অন্যকে দেখে শেখা কিংবা ফ্যাশনে নিজেই সচেতন হওয়া, যে কারণই হোক না কেন, বৈচিত্র্যময় ঋতুতে বৈচিত্র্যের ছোঁয়া পোশাকেও যে শুরু হয়েছে, তা আজ অস্বীকার করার উপায় নেই। বর্ষাকালে অফিসে একইসঙ্গে প্রফেশনাল বিষয়টি মেনে চলা, সেইসঙ্গে পোশাকে আরাম অনুভব করা একটু কঠিন হয়ে পড়ে। তবে বিশেষজ্ঞদের এই পরামর্শ মেনে চললে, বর্ষাকালেও নজর কাড়তে পারবেন সবার। বর্ষার কথা মাথায় রেখে এমনই কিছু প্রয়োজনীয় টিপ্স রইল এখানে—
উজ্জ্বল রং ব্যবহার করুন
বর্ষাকালে নীল, লাল ও কমলা রঙের পোশাক পরলে বর্ষার আবহাওয়াতেও অপরের দৃষ্টি সহজেই আকর্ষণ করতে পারবেন এবং মনে প্রফুল্ল বোধ হবে। এই ঋতুতে সাদা পোশাক পরবেন না। বৃষ্টিতে ভিজে গেলে, সাদা পোশাক ট্রান্সপারেন্ট হয়ে পড়ে এবং সঙ্গে সহজে তাদের উপর জল, নোংরার দাগও পড়ে যায়।
প্যান্ট এবং স্কার্ট
বর্ষাকালে লম্বা প্যান্ট পরবেন না, কারণ এগুলি দ্রুত নোংরা হয়ে যায়। আর যদি লম্বা প্যান্ট পরতেই হয়, তাহলে আপনার সুবিধা ও পরিবেশ অনুযায়ী নীচ থেকে গুটিয়ে নিতে পারেন। স্মার্ট ফর্মাল স্কার্ট এই মরশুমে মেয়েদের জন্য দুর্দান্ত।
কোট এবং জ্যাকেট
বৃষ্টির কোট (রেইন কোট) বা জ্যাকেটের সঙ্গে আপনি ওয়েস্টার্ন পোশাক পরতে পারেন। যে-কোনও ফ্যাশন স্টোর থেকে সংগ্রহ করতে পারেন এই পোশাক।
ভারতীয় পোশাক
আপনি যদি বর্ষাকালে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পছন্দ করেন, তবে সালোয়ার এবং পাতিয়ালার পরিবর্তে ছোটো কুর্তি সহ লেগিংস বা চুড়িদার ব্যবহার করে দেখুন। তবে, বৃষ্টিতে এমন প্রিন্ট ও রঙের পোশাক পরবেন না, যা ভিজে গেলে রং ছেড়ে দেয়।
জুতো ও স্লিপার
এই ঋতুতে চামড়ার জুতো বা স্যান্ডেল পরবেন না। কারণ এগুলি দ্রুত ভিজে যায় এবং শুকোতে অনেক সময় নেয়। জেলি জুতো, হিলবিহীন স্লিপার, অন্যান্য শক্ত জুতো, স্যানডাক কিংবা রাবারের জুতো পরুন। বর্ষায় একের বেশি জুতো অবশ্যই সঙ্গে রাখুন। কারণ, রাস্তায় আপনার জুতো ভিজে গিয়ে ছিঁড়ে যেতেই পারে যে-কোনও সময়। বর্ষায় প্লাস্টিক বা নন লেদার মেটিরিয়ালের জুতো পরুন। বর্ষা স্পেশাল বিভিন্ন স্টাইলের প্লাস্টিকের জুতো পেয়ে যাবেন ফুট কিংবা ব্র্যান্ডেড শু-স্টোর-এ।





