ঘুরে দাঁড়ানোই সাফল্যলাভের অন্যতম উপায়। নতুন বছর, নতুন সময়, নতুন চিন্তাধারা, নতুন কমিটমেন্ট। তাই সবই যখন নতুন, আপনার ভাবনা এবং বাস্তব রূপায়ণেও আসুক নতুনত্ব।
হয়তো আমরা ইংরেজি বছর ধরেই সবকিছুর প্রস্তুতি নিই। কিন্তু ইংরেজি সাল কিংবা বাংলা সাল- যাইহোক না কেন, আসল বিষয় হল- — আরও ভালো থাকা এবং আপনজনকে আরও ভালো রাখা-র উপলক্ষ্য খুঁজে নেওয়া। তাই ইংরেজি নতুন বছরকে উপলক্ষ্য করে যদি নতুন কোনও অঙ্গীকার না করে থাকেন, তাহলে বাংলা সাল ১৪৩৩-কে উপলক্ষ্য করে ভালো কিছু করার প্রস্তুতি নিন এখনই।
বিগত ১৪৩২ সালে কী পেয়েছেন আর কী পাননি, তার হিসেব না করে বরং ১৪৩২-এ কীভাবে আরও ভালো থাকবেন, আপনজনকে কীভাবে আরও ভালো রাখবেন, সেই প্রস্তুতি নিন আজ থেকেই।
জীবন হয়তো কবিতার মতো নয়, বরং অনেকটাই গদ্যময়। তবুও জীবনকে ছন্দে বেঁধে রাখতে পারলেই অনেকটা হাসিখুশিতে থাকা যায়। কারণ জীবন কোন খাতে কখন বয়ে চলে, তা আমরা কেউই জানি না। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, সে এগিয়ে চলে তার নিজস্ব ছন্দে। অতএব সময় এবং নদীর মতো জীবনও বহমান। তাই প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে পারলেই আসবে সাফল্য। কিন্তু কীভাবে, কোন পথে, কোন কৌশলে এগোলে সাফল্যলাভ সম্ভব, তা হয়তো সবার জানা নেই।
ডুজ অ্যান্ড ডোন্টস-এর তালিকা তৈরি করে নিন। পুরোনো বছর থেকে যা কিছু শিখেছেন, সেই অভিজ্ঞতাকেই নতুন বছরে পাথেয় করুন। গত বছর যে-ভুলগুলো করেছেন এবং তার জন্য মাশুল দিয়েছেন, তাকে পুরোনো বছরের গণ্ডিতেই রেখে দেওয়া ভালো। আর যা যা করলে জীবনের অনেক স্বপ্ন পূরণ হতে পারে, সেসব করার প্রস্তুতি নিন আজই।
তৈরি করুন চেক-লিস্ট
প্রথমেই নেতিবাচক ভাবনাগুলো থেকে বেরিয়ে আসুন। চেষ্টা করুন এক এক করে নিজের উইশ লিস্ট পূরণ করতে। যা কখনও করবেন বলে ভেবেছেন কিন্তু করা হয়ে ওঠেনি, এবার সেই তালিকা তৈরি করুন। এক এক করে ইচ্ছেগুলো পূরণ করার সঠিক প্রস্তুতি নিন।





