কেন যাই তার কাছে বারবার? হয়তো নতুন কিছু পাই। সাঁঝবেলা কিংবা ভোর! আর সেই ভোর-সকালের সন্ধিক্ষণে সূর্যোদয় অথবা গোধূলিবেলার সূর্যাস্ত, যা আলোর ভৈরবী অথবা পূরবী সংগীত হয়ে থেকে যায়। আসলে নিত্যদিনের দুঃখ-কষ্ট-যন্ত্রণাগুলো বুকের মধ্যে চেপে নকশি কাঁথার মাঠের আলপনা না এঁকে, নিজের সব ইচ্ছে, স্বপ্ন, ভালোলাগাগুলো মেঘে ঢাকা তারার মতো সুপ্ত করে না রেখে বরং কোনও ধানসিঁড়ি নদীর তীরে অথবা কোনও হাঁসুলি বাঁকে কিংবা কোনও তিস্তা পাড়ে গিয়ে সেগুলো পাখা মেলে উড়িয়ে দিয়ে আসি।

মধ্যবিত্ত গড়পড়তা বাঙালি প্রতিদিন টিকে থাকার ইঁদুর দৌড়ে শামিল হওয়ার যুদ্ধে বিধ্বস্ত হয়ে তার অন্তরমহলে বসতকরা একজন জর্জ ম্যালোরির “Because it's there”-এর উদাত্ত আহ্বান শুনে শংকরের মতো মাঝে মাঝে ‘চাঁদের পাহাড়' খুঁজতে বেরিয়ে পড়ে। আর ফিরে আসে রবিমামার বর্ণচ্ছটায় সজ্জিত হয়ে কাঞ্চনকন্যা তিস্তা অথবা হিমালয় কন্যা বিপাশা, বিয়াস, লিডার, অলকানন্দা, মন্দাকিনীদের সঙ্গে দেখা করে। অবশেষে তার মনের গহিনে থেকে যায় চতুর্দিকঘেরা ঘন সবুজ অরণ্য, নিকষ অন্ধকার আর নৈঃশব্দের উদযাপনের মহাজাগতিক মোহময়ী মায়া।

নিত্যদিনের ডেবিট-ক্রেডিট-এর হিসাব-নিকাশ করতে করতে হাঁপিয়ে উঠে কংক্রিটের জঙ্গল ছেড়ে দু-একদিনের জন্য হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা ডুয়ার্স, যেখানে গেলে মনের শান্তি আর প্রাণের আরাম দুই-ই মেলে। ডুয়ার্স মানেই তুষারমৌলি হিমালয়ের পাদদেশে রূপের অনন্তসম্ভার নিয়ে মেলে ধরা এক সবুজকন্যা, যার কাছে রয়েছে খরস্রোতা বা জলতরঙ্গের মিঠে সুরে বয়ে চলা স্রোতস্বিনী নদী আর ঝরনা, যারা কখনও একাকী, কখনও বা যৌথ ভাবে তৈরি করে নতুন নতুন সিম্ফনি। জানা-অজানা পাখিদের কলকাকলিতে এখানে যেমন ঘুম ভেঙেছে, তেমনই রাতে ঘুমোতে যাওয়ার সময় দূরের ঘন জঙ্গল থেকে ভেসে আসা হায়না কিংবা অন্য কোনও বন্যপ্রাণীর গর্জন শুনে শিরদাঁড়া দিয়ে বয়ে গেছে হিমেল স্রোত।

তবুও ডুয়ার্সের হাতছানি উপেক্ষা করা বড়োই কঠিন। তাই বারবার এদের টানেই চলে যাই কুয়াশা-মেঘ-রোদ্দুরের চাদরে মুড়ি দিয়ে বসে থাকা নতুন নতুন ডুয়ার্স-কন্যাদের কাছে। এরা সবাই হয়তো সৌন্দর্যের দিক থেকে চোখধাঁধানো রূপসি নয়। কিন্তু একান্ত নিরিবিলিতে থাকার জন্য এক নিরাপদ ঠিকানা, যেখানে গেলে পাওয়া যায় অনাবিল শান্তি আর নির্জনতা। যা ইদানীং ভ্রমণ মানচিত্রে থাকা জনবহুল পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলোতে ক্রমশ বিরল হয়ে উঠছে। এমনই এক মুখচোরা কন্যা চামুর্চির কথা শুনে মনের পাখা মেলে দিয়ে বেরিয়ে পড়েছিলাম তার সন্ধানে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...