শুধু রঙের উৎসবেই নয়, পোশাক থেকে শুরু করে আমাদের চারপাশের পরিবেশ, সর্বত্রই চোখে পড়ে রঙের মেলা। আর সেই রঙের মেলায় খেলা করে আমাদের মন। কিন্তু রঙের মেলায় উপস্থিত প্রতিটি রঙের নিজস্ব শক্তি, বৈশিষ্ট্য এবং তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, যা আমাদের শরীর ও চিন্তাধারাকে উদ্দীপিত কিংবা শান্ত করতে সক্ষম। বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ১৬৬৬ সালে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে, একটি স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে সাদা আলোকরশ্মি যাওয়ার সময় তা সাতটি রঙে বিভক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তিনি এও দেখেন যে, প্রতিটি রঙেরই তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই, প্রতিটি রং-ই ভিন্ন প্রভাব ফেলে আমাদের মনে। তবে শুধু মানসিক নয়, শারীরিক ক্ষেত্রেও রঙের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যা উল্লেখযোগ্য, তা হল— সঠিক রং-কে মাধ্যম করে জীবনের মান উন্নত করা যায়।
রঙের মনোবিজ্ঞান
কেন রং আবেগগত ভাবে শক্তিশালী, তা জানা জরুরি। মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং জ্ঞানীয় বিজ্ঞানের গবেষণা প্রমাণ করে যে, রং মেজাজ, উত্তেজনা, উপলব্ধি এবং আচরণকে প্রভাবিত করে। কেবল ভিজ্যুয়াল কর্টেক্সকেই নয়, বরং আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত লিম্বিক কাঠামোকেও (Limbic System) সক্রিয় করে রং। যার ফলে প্রভাবিত হয় হিপ্পোক্যাম্পাস এবং অ্যামিগডালা নিউক্লিয়ার কমপ্লেক্স।
এই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাস আসলে মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পার্শ্ববর্তী অংশ, যা আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করে। অ্যামিগডালা ভীতি, উদ্বেগ ও আবেগ প্রক্রিয়াকরণ করে স্মৃতিতে আবেগের রং যোগ করে। অন্যদিকে, হিপ্পোক্যাম্পাস দীর্ঘমেয়াদী স্মৃতি গঠন, একত্রীকরণ (consolidation) এবং স্থানিক স্মৃতির জন্য অপরিহার্য। এই অ্যামিগডালা (Amygdala) টেম্পোরাল লোবের সামনে অবস্থিত অ্যালমন্ড বা বাদাম আকৃতির স্নায়ুপিণ্ড। এর প্রধান কাজ হল ভয়, আগ্রাসন এবং আনন্দ-সহ বিভিন্ন আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। এটি বিপদের মুখোমুখি হলে বা ভয়ের অনুভূতি হলে ‘ফাইট- অর-ফ্লাইট' (fight-or-flight) প্রতিক্রিয়া সক্রিয় করে। আর হিপ্পোক্যাম্পাস (Hippocampus) হল— টেম্পোরাল লোবের গভীরে অবস্থিত এবং ঘোড়ার মতো আকৃতির নিউক্লিয়ার কমপ্লেক্স। এটি নতুন তথ্য এবং অভিজ্ঞতার স্মৃতি (declarative memory) তৈরি ও সংরক্ষণে সাহায্য করে। এই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাস একসঙ্গে কাজ করে আবেগপূর্ণ স্মৃতি তৈরি করতে সাহায্য করে। যখন কোনও ঘটনা খুব আবেগপূর্ণ (যেমন— প্রচণ্ড ভয় বা খুশির স্মৃতি) হয়, তখন অ্যামিগডালা সেই স্মৃতিকে হিপ্পোক্যাম্পাসের মাধ্যমে আরও মজবুত ভাবে সংরক্ষণ করতে সাহায্য করে। সহজ কথায়, হিপ্পোক্যাম্পাস মনে রাখে 'কী' ঘটেছে (তথ্য), আর অ্যামিগডালা মনে রাখে সেই ঘটনায় আপনি ‘কেমন’ অনুভব (আবেগ) করেছিলেন।





