এখন প্রায় সবার হাতেই রয়েছে সেলফি ক্যামেরা-যুক্ত স্মার্টফোন। আর তাই অন্যের সাহায্য ছাড়াই নিজের ছবি তোলার সুবিধে নেওয়া যায় অনায়াসে। ফ্রন্ট-ক্যামেরা অন করে, টুক করে নিজস্বী তোলার মজাই আলাদা। শুধু তাই নয়, আজকাল ‘সেলফি ফটো কনটেস্ট’ হয় অনেক জায়গায়। ছবি জমা দিয়ে জিতলে উপহার ছাড়াও পাওয়া যায় ক্যাশ প্রাইজ। তাছাড়া, জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো সেলফির মাধ্যমে সোশ্যাল পেজে স্টিল কিংবা রিলস হিসাবে তুলে ধরে ‘লাইক’ পেলেও ভালো লাগে।

কিন্তু অনেক সময় এমন হয়, যখন আয়নায় চেহারা খুব হাসিখুশি দেখায়, কিন্তু সেলফি তোলার সময় মুখের চেহারা অস্বাভাবিক মনে হয়। কখনও মুখের দাগ ফুটে ওঠে, আবার কখনও মুখের বাড়তি মেদ নজরে আসে। সেইসঙ্গে, সেলফি পোজ আমরা যেভাবে নিতে চাই, ঠিক সেভাবে ছবিটা হয় না। এমন পরিস্থিতিতে মেক-আপ সম্পর্কিত কিছু আইডিয়া থাকা জরুরি, যার সাহায্যে আপনি পারফেক্ট সেলফি তুলতে পারবেন।

মনে রাখবেন, ভালো পোশাক, নিখুঁত হেয়ার স্টাইল এবং ‘সেলফি স্পেশাল মেক-আপ’-এ নজরকাড়া ছবি উঠবেই। আপনাদের জন্য রইল সেলফি স্পেশাল মেক-আপ টিপ্‌স।

ত্বকের ধরন অনুযায়ী মেকআপ

আপনার ত্বক যদি ভিতর থেকে সুস্থ ও সতেজ থাকে, তাহলে আপনার মেক-আপও সুন্দর হবে। আসলে কোমল, মসৃণ ও হাইড্রেটেড ত্বকে মেক-আপ ভালো দেখায়। ত্বকের ধরন অনুযায়ী ভালো ক্লিনজার, এক্সফোলিয়েটর ও ময়েশ্চারাইজার কাস্টমাইজ করুন, যাতে সেলফি তোলার আগে হাইলাইটারের প্রয়োজন না হয়।

সঠিক ফাউন্ডেশন

একটা ভালো সেলফি তোলার জন্য, নিখুঁত শেডের একটি নিখুঁত ফাউন্ডেশন দরকার, যা সম্পূর্ণ কভারেজ দেবে আপনার ত্বককে। এর মাধ্যমে সেলফি তোলার সময় আপনার কোনও ধরনের ফিল্টারের প্রয়োজন হবে না। এটি প্রয়োগ করার পরে, আপনার ত্বকের রং সর্বত্র সমান দেখাবে। ফ্ল্যাশ লাইটে সেলফি তুলতে চাইলে সঠিক ফাউন্ডেশন ব্যবহার করুন এবং মুখের রঙের সঙ্গে ম্যাচ করিয়ে ফাউন্ডেশন-এর শেড নির্বাচন করুন।

সঠিক মিশ্রণ

মনে রাখবেন, সেলফি ক্যামেরা মুখের রোমকূপ পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম। অতএব, আপনি যে বেস বা ফাউন্ডেশনই ব্যবহার করুন না কেন, এটি ভালো ভাবে মিশ্রিত হওয়া দরকার। এর জন্য ব্রাশ, আঙুল বা মেক-আপ ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।

ম্যাট বেস মেকআপ

সেলফি তোলার সময় ম্যাট মেক-আপ লুক সবচেয়ে ভালো। কারণ এটি আলাদা ভাবে ত্বককে উজ্জ্বল করে তোলে না। সেলফি তোলার সময় শিমার (হাইলাইটার) ব্যবহার করা একেবারেই উচিত নয়। এটি মুখকে প্রয়োজনের চেয়ে বেশি। চকচকে করে তুলতে পারে। অতএব, একটি ভালো সেলফির জন্য ম্যাট বেস মেক-আপ চয়ন করাই সঠিক বলে মনে করা হয়৷

পারফেক্ট আইফোকাস

সেলফি তোলার সময় ফোকাস থাকে চোখের দিকে। সুন্দর গভীর চোখ আপনার সেলফিকে আকর্ষণীয় করে তোলে। আপনার চোখকে বড়ো দেখাতে কাজল ব্যবহার করুন। আইলাইনার ব্যবহার করার সময়, চকচকে নীল বা সবুজের মতো পপ রং ব্যবহার করুন। শুধু তাই নয়, মনে রাখবেন, আপনার চোখের পাতা যত লম্বা হবে, চোখ তত বড়ো দেখাবে। এর জন্য আপনি মাস্কারা ব্যবহার করুন। সঠিক ভাবে প্রয়োগ করা মাস্কারা আপনার মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। এর সঙ্গে আপনার সেলফিও সুন্দর দেখাবে। চোখের পাতার ভলিউম বাড়াতে, প্রথমে আপনার চোখের পাতাগুলি কার্ল করে নিন, তারপরে দুটি কোট মাস্কারা প্রয়োগ করুন। আরও বেশি ভলিউমের জন্য আপনি দুটির বেশি কোট দিতে পারেন।

ভ্রূপেনসিলের ব্যবহার

ভ্রূ আপনার মুখের সৌন্দর্যকে আরও উন্নত করতে সহায়তা করবে। অতএব, সেলফি তোলার আগে এগুলি একেবারেই উপেক্ষা করা উচিত নয়। আপনার ভ্রূ দুটিকে আকর্ষণীয় করে তুলতে হলে, ভ্রূ পেনসিল ব্যবহার করুন, যাতে সেগুলি পুরু দেখায়। এর ফলে আপনার সেলফি অনেক সুন্দর হয়ে উঠবে।

ন্যাচারাল ক্লাশএর ব্যবহার

প্রাকৃতিক ব্লাশ ব্যবহার করলে সেলফি আরও বেশি সুন্দর হবে। আপনি পিচ পপ ব্লাশ ব্যবহার করতে পারেন। এটি আপনার গালের সঙ্গে চিকবোনস-এও প্রয়োগ করুন। এতে গাল মেদবিহীন দেখাবে এবং সেলফিতে আপনার মুখের সৌন্দর্য আরও দ্বিগুন বেড়ে যাবে।

ঠোঁট বোল্ড রাখুন

সুন্দর হাসি এবং সুন্দর ঠোঁট সবারই পছন্দ। আর তাই বোল্ড ঠোঁট মানে শুধু লাল লিপস্টিক লাগিয়ে ঠোঁট মোটা করে নিলেই হবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি লিপস্টিকের যে শেডটি চয়ন করেছেন, তা আপনার ত্বক এবং পোশাকের রঙের সঙ্গে যেন মিলে যায়। যারা খুব ফরসা, তাদেরই বোল্ড লাল রং মানায়। খুব ফরসা কিংবা গম রঙের জন্য নুড বা বোল্ড পিংক এবং ডাস্কি ত্বকের জন্য পিচ বা মেটালিক রং বিকল্প হিসেবে বেছে নিতে পারেন।

কনট্যুরিং পাউডার

আপনি যদি নিখুঁত সেলফি তুলতে চান, তাহলে ক্যামেরায় ক্লিক করার আগে দেখে নিন আপনার চেহারার বৈশিষ্ট্যগুলি সঠিক ভাবে উঠে আসছে কিনা। যদি তা না হয়, তবে এর জন্য কনট্যুরিং ব্যবহার করুন। আপনার গাল, নাকের পাশে এবং চোয়ালের উপর কনট্যুর পাউডার প্রয়োগ করুন। এর মাধ্যমে ছবিতে আপনার ফিচারগুলো অনেকটাই উঠে আসবে।

প্যাস্টেল শেড এড়িয়ে চলুন

আরও ভালো এবং আকর্ষণীয় সেলফির জন্য, প্যাস্টেল শেডের পরিবর্তে চুনি-লাল এবং সবুজ রং ব্যবহার করুন। কিন্তু ডাল লিপস্টিক, লাইম ইয়েলো রং আপনার লুক-কে সেলফিতে খুব ক্লান্ত দেখাতে পারে। তাই এই ধরনের রং একেবারেই ব্যবহার করবেন না।

ফিল্টার করতে ভুলবেন না

একটি ভালো সেলফির জন্য মেক-আপ যেমন প্রয়োজন, তেমনই একটি পারফেক্ট ফিল্টারও দরকার। ফিল্টারের মাধ্যমে আপনি ত্বকের দাগছোপ এবং বয়সের দাগ দূর করতে সক্ষম হবেন। যে-কোনও দাগও অপসারণ করতে পারবেন। এটি আপনার সেলফিকে যেমন উজ্জ্বলতা দেবে, তেমনই এর সৌন্দর্যও বহুগুন বাড়িয়ে দেবে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...