ত্বকের স্বাভাবিক সৌন্দর্য মানুষের দৃষ্টি সহজেই আকর্ষণ করে। যদি ত্বক কোমল, মসৃণ এবং হাইড্রেটেড রাখতে চান, তাহলে কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার। কিন্তু অনেক সময় নানা অসাবধানতার কারণে, সময়ের অভাবে অথবা বিউটি প্রোডাক্টস- এর সঠিক ব্যবহার না করার ফলে, ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে। এর কারণেই ত্বক হয়ে ওঠে রুক্ষ, প্রাণহীন।
এই পরিস্থিতিতে বিউটি প্রোডাক্ট-এর সাহায্যে ত্বকে ময়েশ্চার ধরে রাখার যতই চেষ্টা করুন-না কেন, ময়েশ্চার ততক্ষণই ধরে রাখা সম্ভব হয়, যতক্ষণ ত্বকে ক্রিমের প্রভাব অক্ষুণ্ণ থাকে। সুতরাং ত্বকের পরিপূর্ণ যত্নের জন্য ত্বকের ময়েশ্চার বজায় রাখা একান্ত জরুরি, যাতে ত্বক থাকে প্রাণোজ্জ্বল।
বর্তমানের এই ভ্যাপসা গরমের প্রভাব ত্বকেও দেখা দিতে পারে। এই সময় প্রখর তাপের কুপ্রভাব, সুইমিং পুলের জলে উপস্থিত ক্লোরিন এবং সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে আসার কারণে কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার কারণে ত্বক খারাপ হতে শুরু করে। বিশেষকরে ত্বকের সঠিক যত্ন নেওয়া না হলে। কিন্তু প্রথম থেকেই ত্বকের সঠিক যত্ন নিলে আপনার ত্বককে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করা সম্ভব হবে। যে-কোনও ধরনের রাসায়নিক আমাদের ত্বকের প্রচণ্ড ক্ষতি করে। ক্লোরিন নামক একটি রাসায়নিক সাঁতারের জলের পুলে দেওয়া হয়, যা ত্বকের জন্য ক্ষতিকারক। বেশিক্ষণ সুইমিং পুলে সময় কাটানোর পর, শরীরকে ভালো ভাবে জল দিয়ে পরিষ্কার করুন। ত্বক পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। ময়েশ্চারাইজার আপনার ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে পুষ্ট করে। ত্বকের সঠিক পরিমাণে পুষ্টি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি ত্বকের ক্ষতি রোধ করে।
এই সময় সূর্যের প্রখর তাপ ত্বককে পুড়িয়ে দেয়, যার ফলে ত্বকের সমস্যা যেমন সানবার্ন, ট্যানিং ইত্যাদি হওয়া শুরু করে। এরকম পরিস্থিতিতে সানস্ক্রিনের ব্যবহার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু ত্বকের যত্নের জন্য সানস্ক্রিনই যথেষ্ট নয়, সানস্ক্রিনের পর ত্বককে সঠিক ভাবে ময়েশ্চারাইজ করলে ত্বক কোমল থাকে এবং ত্বক সম্পর্কিত যে-কোনও ধরনের সমস্যা এড়ানো যায়। আপনি এখন ময়েশ্চারাইজার-বেসড সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।





