হিমেল হাওয়া গায়ে মেখে শীতটাকে উপভোগ্য করে তুলতে হলে চাই হাতে-গরম খাবার। তাই, জিভে জল আনা এমনই কিছু খাবার তৈরির উপকরণ এবং প্রণালী তুলে ধরলাম আপনাদের জন্য।
ফুলকপির কোফতা
উপকরণ : ৩ কাপ ফুলকপি, ৩/৪ কাপ কড়াইশুঁটি, ২ ছোটো চামচ আদা-কাঁচালংকাকুচি, ১/২ ছোটো চামচ হলুদগুঁড়ো, ১/২ ছোটো চামচ গরমমশলাগুঁড়ো, ১ ছোটো চামচ জিরে ও ধনেগুঁড়ো, ১ বড়ো চামচ ধনেপাতাকুচি, ৩/৪ কাপ খোলায় ভাজা বেসন, কোফতা ভাজার জন্য সাদা তেল, নুন স্বাদমতো।
গ্রেভির জন্য : ১/২ কাপ পেঁয়াজবাটা, ১/৪ কাপ পেঁয়াজ লম্বা করে কাটা, ১ বড়ো চামচ আদা-রসুন পেস্ট, ১/২ ছোটো চামচ লংকাগুঁড়ো, ১/২ ছোটো চামচ হলুদগুঁড়ো, ১ বড়ো চামচ সরষের তেল, ২ বড়ো চামচ ধনেপাতাকুচি সাজানোর জন্য, নুন স্বাদমতো।
প্রণালী : একটা ননস্টিক কড়াইতে তেল গরম করে আদা ও কাঁচালংকা দিন। এবার হলুদ ও ছোটো টুকরোয় গ্রেট করা কপি এবং কড়াইশুঁটি দিয়ে দিন। নুন দিয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে রেখে, ঢাকা দিয়ে রান্না হতে দিন। জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।
এবার কোফতা গড়ার জন্য বাকি মশলা মিশিয়ে হাত দিয়ে চেপে নির্দিষ্ট আকার দিন। তেল গরম করে কোফতা ভেজে আলাদা রাখুন।
কড়ায় তেল গরম করে পেঁয়াজ ভাজতে দিন। এবার এই তেলেই বাটা পেঁয়াজ ও আদা-রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করুন। শুকনো মশলা দিয়ে কষতে থাকুন। তেল ছেড়ে এলে, অল্প জল দিয়ে গ্রেভিটা রান্না হতে দিন। ৫ মিনিট পর, এতে কোফতা ছেড়ে দিন। প্রয়োজনমতো জল দিন গ্রেভির জন্য। কোফতা এপিঠ ওপিঠ ঝোলে ডুবে রান্না হলে নামিয়ে নিন। ধনেপাতা ছড়িয়ে পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ওনিয়ন-ওলকপির ভর্তা
উপকরণ : ৫০০ গ্রাম ওলকপি, ১/২ কাপ টম্যাটো বীজ বের করে নেওয়া এবং ছোটো টুকরোয় কাটা, ১/৪ কাপ পেঁয়াজ লম্বা করে কাটা, ১ ছোটো চামচ আদা-কাঁচালংকা কুচি করা, ১/২ ছোটো চামচ লংকাগুঁড়ো, ১/২ ছোটো চামচ কালোজিরে, ১/২ কাপ কড়াইশুঁটি, ১ বড়ো চামচ সরষের তেল, অল্প ধনেপাতাকুচি, নুন স্বাদমতো।
প্রণালী : ওলকপির ছোটো টুকরো করে নিন। কড়ায় তেল গরম করে কালোজিরে ফোড়ন দিন। এবার পেঁয়াজ, আদা-লংকাকুচি দিয়ে নাড়াচাড়া করুন। ওলকপির টুকরোগুলি দিয়ে দিন। নুন ছড়িয়ে দিন। ঢেকে দিয়ে ঢিমে আঁচে সেদ্ধ হতে দিন। ওলকপি সেদ্ধ হয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে, টম্যাটোকুচি ও লংকা দিন। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে, সার্ভিং প্লেটে পরিবেশন করুন।

মুলো ফ্রাই
উপকরণ : ৫০০ গ্রাম মুলো পাতা সমেত, ১ ছোটো চামচ জোয়ান, ১/২ ছোটো চামচ লংকাগুঁড়ো, ১/২ ছোটো চামচ হলুদগুঁড়ো, ২ বড়ো চামচ সরষের তেল, নুন স্বাদমতো।
প্রণালী : মুলো এবং শাক খুব ভালো ভাবে ধুয়ে রাখুন। এবার শাকটা মিহি করে কুচিয়ে নিন। মুলোর খোসা চেঁছে নিয়ে ছোটো ছোটো টুকরো করুন। কড়ায় সরষের তেল গরম করে জোয়ান ফোড়ন দিন। আদা, কাঁচালংকা ও রসুনও দিন। একটু ভাজা হলে মুলো এবং শাকটা দিয়ে দিন।





