আবেশ—একঘেয়ে স্ন্যাক্সকে ছুটি দিয়ে এবার প্লেটে রাখুন সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। একদিকে থাকছে আধুনিক টুইস্টে ভরা রঙিন ক্যাপসিকাম ললিপপ, যার প্রতি কামড়ে মিলবে ক্রাঞ্চি সবজি আর চিজ-আলুর লোভনীয় ফিউশন। আর অন্যদিকে থাকছে খাঁটি বাঙালি উপাদানের এক রাজকীয় রূপান্তর—কাঁচকলার কাবাব, যা ওপরে মুচমুচে আর ভেতরে নরম মশলাদার স্বাদে জিভে জল এনে দেবে। স্বাস্থ্য আর স্বাদের এই যুগলবন্দী আপনার সাধারণ আড্ডাকেও করে তুলবে রেস্তোরাঁর মতো গ্ল্যামারাস!

ক্যাপসিকাম ললিপপ

উপকরণ: হলুদ এবং লাল রঙের ক্যাপসিকাম ২টো, ১ কাপ সুজি, হাফ কাপ সেদ্ধ আলু, ২ বড়ো চামচ অ্যারারুট, ১ ছোটো চামচ কাঁচালংকার গুঁড়ো, হাফ চামচ লাললংকার গুঁড়ো, ১টা পেঁয়াজকুচো, হাফ কাপ শসা টুকরো, হাফ কাপ ধনেপাতাকুচো, আদাকুচো ১ চামচ, ১ চামচ চাটমশালা, শুকনো লংকার কুচি ২ চামচ, ১ ছোটো চামচ চাট মশালা, হাফ কাপ ধনেপাতার চাটনি, পরিমাণ মতো তেল, আইসক্রিম-স্টিকস এবং নুন স্বাদমতো।

প্রণালী: ক্যাপসিকাম কেটে টুকরো করে রাখুন। এরপর সুজি, সেদ্ধ আলু চটকে ভালো ভাবে মিশিয়ে নিন। এর সঙ্গে অ্যারারুট এবং সমস্ত মশালা মিশিয়ে নিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। দশ মিনিট বাদে ওই মিশ্রণ থেকে ছোটো ছোটো বল বানিয়ে চ্যাপ্টা আকার দিন। কড়াইতে তেল গরম করুন এবং হালকা আঁচে ভাজুন। বাদামি বর্ণ নিলে নামিয়ে নিন এবং প্রত্যেকটিতে আইসক্রিম স্টিকস গেঁথে, ললিপপ-এর আকার দিয়ে, ধনেপাতার চাটনি এবং টম্যাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

কাঁচকলার কাবাব

উপকরণ: ৬টা কাঁচকলা, ২ টো বড়ো আলু সেদ্ধ, ২ বড়ো চামচ ময়দা, ৪টে স্লাইস ব্রেড, ১ ছোটো চামচ লাললংকার গুঁড়ো, ১ ছোটো চামচ চাটমশালা, ২টো কাঁচালংকার কুচো, ২ বড়ো চামচ সুজি, পরিমাণমতো তেল এবং নুন স্বাদমতো।

প্রণালী: কাঁচকলা সেদ্ধ করে নিন। ব্রেডগুলো জলে চুবিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখুন। এরপর কাঁচকলা চটকে নিয়ে ওর সঙ্গে ময়দা, সুজি, কাঁচালংকার কুচো, লাললংকার গুঁড়ো, চাটমশালা, জিরেগুঁড়ো এবং নুন মেশান স্বাদমতো। প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে মাখুন। এবার ওই মিশ্রণ দিয়ে ছোটো ছোটো বল তৈরি করে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে হালকা আঁচে উলটে-পালটে ভাজুন। বাদামি বর্ণ ধারণ করলে কাসুন্দি, চিলি সস কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সুজি শসার চপ

উপকরণ: ২ টো বড়ো শসা, ১ কাপ সুজি, ১ কাপ দই, ১টা বড়ো পেঁয়াজ, ২ কাপ ধনেপাতা কুচো, ২ টো কাঁচালংকা কুচো, ১ ছোটো চামচ আদাকুচো, ১ ছোটো চামচ চাটমশালা, ১ ছোটো চামচ লাললংকার গুঁড়ো, হাফ ছোটো চামচ বেকিং সোডা, পরিমাণ মতো তেল এবং নুন স্বাদ অনুসারে।

প্রণালী: শসা কুরে নিয়ে, ওর সঙ্গে সুজি এবং দই মেশান। এরসঙ্গে কাঁচালংকা, আদাকুচো, চাটমশালা, লাললংকার গুঁড়ো এবং ধনেপাতা কুচি ভালো ভাবে মিশিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। পনেরো মিনিট পর ওই মিশ্রণ ছোটো ছোটো লেচির আকার দিয়ে রাখুন। ফ্লাইং প্যান-এ সামান্য তেল গরম করে শসা-সুজির লেচি হালকা আঁচে ভাজুন উলটে-পালটে। বাদামি রং নিলে নামিয়ে নিন এবং স্লাইস পেঁয়াজ ও টম্যাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...