খেলার জগৎ এবং পরিবার
দাবা খেলায় অন্যান্য খেলার মতো খেলোয়াড়দের উপর এত শারীরিক চাপ পড়ে না। তবে, যে-কোনও পেশার মতো, বিরতি একজন খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক প্রবণতাকে ম্লান করে দিতে পারে। অতএব, সবাই দ্রুত এবং নিজের ইচ্ছায় ফিরে আসতে পারে না। গর্ভাবস্থায় হাম্পি দাবা থেকে বিরতি নিয়েছিলেন। তিনি প্রসবপূর্ব জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।
'আমি দাবা খেলা দেখতেও খুব একটা আগ্রহী ছিলাম না একসময়। আমি আমার পরিবারের সঙ্গে আরাম করে সময় কাটাতে চেয়েছিলাম। এই নিয়ে আমার কোনও আপশোস নেই। আমি সেই সময়টিকে খুব আনন্দের সময় হিসেবে উপভোগ করেছি।', জানিয়েছেন হাম্পি।
যদিও হাম্পির জন্য এটা সাময়িক বিরতি ছিল, খেলা থেকে বড়ো কোনও বিরতি ছিল না। তিনি জানতেন, তিনি ফিরবেন, শুধু সময়ের অপেক্ষা ছিল। ২০১৭ সালে তাঁর মেয়ে অহনার জন্মের পরপরই আমন্ত্রণ আসতে শুরু করে, কিন্তু হাম্পি প্রস্তুত ছিলেন না।
২০১৮ সালে, যখন তাঁর মেয়ের বয়স প্রায় ১ বছর, তিনি খেলাধুলায় ফিরে আসার জন্য সদর্থক পদক্ষেপ নিয়েছিলেন। ‘এটা সবই পারস্পরিক সহায়তার উপর নির্ভর করে। আমি খুব খুশি যে, আমার বাবা-মা আমার সঙ্গে একই শহরে থাকেন। আমার স্বামীও খুব সহায়ক। সেই সহায়তা ছাড়া সন্তানকে ছেড়ে কোনও পেশায় ফিরে আসা কঠিন। কারণ, একজন মা হিসেবে, আমার কাছে আমার সন্তানের নিরাপত্তা এবং সাচ্ছন্দ্য বেশি গুরুত্বপূর্ণ।’
হাম্পির মা লতা হয়তো কখনও দাবা খেলেননি, কিন্তু তিনি খুব ভালো করেই জানতেন যে, তাঁর মেয়ের কাছে এই খেলাটির গুরুত্ব কতটা।
‘আমার মা সবসময় আমার কেরিয়ার-কে গুরুত্ব দেন এবং আমাকে উৎসাহিত করেন।' স্পোর্টস ম্যাগাজিন স্পোর্ট স্টারকে হাম্পি জানিয়েছেন, ‘আমি এখন আমার খেলাধুলার জন্য যথেষ্ট সময় দিতে পারি। কিন্তু বিয়ের পর আমাকে রান্না এবং অন্যান্য গৃহস্থালির কাজে অনেক সময় ব্যয় করতে হতো। তাই, আমার মা আমাকে মনে করিয়ে দিতেন যে, এই সবকিছু আমার অনুশীলনের ক্ষতি করতে পারে।’





