শুধু রঙের উৎসবেই নয়, পোশাক থেকে শুরু করে আমাদের চারপাশের পরিবেশ, সর্বত্রই চোখে পড়ে রঙের মেলা। আর সেই রঙের মেলায় খেলা করে আমাদের মন। কিন্তু রঙের মেলায় উপস্থিত প্রতিটি রঙের নিজস্ব শক্তি, বৈশিষ্ট্য এবং তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, যা আমাদের শরীর ও চিন্তাধারাকে উদ্দীপিত কিংবা শান্ত করতে সক্ষম। বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ১৬৬৬ সালে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে, একটি স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে সাদা আলোকরশ্মি যাওয়ার সময় তা সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তিনি এও দেখেন যে, প্রতিটি রঙেরই তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই, প্রতিটি রং-ই ভিন্ন প্রভাব ফেলে আমাদের মনে। তবে শুধু মানসিক নয়, শারীরিক ক্ষেত্রেও রঙের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যা উল্লেখযোগ্য, তা হল— সঠিক রং-কে মাধ্যম করে জীবনের মান উন্নত করা যায়।

রঙের মনোবিজ্ঞান

কেন রং আবেগগত ভাবে শক্তিশালী, তা জানা জরুরি। মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং জ্ঞানীয় বিজ্ঞানের গবেষণা প্রমাণ করে যে, রং মেজাজ, উত্তেজনা, উপলব্ধি এবং আচরণকে প্রভাবিত করে। কেবল ভিজ্যুয়াল কর্টেক্সকেই নয়, বরং আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত লিম্বিক কাঠামোকেও (Limbic System) সক্রিয় করে রং। যার ফলে প্রভাবিত হয় হিপ্পোক্যাম্পাস এবং অ্যামিগডালা নিউক্লিয়ার কমপ্লেক্স।

এই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাস আসলে মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পার্শ্ববর্তী অংশ, যা আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করে। অ্যামিগডালা ভীতি, উদ্বেগ ও আবেগ প্রক্রিয়াকরণ করে স্মৃতিতে আবেগের রং যোগ করে। অন্যদিকে, হিপ্পোক্যাম্পাস দীর্ঘমেয়াদী স্মৃতি গঠন, একত্রীকরণ (consolidation) এবং স্থানিক স্মৃতির জন্য অপরিহার্য। এই অ্যামিগডালা (Amygdala) টেম্পোরাল লোবের সামনে অবস্থিত অ্যালমন্ড বা বাদাম আকৃতির স্নায়ুপিণ্ড। এর প্রধান কাজ হল ভয়, আগ্রাসন এবং আনন্দ-সহ বিভিন্ন আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। এটি বিপদের মুখোমুখি হলে বা ভয়ের অনুভূতি হলে ‘ফাইট- অর-ফ্লাইট’ (fight-or-flight) প্রতিক্রিয়া সক্রিয় করে। আর হিপ্পোক্যাম্পাস (Hippocampus) হল— টেম্পোরাল লোবের গভীরে অবস্থিত এবং ঘোড়ার মতো আকৃতির নিউক্লিয়ার কমপ্লেক্স। এটি নতুন তথ্য এবং অভিজ্ঞতার স্মৃতি (declarative memory) তৈরি ও সংরক্ষণে সাহায্য করে। এই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাস একসঙ্গে কাজ করে আবেগপূর্ণ স্মৃতি তৈরি করতে সাহায্য করে। যখন কোনও ঘটনা খুব আবেগপূর্ণ (যেমন— প্রচণ্ড ভয় বা খুশির স্মৃতি) হয়, তখন অ্যামিগডালা সেই স্মৃতিকে হিপ্পোক্যাম্পাসের মাধ্যমে আরও মজবুত ভাবে সংরক্ষণ করতে সাহায্য করে। সহজ কথায়, হিপ্পোক্যাম্পাস মনে রাখে ‘কী’ ঘটেছে (তথ্য), আর অ্যামিগডালা মনে রাখে সেই ঘটনায় আপনি ‘কেমন’ অনুভব (আবেগ) করেছিলেন।

রঙের ফোবিয়া

ভারতে দোল বা হোলির মতো উৎসবে অনেকে অংশ নিতে চান না কিংবা তীব্র আপত্তি থাকে। রং খেলার এই আপত্তি কিংবা অনিচ্ছা খুব সাধারণ বিষয় হতে পারে, আবার এই বিষয়টি ‘কালার ফোবিয়া’-র ফল হতে পারে। রং খেললে ত্বকে কুপ্রভাব পড়তে পারে, কেউ অশালীন আচরণ করতে পারে এমন ভয় থেকে রং খেলায় অনীহা দেখা দেওয়াটা খুবই সাধারণ বিষয়। আবার দুঃখ-শোকের পরিবেশ, পরিস্থিতির কারণেও অনেকে রং খেলা থেকে দূরে থাকেন। কিন্তু রং খেলা যখন কারওর কাছে অত্যন্ত আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়, তখন তা

‘কালার-ফোবিয়া’-র ইঙ্গিত বহন করতে পারে। এই নির্দিষ্ট ফোবিয়ায় একটি স্পষ্ট এবং স্থায়ী ভয় অন্তর্ভুক্ত থাকে, যা অত্যধিক কিংবা অযৌক্তিক কোনও পরিস্থিতি দ্বারা উদ্ভূত হতে পারে এবং যা উল্লেখযোগ্য জীবন-যন্ত্রণার সূচনা করতে পারে। তাই, ‘কালার- ফোবিয়া’-র পরিস্থিতি বিবেচনা করে, উপযুক্ত চিকিৎসা করিয়ে নেওয়া আবশ্যক।

রঙের বৈশিষ্ট্য

লাল: লাল রং-কে বিপদ সংকেত কিংবা বাধা-র প্রতীক হিসাবে যেমন ব্যবহার করা হয়, ঠিক তেমনই ভালোবাসা, শক্তি এবং সাহসকেও তুলে ধরে এই রং। রক্তের রং যেমন লাল, ঠিক তেমনই লাল রং আমাদের শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal Gland) এবং স্নায়ুকোষকে উদ্দীপ্ত করে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

নীল: বিশ্বাস, সততা, প্রশান্তি এবং স্থায়িত্বের প্রতীক নীল রং। এই রঙের প্রভাব মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা মস্তিষ্ককে শান্ত রাখতে পারে। তাই, নীল আকাশের দিকে তাকালে আমাদের মন ভালো হয়ে যায়। অন্যদিকে, নীল আবার বিষাদেরও রং। একাকীত্ব, শূন্যতা কিংবা বিষণ্ণতার অনুভূতিও দেয় এই রং।

সবুজ: সবুজ রং যেমন তারুণ্যের প্রতীক, ঠিক তেমনই এই রং মনকে শান্তও রাখে। এছাড়া, সবুজ রং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

হলুদ: হলুদ রং মনে আশার সঞ্চার করে, তাই আনন্দ বৃদ্ধি পায়। সেইসঙ্গে এই রং জ্ঞান, সমৃদ্ধিরও প্রতীক। হলুদ রং মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণের হার বৃদ্ধি করে এবং মনকে সুখানুভূতি প্রদান করে।

কমলা/গেরুয়া: কমলা বা গেরুয়া ত্যাগ এবং আধ্যাত্মিকতার রং। এই রং মনে শান্তি আনে, তাই উল্লেখযোগ্য তাৎপর্য রয়েছে এই রঙের।

বেগুনি: বেগুনিকে বলা হয় আভিজাত্য ও রাজকীয়তার প্রতীক। এই রং গভীর চিন্তার ধারক এবং বাহকও।

কালো: কালো রং আসলে সব রঙের সমষ্টি। কালো রং-কে অশুভ এবং শোকের প্রতীক মনে করা হলেও, এই রং-কে স্বচ্ছতা, অকপটতা এবং নীরবতার প্রতীকও বলা হয়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...