সরকারি ক্ষতিপূরণের জন্য মেয়েটির নামধাম, বয়স ইত্যাদি তথ্যগুলো নোট করতে করতে শিশুগুলোর দিকে বার বার চোখ চলে যাচ্ছিল ডরোথির। ঘরে ওরও ছোটো দুটো ছেলেমেয়ে আছে। তারা এদেরই বয়সি হবে। কথায় কথায় বৃদ্ধের কাছ থেকে ডরোথি জানতে পারল, কয়েক মাস আগে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে এই বৃদ্ধের ছেলেও বাঘের পেটে গেছে। হাতের খাতাটা বন্ধ করে চোয়াল শক্ত করে ডরোথি। জঙ্গলের ভিতর কিছুটা গেলে যদি বডিটা পাওয়া যায়, যদি বাঘটাকে ট্রেস করা যায়— অন্তত এই বর্ষার ভিজে মাটিতে পাগমার্ক থাকবেই।

বাঘটাকে ট্রাঙ্কুলাইজ করে ফরেস্ট গার্ডদের অন্য টিমটাকে খবর দিতে হবে। বাঘটাকে ঘুম পাড়ানো গেলে, গলায় রেডিও কলার পরিয়ে, খাঁচায় ভরে বড়ো নদীর উলটো পাড়ের রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া যাবে। এই কাজটা ছাড়া প্যাডিং ও অন্যান্য কাজের জন্য অবশ্য আলাদা টিম আছে। তবু ডরোথির মতো ফরেস্ট রেঞ্জার আর তাঁর বাহিনীই এই জঙ্গলের অভিভাবক। বন্যপ্রাণের অবস্থান সুরক্ষিত করা আর স্থানীয় জীবনকে জঙ্গলের বিপদের হাত থেকে দূরে রাখার জন্যই এই অঞ্চলের অধিবাসীদের সহযোগিতায় তৈরি হয়েছে, 'জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি' বা জেএফএমসি।

বাঘটাকে খুঁজে বার করার একটা অবিরাম জেদ যেন পেয়ে বসল ডরোথিকে। বৃদ্ধের কথা ঠিক হলে জঙ্গলের পথ ধরে মাতলা নদীর দিকে এগিয়েছে বাঘটা। পথে নরম মাটিতে বাঘের পায়ের ছাপ পাওয়া গেলে অবশ্য আরও নিশ্চিত হওয়া যায়। রাইফেলম্যান অখিল পান-কে ডেকে ডরোথি বলল, ‘অখিলবাবু আপনে রাইফেল নিয়া চলেন আমার পিছন পিছন। ওই দিকটায় পোচারের ঝামেলা আসে। কিন্তু বাঘ দেখলি আমার অর্ডার না মেলা অবধি কেউ মুভমেন্ট কইরবেন না। বুঝতি পারতিসেন?'

অখিল নিজে আগে পোচার ছিল। মাতলা নদীর চরে চিতল হরিণের ঝাঁক পাওয়া যায়। ওরাই সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য। পোচাররা গাছে চড়ে তক্কে তক্কে থাকে। বাঘ চড়ার দিকে এলেই গুলি চালায়। তাছাড়া খাড়ি, জোলার জলে বিষ দিয়ে মাছ শিকার তো আছেই। মাটির বাড়িটার পিছন দিকে বর্ষার জলে গজিয়ে ওঠা ঝোপঝাড়গুলো হাতের কুঠার দিয়ে সাফা করতে করতে, পথ বানিয়ে এগিয়ে চলেছে অরূপ মণ্ডল। বাঁ-হাতে বেঁকিয়ে ট্রাঙ্কুইলাইজারটা ধরেছে। অখিল অবশ্য জঙ্গলে ঢুকতে বারণ করেছিল। ঠিক বারোটা বাজে এখন। দুপুর বারোটায় নাকি জঙ্গলে ঢুকতে নেই, এসময় জঙ্গলে বনবিবি নামাজ পড়েন। সবই জঙ্গলের লোকশ্রুতি হয়তো। কিন্তু ধর্ম-আচার-সম্প্রদায় এগুলো সবই উলটে-পালটে মিশে আছে কথাগুলোয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...