সৌন্দর্য ও সংস্কৃতির মাঝে এক নিভৃতবাস। এখানে সময় যেন থমকে যায়। এখানে শান্তিনিকেতনের ছন্দে নিজেকে সঁপে দেওয়ার আমন্ত্রণ জানানো হয় অতিথি-পর্যটকদের। এ এমন এক স্থান, যেখানে শিল্প, প্রকৃতি এবং ঐতিহ্য একাকার হয়ে গেছে। শাপলা পুকুরের ধারে অলস ভাবে সময় কাটানো, রবীন্দ্রনাথের কথায় মগ্ন হওয়া কিংবা প্রকৃতির গুপ্তধন অন্বেষণ করা-ই হোক, জীবনের সরল, চিরন্তন আনন্দ প্রদান করতে পারে ‘শ্রীরঙ্গম’।
শান্তিনিকেতনের ইউনেস্কো হেরিটেজ সাইটের বাফার জোনের অভ্যন্তরে অবস্থিত এই ‘শ্রীরঙ্গম’, রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার সঙ্গে নিপুণ ভাবে মিশে থাকা দক্ষিণ ভারতীয় নান্দনিকতার এক জীবন্ত নিদর্শন। শিল্পকলায় পরিপূর্ণ এর স্থাপত্য, যেন সংস্কৃতির এক নিমগ্ন অভিজ্ঞতা।
এখানে ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সমসাময়িক নকশার এক অনন্য মিশ্রণকে প্রতিফলিত করে। শ্রীরামপুরের ঐতিহ্য পুনরুদ্ধারে যাঁর ভূমিকা উল্লেখযোগ্য, কলকাতার সেই প্রখ্যাত স্থপতি গোপা সেনের পরিকল্পনায় এবং সুরুলের নির্মাতা সব্যসাচী রায়ের হাত ধরে বাস্তবে রূপায়িত এই ‘শ্রীরঙ্গম’ যেন এক দৃশ্যকাব্য, যার অন্দরসজ্জা ও সামগ্রিক নকশার নান্দনিকতার সমন্বয় করেছেন সুমন সেনগুপ্ত।

হাতে খোদাই করা গ্রানাইট পাথরের স্তম্ভগুলো সামনের বারান্দাকে ঘিরে রেখেছে, যা মধ্যযুগীয় দক্ষিণ ভারতীয় মন্দিরের স্তম্ভশোভিত করিডোরের কথা মনে করিয়ে দেয়। শাপলা পুকুরকে ঘিরে থাকা ইংরেজি 'ইউ' আকৃতির অ্যাম্ফিথিয়েটারটি প্রাচীন ভারতীয় ধাপযুক্ত কুঁয়োর কথা স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে পোড়ামাটির টালি দেওয়া ছাদগুলো কেরালার ঐতিহ্যবাহী নালুকেট্টু/থারাভাদু ঘরবাড়ির কথা মনে করিয়ে দেয়।
ভেতরে, মুম্বইয়ের ভারত ফ্লোরিং-এর ঐতিহাসিক আথাঙ্গুডি পদ্ধতিতে তৈরি হস্তনির্মিত সিমেন্টের টালি মেঝে জুড়ে রয়েছে, যা চেট্টিনাড়ের অট্টালিকাগুলোর স্মৃতি জাগিয়ে তোলে। পেসলি আলপনার নকশা করা লোহার রেলিং শান্তিনিকেতনের কলা ভবন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যা বাড়িটিকে স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে গভীর ভাবে সংযুক্ত রাখে।
শিল্প প্রতিটি কোণে প্রাণ সঞ্চার করে। শ্রীরঙ্গমে রয়েছে নির্বাচিত সব শিল্পকর্ম, যা আধুনিক সংবেদনশীলতার সঙ্গে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে উদযাপন করে। বাংলা লিপিতে লোহায় খোদাই করা রবীন্দ্রনাথের শ্লোক দেয়ালগুলোকে শোভিত করে, যা এর অন্তর্নিহিত অর্থ সম্পর্কে চিন্তাভাবনা ও বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তোলে।





